মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব এবার পড়তে পারে ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। যুদ্ধের কারণে আন্তর্জাতিক ভ্রমণে বড় ধরনের বিঘ্ন ঘটায় বিদেশি ক্রিকেটারদের সময়মতো ভারতে পৌঁছানো নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সম্প্রতি আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর বেশ কয়েকটি দলের যাত্রাপথও এলোমেলো হয়ে যায়। গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব দুবাই ও দোহার আকাশসীমা আংশিক বন্ধ থাকায় ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার ভ্রমণ পরিকল্পনা বড় ধরনের সমস্যায় পড়ে। পরে পরিস্থিতি শান্ত করতে ব্যাখ্যা দিতে হয় আইসিসিকে।
এরই মধ্যে ভারতীয় বোর্ড অব কন্ট্রোল (বিসিসিআই) বুধবার ২০২৬ আইপিএলের প্রথম ২০ ম্যাচের সূচি ঘোষণা করেছে। তামিল নাড়ু, আসাম ও ওয়েস্ট বেঙ্গলে নির্বাচনের তারিখ ঘোষণার পর পূর্ণ সূচি প্রকাশ করা হবে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নির্বাচনের পাশাপাশি পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিও বিসিসিআই কর্মকর্তাদের ভাবনার বড় কারণ। যুদ্ধের কারণে দোহা ও দুবাইয়ের মতো বড় বিমানবন্দরের কার্যক্রম সীমিত হয়ে পড়েছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক ফ্লাইটে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পরেও দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন ক্রিকেটার এখনও নিজ দেশে ফিরতে পারেননি।
একজন দলীয় কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের যাত্রায় বড় দেরি হয়েছে। তাদের সময়মতো ভারতে ফেরানো কঠিন কাজ হবে। পাশাপাশি পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে বিমান ভাড়াও অনেক বেড়ে গেছে।’
এদিকে যুদ্ধের প্রভাবে ভারতে কিছু হোটেলে রান্নার গ্যাসের সংকটও দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার কেন্দ্রীয় সরকার বিশেষ প্রক্রিয়ায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছে। তবে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথ জানিয়েছেন, তার দলের বিদেশি ক্রিকেটাররা সময়মতোই যোগ দেবেন বলে আশা করছেন।
তিনি বলেন, ‘আমরা আশা করছি আকিল হোসেন ও ডেওয়াল্ড ব্রেভিস আইপিএলের প্রথম ম্যাচের আগেই দলে যোগ দেবে।’
অনিক/