ভারতের রাজনীতিতে বিরোধী শিবিরের সবচেয়ে বড় মুখ রাহুল গান্ধী। বর্তমানে তিনি বিহারজুড়ে ‘ভোটার অধিকার যাত্রা’ কর্মসূচি করছেন। রবিবার (২৪ আগস্ট) পূর্ণিয়ায় ঘটে গেল এমন এক ঘটনা, যা তার নিরাপত্তা ঘিরে গভীর প্রশ্ন তুলেছে। এই কর্মসূচিতে মোটরসাইকেল র্যালি করার সময় ভিড়ের মধ্যে অজ্ঞাতপরিচয় যুবক রাহুলকে জড়িয়ে ধরে কাঁধে চুমু খায়। যদিও পরে নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে দেন। ঘটনার আকস্মিকতায় প্রথমে স্তব্ধ হয়ে পড়েন রাহুল। সমর্থকদের একজন সপাটে চড়ও দেন।
এই ঘটনার কয়েক সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এর পর রাহুল পার্শ্ববর্তী আরারিয়া জেলায় রওনা হন, যা ছিল তার দিনের শেষ গন্তব্য।
যাত্রার সময় রাহুল শত শত বাইকআরোহীর সঙ্গে ছিলেন। তাদের মধ্যে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদবও ছিলেন।
লোকসভার বিরোধী দলনেতাকে একটি ক্লোজ প্রোটেকশন টিম (সিপিটি) এসকর্ট করে নিয়ে যাচ্ছিল। পূর্ণিয়ার পুলিশ সুপার সুইটি শেহরাওয়াত পিটিআইকে জানান, কর্মীরা পরিস্থিতি সামাল দিয়েছেন। সিপিটি যদি আরও কোনো উদ্বেগ প্রকাশ করে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কংগ্রেসের অভিযোগ, বিরোধী দলের শীর্ষ নেতার চারপাশে নিরাপত্তাবলয় থাকা সত্ত্বেও কীভাবে এমন ফাঁক রয়ে গেল, সেটাই বড় প্রশ্ন। ঘটনাটি যদি অন্য কোনো উদ্দেশ্যে ঘটতো, তাহলে ভয়াবহ পরিণতিও হতে পারতো।
অমিয়/