বিপিএলের শিরোপার লড়াইয়ে টস জিতে রাজশাহী ওয়ারিয়র্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে চট্টগ্রাম রয়্যালস। শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়িয়েছে সন্ধ্যা ৬টায়।
ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহ বেশ তুঙ্গে। টসের আগেই মিরপুরের গ্যালারি প্রায় পূর্ণ দেখা গেছে।
রাজশাহী ও চট্টগ্রাম এবারের আসরের সবচেয়ে সফল ও যোগ্য দল হিসেবেই ফাইনালের টিকেট কেটেছে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল এই দুই দল। ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্লে অফে উঠে রাজশাহী। সমানসংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফের টিকিট পায় চট্টগ্রাম।
প্লে-অফে প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম। ঐ ম্যাচে ৬ উইকেটের জয়ে ফাইনালে নাম লেখায় চট্টগ্রাম। অন্যদিকে প্রথম কোয়ালিফাইয়ারে হেরে গেলেও ফাইনাল খেলার সুযোগ ছিল রাজশাহীর। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা।
লিগ পর্বে দুবার দেখা হয়েছে রাজশাহী ও চট্টগ্রামের। প্রথম দেখায় ২ উইকেটের জয় পায় চট্টগ্রাম। ফিরতি লেগে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী। লিগ পর্ব ও কোয়ালিফাইয়ার মিলিয়ে রাজশাহীর বিপক্ষে তিনবারের দেখায় দুবার জয় পেয়েছে চট্টগ্রাম। ফলে রাজশাহীর বিপক্ষে এগিয়ে থেকেই ফাইনালে খেলতে নেমেছে চট্টগ্রাম।
একাদশ
চট্টগ্রাম রয়্যালস: মির্জা তাহির বেগ, মোহাম্মদ নাঈম, মাহমুদুল হাসান, হাসান নাওয়াজ, আসিফ আলী, মেহেদী হাসান (অধিনায়ক), আমির জামাল, তানভীর ইসলাম, জাহিদুজ্জামান (উইকেটরক্ষক), মুকিদুল ইসলাম ও শরীফুল ইসলাম।
রাজশাহী ওয়ারিয়র্স: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান, কেন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহরব হাসান, জিমি নিশাম, আব্দুল গাফফার, তানজিম হাসান, হাসান মুরাদ ও বিনুরা ফার্নান্দো।










