যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি মেয়র পদে রাজনৈতিক ভূমিকম্প ঘটিয়েছেন ৩৩ বছর বয়সি প্রগতিশীল ডেমোক্রেট নেতা জোহরান মামদানি। শহরের ভয়াবহ ব্যয়সঙ্কটের মধ্যে প্রগতিশীল পরিবর্তনের দাবিকে পুঁজি করে তিনি এক বিস্ময়কর জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।
ডেমোক্রেটিক ভোটাররা দলটির অতীতের এক কলঙ্কিত আইকন, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে প্রত্যাখ্যান করেছেন। এর বদলে তারা সমর্থন জানিয়েছেন ৩৩ বছর বয়সী এই ডেমোক্রেটিক সমাজতন্ত্রীকে, যিনি তরুণ ভোটার ও প্রগতিশীলদের প্রাণিত করেছেন এমন এক প্রচারাভিযানের মাধ্যমে, যা সম্ভবত ডেমোক্রেটিক রাজনীতির এক নতুন কৌশলের প্রাথমিক খসড়া হয়ে ওঠতে পারে।
মঙ্গলবার (২৪ জুন) রাতে বিজয়োৎসবের ভাষণে মামদানি বলেন, ‘আমি এমন একটি শহরের জন্য লড়াই করব, যা আপনার জন্য কার্যকর, আপনার জন্য সাশ্রয়ী, এবং আপনার জন্য নিরাপদ।’
তিনি আরও বলেন, ‘আমরা হতে পারি মুক্ত এবং আমরা পেতে পারি খাদ্য। আমরা আমাদের প্রাপ্য অধিকার দাবি করতে পারি।’
প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো পরাজয় স্বীকার করে তাকে ফোনে অভিনন্দন জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, চার বছর আগে যৌন হয়রানির অভিযোগে গভর্নর পদ থেকে পদত্যাগ করা কুওমো রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টা করছিলেন। কিন্তু মমদানির প্রবল উত্থানে সেই প্রত্যাবর্তনের পথে কার্যত প্রাচীর হয়ে দাঁড়ায়।
চূড়ান্ত ফলাফল জুলাই ১-এর আগে জানা যাবে না, যেদিন নিউইয়র্ক সিটি প্রথম দফার র্যাঙ্কড-চয়েস ভোটের ফল প্রকাশ করবে।
অমিয়/