যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। বিমানটি একটি বাণিজ্যিক ভবনে বিধ্বস্ত হয়। গত বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) এএফপির খবরে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ফুলারটন পৌর বিমানবন্দরের কাছে বিকেলে এই দুর্ঘটনা ঘটে। তবে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।
ফুলারটন পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, দুর্ঘটনায় দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ঘটনাস্থলে আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা স্থানীয় ‘কেটিএলএ’ স্টেশনকে জানিয়েছেন, তদন্তকারীরা এখনো নিহত দুজন বিমানের যাত্রী নাকি ভবনের শ্রমিক ছিলেন, তা নিশ্চিত করতে পারেননি।
টেলিভিশনের ভিডিও ফুটেজে ভবনের ছাদে গর্ত এবং আগুনের ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী জেরোমি ক্রুজ নামের এক শ্রমিক সিবিএস নিউজকে জানিয়েছেন, ‘আমরা সবাই প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছি। পরে দেখি ভবনের ছাদে বিমান বিধ্বস্ত হয়েছে। এরপর আমরা সবাই ভবন থেকে বেরিয়ে আসতে শুরু করি।’
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, একক ইঞ্জিনবিশিষ্ট ভ্যানস আরভি-১০ বিমানটিতে আসন সংখ্যা ছিল ৪টি। ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন দুর্ঘটনার তদন্ত করছে। সূত্র: এএফপি।