মার্কিন বিমান বাহিনী প্রশিক্ষণে নির্ভুল ক্ষেপণাস্ত্র পরীক্ষার লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করার জন্য দুটি টেসলা সাইবার ট্রাক সংগ্রহে রাখতে চাইছে।
সম্প্রতি অনলাইনে পোস্ট করা এ সম্পর্কিত চুক্তির নথিতে বলা হয়, এয়ার ফোর্স টেস্ট সেন্টার (AFTC) এবার টেসলার সাইবার ট্রাক সংগ্রহে রাখতে চাইছে। সেগুলোকে নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস মিসাইল রেঞ্জ (WSMR) –এ টার্গেট প্র্যাকটিসে ব্যবহার করার কাজে সরবরাহ করা হবে।
সাইবার ট্রাক ছাড়াও মার্কিন বিমানবাহিনী আরো ৩৩টি বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তু যান কেনার পরিকল্পনা করেছে। এসবের মধ্যে রয়েছে সেডান, পিকআপ, এসইউভি ও বংগো ট্রাক। তবে তালিকায় একমাত্র সাইবার ট্রাকই নির্দিষ্ট ব্র্যান্ড টেসলার গাড়ি।
মার্কিন স্পেশাল অপারেশন কমান্ডের (SOCOM) স্ট্যান্ড অফ প্রিসিশন গাইডেড মুনিশন (SOPGM) প্রোগ্রাম এবং এ সম্পর্কিত প্রশিক্ষণের কাজে এসব লক্ষ্যবস্তু যান ব্যবহারের করা হয়।
এসব যানগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে AGM-114 হেলফায়ারের একাধিক ভার্সনের মিসাইল , AGM-176 গ্রিফিন মিসাইল, GBU-69/B স্মল গ্লাইড মুনিশন (SGM), এবং GBU-39B/B লেজার স্মল ডিয়ামার বোমা (LSDB) নিক্ষেপ করে পরীক্ষা চালানো হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ওয়ার জোন’ জানায়, বিমানবাহিনী ‘টার্গেট ভেহিকল ট্রেনিং ফ্লাইট টেস্ট ইভেন্টস’–এর জন্য দুটি সাইবার ট্রাক কেনার পরিকল্পনা করেছে। ভবিষ্যতে শত্রু বাহিনী সামরিক কাজে সাইবার ট্রাক ব্যবহার করতে পারে তাই আগে থেকে এই যান ধ্বংস করার কৌশল ও সক্ষমতা যাচাই করা প্রয়োজন।
চুক্তির নথিতে আরো বলা হয়, যুদ্ধক্ষেত্রে এমন পরিস্থিতি আসতে পারে যখন শত্রুপক্ষ সাইবার ট্রাকের মতো যান ব্যবহার করবে। ফলে বড় ধরনের আঘাতেও প্রত্যাশিত ক্ষতি নাও হতে পারে। তাই এ ধরনের পরিস্থিতি সম্পর্কে পূর্বধারণা রাখার জন্য প্রশিক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।
টেসলার সাইবার ট্রাক নিয়ে দীর্ঘদিন ধরে ইলন মাস্ক দাবি করে আসছেন, স্টেইনলেস স্টিলের বডি এবং বুলেটপ্রুফ জানালার কারণে এটি এমন এক অনন্য শক্তিশালী গাড়ি—যেন ভবিষ্যতের সাঁজোয়া যান। মিসাইল ও বিভিন্ন ধ্বংসাত্বক অস্ত্রের আঘাতে এই বৈদ্যুতিক পিকআপ আসলেই কতটা টিকে থাকতে পারে, তা এবার পরীক্ষা করা হবে।
দ্য ওয়ার জোন জানায়, ক্রয়ের আবেদনে সাইবার ট্রাকের কিছু বিশেষ বৈশিষ্ট্যের কথাও উল্লেখ করা হয়েছে। যেমন—স্টেইনলেস স্টিল এক্সোস্কেলেটন ও ৪৮ ভোল্ট বৈদ্যুতিক স্থাপত্য।
২০১৯ সালে সান ফ্রান্সিসকোতে একটি এয়ারফোর্স ইভেন্টে ইলন মাস্ক নিজেও সাইবার ট্রাকের সামরিক সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২৫ সালের ক্রয় পরিকল্পনায় ৪০০ মিলিয়ন ডলারের সাঁজোয়া টেসলা কেনার প্রস্তাবও দিয়েছিল। এমনকি কূটনীতিকদের সাঁজোয়া যান হিসেবে টেসলার সাইবার ট্রাক ব্যবহারের কথাও শোনা গিয়েছিল।
তবে, বাজারে সাইবার ট্রাকের জনপ্রিয়তা সম্প্রতি কমেছে। মাস্কের পূর্বাভাস ছিল, বছরে এটি পাঁচ লাখেরও বেশি ইউনিট বিক্রি হবে। কিন্তু গত বছর বিক্রি হয়েছে ৫০ হাজারেরও কম। ব্র্যান্ড ইমেজ সংকটের কারণে বিক্রি আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সুলতানা দিনা/