সালমান আলী আঘাকে মেহেদি হাসান মিরাজের রান আউটের ঘটনাটি আবারও ক্রিকেটের আইন ও খেলাটির ‘স্পিরিট’ নিয়ে পুরোনো বিতর্ককে সামনে নিয়ে এসেছে। তবে লিটন দাস বললেন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি।’ তার মতে, বিতর্কিত রান আউটটি ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী ছিল না।
মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৬২ বলে ৬৪ রানে ব্যাট করছিলেন সালমান। যখন মোহাম্মদ রিজওয়ান বলটি মিরাজের দিকে ঠেলে দেন, তখন নন-স্ট্রাইকার প্রান্তে ক্রিজ ছেড়ে সামনে এগিয়ে ছিলেন সালমান। মিরাজ বলটি তুলতে এগিয়ে গেলে সালমান তখনও ক্রিজের বাইরে ছিলেন এবং মনে হচ্ছিল তিনি বলটি ফেরত দিতে প্রস্তুত। কিন্তু বাংলাদেশের এই অলরাউন্ডার আগে বলটি তুলে নিয়ে স্টাম্প ভেঙে দেন।
এই আউটের পর মাঠে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। সালমান বাংলাদেশের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান, যার মধ্যে মিরাজও ছিলেন। ড্রেসিংরুমে ফেরার সময়ও সালমানকে কিছু বলতে দেখা যায়, আর লিটনকে তার দিকে এগিয়ে যেতে দেখা গেলেও রিজওয়ান তাকে থামিয়ে দেন। তবে লিটন দাবি নাকচ করে দেন যে বাংলাদেশ খেলাটির স্পিরিটের বিরুদ্ধে কিছু করেছে।
গতকাল (১৩ মার্চ) ম্যাচ শেষে লিটন বলেন, ‘প্রথমত, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। এটা একটি আন্তর্জাতিক ম্যাচ… আইনের দিক থেকে যেহেতু এটা আউট, তাই আমি কোনো দিক থেকেই দেখি না যে এতে স্পোর্টসম্যানশিপ ক্ষতিগ্রস্ত হয়েছে বা এমন কিছু হয়েছে। অবশ্যই সবার ব্যক্তিগত মতামত থাকতে পারে। আমাদের কাছে এটা আউট মনে হয়েছে… তাই এটা আউট।’
অনিক/










