ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গতকাল বুধবার এক মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, যদি কোনো ইউরোপীয় দেশ এবং মিত্রের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়, তবে তার পরবর্তী প্রভাব হবে অভূতপূর্ব। আর্কটিক অঞ্চলের অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।
ফরাসি সরকারের মুখপাত্র মড ব্রেজন ম্যাক্রোঁর উক্তি উদ্ধৃত করে বলেন, ‘‘গ্রিনল্যান্ড নিয়ে দেওয়া বক্তব্যগুলোকে আমরা ছোট করে দেখছি না।’’
ম্যাক্রোঁ আরও যোগ করেন, ‘‘যদি কোনো ইউরোপীয় দেশ এবং মিত্রের সার্বভৌমত্ব কোনোভাবে আক্রান্ত হয়, তবে তার ফলাফল হবে নজিরবিহীন। ফ্রান্স পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ডেনমার্কের সার্বভৌমত্বের প্রশ্নে তাদের পাশে থেকে পূর্ণ সংহতি বজায় রাখবে।’’
এর আগে ওই দিনই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বলেছিলেন যে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে গ্রিনল্যান্ডের সম্পর্ক অত্যন্ত মজবুত এবং গ্রিনল্যান্ডের বাসিন্দারা ইইউ-র সমর্থনের ওপর আস্থা রাখতে পারে।
ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েক সপ্তাহের হুমকির পর, বুধবার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাত করবেন। সূত্র: রয়টার্স
মাহফুজ/