তিনবার বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখলেও ফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ২০০০, ২০১৭ ও ২০২২ এই তিন আসরে সেমিতে পা রাখে তারা। কিন্তু এবারই প্রথম ফাইনালে পা রাখতে সক্ষম হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) গুয়াহাটিতে সেমিফাইনালে ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে প্রোটিয়া নারী দল। সেমিতে ১৬৯ রানের দানবীয় ইনিংস খেলেন অধিনায়ক লরা উলভার্টদ।
মাত্র ১৪৩ বলে ২০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৬৯ রানের অনবদ্য ইনিংস খেলেন উলভার্ট। তিনি ছাড়া আর কেউ বড় ইনিংস গড়তে পারেননি—তাজমিন ব্রিটস করেন ৪৫, মারিজান ক্যাপ ৪২ এবং শেষদিকে ক্লো টাইরন ২৬ বলে অপরাজিত ৩৩ রান যোগ করেন। ইংল্যান্ডের পক্ষে সফি একলেস্টন সবচেয়ে সফল বোলার, ৪৪ রান খরচায় নেন ৪টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড—মাত্র ১ রানেই হারায় প্রথম তিন উইকেট। এরপর অধিনায়ক ন্যাট স্কাইভার-ব্রান্ট ৬৪, এলিস কাপসে ৫০ এবং ড্যানি ওয়াট ৩৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও দলটি দুইশর ঘর ছুঁতে পারেনি।
শেষ পর্যন্ত ৪২.৩ ওভারে ১৯৪ রানে অলআউট হয় ইংল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার হয়ে মারিজান ক্যাপ দারুণ বোলিং করে ২০ রানের বিনিময়ে একাই তুলে নেন ৫টি উইকেট।
নিলয়/










