ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের তারকাবহুল পারফরমার তালিকা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো- এই তিন স্বাগতিক দেশে বিশ্বখ্যাত সংগীতশিল্পীরা অংশ নেবেন জমকালো উদ্বোধনী আয়োজনে।
এবারের বিশ্বকাপে প্রতিটি স্বাগতিক দেশের প্রথম ম্যাচের আগে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। ফলে টুর্নামেন্টের সূচনা পরিণত হবে এক বিশাল বৈশ্বিক বিনোদন উৎসবে। জিয়ান্নি ইনফ্যান্তিনো জানিয়েছেন, প্রতিটি অনুষ্ঠান স্বাগতিক দেশের নিজস্ব সংস্কৃতি ও পরিচয় তুলে ধরবে, পাশাপাশি ফুটবলের বৈশ্বিক ঐক্যের বার্তাও বহন করবে।
এক বিবৃতিতে ফিফা সভাপতি বলেন, ‘মেক্সিকো সিটি থেকে শুরু করে টরন্টো ও লস অ্যাঞ্জেলেস পর্যন্ত এই আয়োজন সংগীত, সংস্কৃতি ও ফুটবলকে এক সুতোয় গাঁথবে, যা প্রতিটি দেশের স্বাতন্ত্র্য এবং এই টুর্নামেন্টের ঐক্যকে প্রতিফলিত করবে।’
যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হবেন কেটি পেরি। ১২ জুন ক্যালিফোর্নিয়ায় সোফি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচের আগে তিনি পারফর্ম করবেন। ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করে কেটি লিখেছেন, ‘আমি দারুণ উচ্ছ্বসিত, কারণ ১২ জুন লস অ্যাঞ্জেলেসে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছি! আরও তথ্যের জন্য অপেক্ষায় থাকুন।’
প্রথম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১১ জুন মেক্সিকো সিটির এস্তাদিও আজটেকার, মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে। কানাডার টরন্টোতে বিএমও ফিল্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবেন কানাডিয়ান ও আন্তর্জাতিক তারকারা।
এদিকে প্রায় এক দশক পর আবারও বিশ্বকাপ মঞ্চে ফিরছেন সাকিরা। তার জনপ্রিয় গান ওয়াকা ওয়াকা ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় বিশ্বকাপ সংগীতে পরিণত হয়েছিল। সম্প্রতি শাকিরা নতুন বিশ্বকাপ গান দাই দাইয়ের ঘোষণা দিয়েছেন। ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম থেকে গানটির টিজার প্রকাশ করেন তিনি এবং জানান, পুরো গানটি মুক্তি পাবে ১৪ মে।
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ২০২৬ বিশ্বকাপ। এটিই হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। তিন স্বাগতিক দেশে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকো সিটিতে এবং ফাইনাল নিউজার্সিতে।
অনিক/










