যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে খুব দ্রুত বাণিজ্য চুক্তি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সঙ্গে বৈঠকের পর ওই মন্তব্য করেন তিনি।
ট্রাম্প জানান, আসল বাণিজ্য চুক্তির কথা ভেবেছেন তিনি। ওই চুক্তির বদৌলতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের শুল্কর হাত থেকে রেহাই পাবে। বিবিসির প্রতিবেদন বলছে, ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে সন্তুষ্ট দেখা গেছে ডাউনিং স্ট্রিট টিমকে। জ্যেষ্ঠ কর্মকর্তাদের অনেকেই ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে পেরেছেন।
ট্রাম্প যে চুক্তির কথা বলেছেন, সেটির পরিসর আপাতত ততটা বড় হবে না। শুরুতে সেটির পরিসর শুধু প্রযুক্তি খাতের মধ্যেই থাকবে। ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়েও কথা বলেছে স্টারমার। তিনি জানিয়েছেন যে, শুধু লড়াই থামালেই হবে না, শান্তি প্রতিষ্ঠা করতে হবে সেখানে।
যুক্তরাষ্ট্র ইউক্রেনে সেনা পাঠানোর পক্ষে যে না, সে বিষয়টি মেনে নিয়েছে যুক্তরাজ্য। তবে তারা অনুরোধ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে যাতে আকাশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে। এতে করে ব্রিটিশ ও অন্যান্য ইউরোপীয় দেশের শান্তিরক্ষী মোতায়েন করা হলে, তারা বিমান বা ড্রোন হামলার শিকার হবেন না।
আগামীকাল রবিবার যুক্তরাজ্যের লন্ডনে এক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ইউক্রেনের সুরক্ষা নিশ্চয়তা নিয়ে আলাপ করা হবে বলে জানিয়েছে বিবিসি।
ব্রিটিশ রাজনীতিবিষয়ক পরামর্শদাতা ও জরিপকারী ফ্র্যাঙ্ক লান্টজ বলেছেন, প্রধানমন্ত্রী কেইর স্টারমার নিজের সফরে যে শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে পেরেছেন তা নয়, তিনি যুক্তরাজ্যকে আসন্ন বাণিজ্য যুদ্ধের হাত থেকেও রক্ষা করেছেন। তবে স্টারমার যা যা চেয়েছিলেন, তার সব পাননি। তার পরও গোটা বিষয়কে ইতিবাচক ও সফলতা হিসেবেই দেখছেন লান্টজ। সূত্র: বিবিসি