সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের অন্তত পাঁচটি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে। তাদের হাতে আসা স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে এমন দাবি করেছে পত্রিকাটি।
তবে এসব হামলার ঘটনা ইসরায়েল সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। ইসরায়েলি সামরিক বাহিনীর কড়া বিধিনিষেধের কারণে দেশটির কোনো সংবাদমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করতে পারেনি। ইরান ও ইসরায়েলের মধ্যকার ১২ দিনের এই যুদ্ধে উভয় পক্ষই চূড়ান্ত বিজয় দাবি করে আসছে।
যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক রাডারের চিত্রগুলো বিশ্লেষণ করে দেখেছেন। তারাই বিষয়টি টেলিগ্রাফকে জানান। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর, দক্ষিণ এবং মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় পাঁচটি সামরিক স্থাপনায় ইরানের ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যে হামলাগুলোর তথ্য এর আগে প্রকাশ্যে আসেনি। এর মধ্যে একটি বড় বিমানঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি রয়েছে।
লজিস্টিক ঘাঁটি বলতে এমন একটি সামরিক ঘাঁটি বা কেন্দ্রকে বোঝানো হয়, যেখানে যুদ্ধ বা সামরিক অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, রসদ, জ্বালানি, অস্ত্র, যানবাহন ও অন্যান্য সহায়ক উপকরণ মজুত, সংরক্ষণ ও বিতরণ করা হয়।
গত শুক্রবার দ্য টেলিগ্রাফের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ক্ষেপণাস্ত্র বাধার হার বা তাদের ঘাঁটির ক্ষতি সম্পর্কে কোনো মন্তব্য করবে না।
আইডিএফের একজন মুখপাত্র বলেন, ‘আমরা যা বলতে পারি তা হলো, সব প্রাসঙ্গিক ইউনিট পুরো অভিযান কার্যকরী ধারাবাহিকতা বজায় রেখেছে। তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ।