ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
এনএসইউ ট্রাস্টি বেনজীর আহমেদ ফের সাউথ এশিয়া রিজিওনাল কাউন্সিলের কোষাধ্যক্ষ সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু খুলনায় মসজিদে ঢুকে ২ মুসল্লিকে গুলি কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু ঈশ্বরদীতে ব্রাজিল-মরক্কো খেলা দিয়ে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শুরু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে প্রাণ গেল আরও ১ শিশুর ইনজুরি নিয়ে শঙ্কিত নয় মরক্কো বেনাপোল বন্দরে ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত এনড্রিককে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন আনচেলত্তি আরাগচির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওসি প্রত্যাহার মতলবে ৬৪ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ, নিরাপত্তাহীনতায় লাখো মানুষ জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান কেনেডি সেন্টার থেকে অপসারণ করা হলো ট্রাম্পের নাম ক্রিকেটার নাঈমকে হেনস্থায় প্রত্যাহার খুলশী থানার ওসি আরিফুল যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: সময় নিয়ে দ্বিমত তেহরানের ২৫ মে থেকে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোহেল-স্বপ্নার আপিল আজ ইন্টারন্যাশনাল বাথ ডে রবিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ চট্টগ্রামে পারিবারিক বিরোধের জেরে মা-মেয়েকে হত্যা মুন্সীগঞ্জে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা শেষ হলো ‘রুচি বিউটিগ্রাম সিজন সেভেন’ টিভিতে আজকের খেলা হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘টেস্ট অফ ল্যাটিন’– সুস্বাদু খাবার আর ফিফা বিশ্বকাপের দারুণ এক উৎসব
Nagad desktop

পাখি আমাদের সম্পদ কেওড়াগাছে বাবুইয়ের বাসা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১০:৩৩ এএম
কেওড়াগাছে বাবুইয়ের বাসা
সুন্দরবনের ডিমের চর এলাকায় কেওড়াগাছে ঝুলছে বাবুই পাখির কলোনি বাসা। ছবি: লেখক

চিত্রশিল্পী ফরিদী নুমানের উদ্যোগে গত ২৫ সেপ্টেম্বর বিকেলে ১০ জনের একটি টিম সুন্দরবনের উদ্দেশে রওনা হলাম। উদ্দেশ্য শরতে সুন্দরবনের প্রকৃতি দেখা।
 
রাত ১০টায় খুলনার জেলখানা ঘাট থেকে আমাদের নিয়ে ছোট্ট একটি লঞ্চ ছাড়ল। লঞ্চটির নাম গাংচিল। পথে ঢাংমারি ঘাট থেকে লঞ্চে একজন ফরেস্ট গার্ড উঠলেন। পরের দিন দুপুরে সুন্দরবনের নলিয়ান রেঞ্জের বাঘের রাজ্য হিসেবে পরিচিত শেখেরটেক পৌঁছলাম। যদিও শেখেরটেকে বাঘের আনাগোনা বেশি, কিন্তু এবারের যাত্রায় শুধু বাঘ মামার পায়ের ছাপেই সন্তুষ্ট থাকতে হলো। তবে বিরল বড় গেছো প্যাঁচা (Brown Wood Owl) ও বাদাবন শীসমার (Mangrove Whistler) পাখি দেখলাম।

রাতটা ওখানে কাটিয়ে পরের দিন সকালে আন্দারমানিক ও পক্ষীর খাল ঘুরে রাতে সুন্দরবনের কটকা এলাকায় এলাম। ২৮ সেপ্টেম্বর সকালে কটকার জামতলী খাল, সাপের খাল, কটকা টাওয়ার, জামতলী ও কটকা অফিসসংলগ্ন বাদাবনে ঘোরাফেরা করলাম। এরপর ছুটা বা ছিটে কটকা খাল হয়ে ডিমের চরের চলে এলাম। ছিটে কটকা খাল একসময় মহাবিপন্ন হাঁসপাখির (Masked Finfoot) বিচরণক্ষেত্র ছিল। তবে খাদ্য ও নিরাপত্তার অভাবে ওরা এখান থেকে সরে গেছে। সর্বশেষ ২০১৮-তে এই খালে ওদের তিনটির দেখা পেয়েছিলাম।
 
ডিমের চরের আবহাওয়া চমৎকার। রোদেলা দুপুর। তবে আকাশে কিছুটা মেঘ জমেছে। তা ছাড়া বাতাসের বেগও কিছুটা বেশি। নদী-খালে স্রোতও খানিকটা বেশি। খালে ঘুরে ঘুরে পাখি-প্রাণী দেখার জন্য লঞ্চ থেকে লাইফ জ্যাকেট পরে মোটরবোটে উঠলাম। খাল ও নদীর মোহনায় প্রচুর জেলেনৌকা। সবাই ইলিশ ধরায় ব্যস্ত। জেলেনৌকার বহর পার হয়ে খানিকটা সামনে এগোতেই শত শত চড়ুই আকারের পাখির ওড়াউড়ি করতে দেখলাম। খালের আশপাশে বড় বড় কেওড়া ও আর খালপাড়ে ছোট ছোট গেওয়াগাছ রয়েছে। কেওড়াগাছগুলোতে ঝুলছে নিপুণ স্থপতির ঠোঁটের বোনা বিভিন্ন আকৃতির বাসা। বাসাগুলো উল্টো করে ধরা বোতলের মতো দেখাচ্ছে। কিছু বাসা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। কিছু তৈরির মাঝপথে রয়েছে। আর কিছু বাসা পরিত্যক্ত। মৃদু বাতাসে বাসাগুলো দুলছে। এই দৃশ্য দেখতে বেশ লাগছে! বাসা দেখেই বোঝা গেল এগুলোর স্থপতি কারা? বাসা থেকে দলে দলে এসে পাখিগুলো খালপাড়ের ছোট ছোট গেওয়াগাছে বসে কিচিরমিচির করছে।
 
যদিও সুন্দরবনের পাখির তালিকায় এই পাখির নাম রয়েছে, কিন্তু গত ৩১ বছরে সুন্দরবনের কোথাও ওদের দেখিনি। বোট থামিয়ে যেই না পাখি ও বাসার ছবি তোলা শুরু করেছি, অমনি বৃষ্টি নামল। এত সুন্দর রোদের মধ্যেও বৃষ্টি। ক্যামেরা গুছিয়ে দ্রুত বোটটি কেওড়াগাছের আচ্ছাদনযুক্ত স্থানে ভেড়ানো হলো। তবে ক্যামেরা রক্ষা করতে পারলেও আমরা পুরোপুরি ভিজে গেলাম। বৃষ্টি কিছুটা কমতেই বোট ঘুরিয়ে লঞ্চে চলে এলাম। আকাশে প্রচুর মেঘ। আরও বৃষ্টি হলো।
 
দুপুরের খাবার শেষে রোদ উঠল। আবারও খালে ঢুকলাম। এবারও বৃষ্টি এল, তবে আগের মতো নয়। কাজেই দ্রুত পাখিগুলোর ছবি তুলে গঙ্গা তিতাই বা বিলচোরা (Great Thick Knee) পাখির খোঁজে ডিমের চরে নামলাম। 

সুন্দরবনের কেওড়াগাছের বাসার মালিকগুলো আর কেউ নয়, এ দেশের বহুল দৃশ্যমান আবাসিক পাখি বাবুই। এরা বাউই, বাইল বা বাইল্লা নামেও পরিচিত। এ দেশে প্রাপ্ত তিন প্রজাতির বাবুইয়ের মধ্যে এদের সংখ্যায়ই বেশি। এই পাখির ইংরেজি নাম Weaver ev Baya Weaver। প্লোসেইডি (Ploceidae) গোত্রের এই পাখির বৈজ্ঞানিক নাম Ploceus philippinus (প্লোসিয়াস ফিলিপিনাস)। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় এদের দেখা মেলে।

বাবুই চড়ুই আকারের পাখি। লম্বায় প্রায় ১৫ সেন্টিমিটার, ওজন ১৮ থেকে ২৮ গ্রাম হয়ে থাকে। দেহের উপরিভাগ বাদামি, আর তাতে অসংখ্য কালচে বাদামি দাগ রয়েছে। গলা, বুক ও পেট হলুদাভ বাদামি। প্রজনন মৌসুম ছাড়া অন্য সময় স্ত্রী-পুরুষ দেখতে একই রকম দেখায়। প্রজনন মৌসুমে পুরুষ পাখি যেন বরবেশ ধারণ করে! এ সময় পুরুষের মাথার চাঁচি ও বুক হলুদ হয়ে যায়, আর গাল হয় কালো। বুকের কিছুটা অংশও হলুদাভ হয়, পিঠে থাকে সোনালি আভা। এই পাখির পা গোলাপি, ঠোঁট কালচে বাদামি।

বাবুই সামাজিক ও দলবদ্ধ পাখি। সারা দেশে এদের দেখা যায়। তবে গ্রাম ও মুক্তাঞ্চলে এদের বেশি দেখা যায়। শস্যদানা, বিচি, পোকমাকড় ওদের প্রধান খাদ্য। দিবাচর পাখিগুলোকে দল বেঁধে তৃণভূমি, পতিত ও চাষযোগ্য জমি, ঝোপঝাড়, এমনকি বাদাবনেও খাদ্য খুঁজতে দেখা যায়। ওরা একসঙ্গে উপনিবেশ বাসা তৈরি করে। ‘সচরাচর চি-চি-চি…’ শব্দে ডাকে। উপনিবেশ বাসায় সামনে ওদের বেশ চেঁচামেচি করতে দেখা যায়।

মার্চ থেকে অক্টোবর প্রজননকাল। এ সময় ধান/ফসলের খেত বা নদী-খালপাড়ের উঁচু গাছ, বিশেষ করে এরা তালগাছে বাসা বানায়। তাল ছাড়া খেজুর, সুপারি, নারিকেল ও বাবলাগাছেও এরা বাসা বানায়। কবি রজনীকান্ত সেনের ‘স্বাধীনতার সুখ’ কবিতায় বাবুই পাখির কুঁড়েঘরের বাসার কথা কে না জানে? এ জীবনে বাবুই পাখি ও তার বাসা কম দেখিনি। তবে কেওড়াগাছে বাসা দেখলাম এই প্রথম।

রুচিসম্মত বাসা বানানো পাখিদের মধ্যে এ দেশে বাবুইয়ের স্থান প্রথম। কারণ তার বাসা বানানোয় রয়েছে নিপুণ শিল্পীর ছাপ। বাসার সূক্ষ্ম বুনন ও মজবুত গাঁথুনি দেখলেই তা বোঝা যায়। বাবুই পাখি এত সূক্ষ্মভাবে মেপে মেপে তালের-খেজুরের-ধানের পাতা ও ঘাস কাটে যে প্রকৌশলীরাও তাদের কাছে হার মানবে। তা ছাড়া প্রকৌশলের কোনো সূত্রটি নেই সেই বাসায়? আছে সঠিক ও পর্যাপ্ত বায়ু চলাচলব্যবস্থা, সুন্দর প্রবেশপথ, দুর্যোগ বা শত্রু থেকে রক্ষার ব্যবস্থা, একাধিক কুঠুরি, ডিমের ঝুড়ি। বাসার নিচের কুঠুরিতে একটু কাদামাটি বা গোবর দিয়ে রাখে, যাতে বাসাটি কিছুটা ভারী হয় ও ঝড়-বাতাসে উল্টে না যায়। এত বুদ্ধি খাটিয়ে, পরিকল্পনা করে সুনিপুণভাবে বাসা বানায় বলেই তো ওরা পাখিদের স্থপতি।
 
প্রজনন ঋতুতে পুরুষপাখিরা কচি তাল-খেজুর-ধান-ঘাস পাতার শিরার এক পাশে ঠোঁট চালায়। এরপর ওড়ার জন্য খুব জোরে ডানা ঝাপটায়। এতে গতি পাওয়ার সঙ্গে সঙ্গে পাতার একাংশ ঠোঁটের সঙ্গে কেটে যায়। দুই-তিন ফুট লম্বা পত্রফলক ঠোঁটে চেপে এই পাখি যখন পত পত করে ওড়ে, তখন দেখতে চমৎকার লাগে। এরপর পছন্দের গাছের সরু ডালে বা পত্রধারে সেটা প্যাঁচায়, গিঁট দেয় ও বাসা বুনতে শুরু করে। সুচালো ঠোঁটের সাহায্যে পাতা ফুটো করে সেলাইয়ের মতো ফোঁড়ের পর ফোঁড় দিয়ে বাসা বোনে। লম্বা টুপি আকারের বাসার অর্ধেকটা তৈরি হয়ে গেলেই উপনিবেশে ঝাঁকে ঝাঁকে মেয়েবাবুই পাখি হাজির হয়। তখন বরবেশী পুরুষরা কিচিরমিচর শব্দে প্রেমের গান গেয়ে, ডিগবাজি খেয়ে, বাসা দুলিয়ে প্রেয়সীদের অভ্যর্থনা জানায়।

 জানায় বিয়ের আহ্বান। মেয়েপাখিরা একেকটি বাসায় প্রবেশ করে। পরে খুঁটিয়ে খুঁটিয়ে তা পরখ করে ও টেনেটুনে বুনন পরীক্ষা করে। এরপর এক বাসা থেকে অন্য বাসায় যায়। বাসা পছন্দ হলে সেই বাসার স্থপতিকেই বর হিসেবে বেছে নেয়। এরপর পুরুষ পাখি বাসার বাকি কাজ শেষ করে। বাসা তৈরিতে ৭ থেকে ১০ দিন সময় লাগে।
 
২০১৩ সালের এক রোদেলা সকালে মৌলভীবাজার জেলার ভানুগাছ এলাকার তালগাছে কর্মচঞ্চল স্থপতি পুরুষবাবুইদের বাসা বানাতে দেখেছিলাম। তাল পাতায় ঠোঁট চালিয়ে তালসুতো ছেঁড়া থেকে নিপুণ শিল্পীর মতো বাসা বানানো পর্যন্ত সব কর্মকাণ্ডেরই ছবি তুলেছিলাম। সেবারই প্রথম অর্ধসমাপ্ত বাসার ওপর স্ত্রীবাবুইকে আকৃষ্ট করার জন্য প্রেমিক পুরুষকে নাচতে দেখেছি।
 
বাসা বানানো হয়ে গেলে স্ত্রী তাতে দুই থেকে চারটি সাদা রঙের ডিম পাড়ে। ডিম থেকে ছানা ফুটতে ১২ থেকে ১৫ দিন সময় লাগে। স্ত্রী ডিমে তা দেওয়া শুরু করলেই পুরুষ তাকে ত্যাগ করে আশপাশে আরেকটি বাসা বোনা শুরু করে। আর এভাবে বহুপ্রেমী পুরুষটি মৌসুমে দুই, চার বা ততোধিক স্ত্রী গ্রহণ করতে পারে। আর এভাবেই স্থপতি পাখিটি এ দেশের শহর-বন্দর-গ্রামের সঙ্গে মিলেমিশে থাকে। 

লেখক: পাখি ও বন্যপ্রাণী প্রজনন এবং চিকিৎসা বিশেষজ্ঞ

রমনার বন আসরা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:২৯ এএম
রমনার বন আসরা
রমনা উদ্যানে সম্প্রতি ফুটেছে বন আসরা ফুল। ছবি: লেখক

রাজধানীর রমনা উদ্যানে দুটি গাছ আছে, যা বেশ বড়সড়, অথচ তা জবাগোত্রীয়। ফুলের গড়নে জবার সঙ্গে মিল থাকলেও অন্য আর কিছুর সঙ্গেই মিল নেই। গাছ দুটি হলো কাশিপালা ও বন আসরা। গাছ দুটির দিকে তাকালেই নিসর্গপুত্র দ্বিজেন শর্মার কথা মনে পড়ে।

রমনা উদ্যানে তিনি সিলেটের পাহাড় থেকে নানা প্রজাতির গাছের চারা তুলে এনে লাগাতেন। গাছগুলোর বেশির ভাগই কিছুদিন পর যত্নের অভাবে বা অরক্ষিত থাকায় মরে যেত, কিছু গাছ দাঁড়িয়ে যেত। সেসব গাছ বৃক্ষ হয়ে এখন তাঁর সেসব স্মৃতির কথা কইছে। বন আসরা গাছটির অবস্থান রমনা উদ্যানের লেকের পাড়ে। লেক ভ্রমণের বোটগুলোকে ওখান থেকে ছাড়া হয়। বছর দশেকের বেশি হবে।

রমনায় একদিন দ্বিজেন শর্মার সঙ্গে কয়েকজন মিলে হেঁটে হেঁটে গাছ দেখতে দেখতে এই বন আসরা গাছটিকে চোখে পড়েছিল। গাছের গোড়ার দিকটা আগুনে ঝলসে গেছে, গোড়া থেকে গজানো ডালপালার পাতাগুলোও পুড়ে গেছে। রমনা তখন এখনকার মতো রূপসী ছিল না। সেই আহত ও দগ্ধ গাছটির কাছে দাঁড়িয়ে তিনি হাহাকার করে উঠেছিলেন, বলেছিলেন, ‘গাছের সঙ্গে এমন অন্যায় কেউ করে? গাছ তো মায়ের মতন, তাকে কেউ এভাবে পোড়ায়? জানি না, কোন হতভাগার দল এখানে কী রেঁধে বনভোজন করে গেছে! এখনো সেই গাছটির কাছে গেলে সেসব কথা মনে পড়ে।

বুনোগাছ হলেও বন আসরার এই একটি গাছই রমনা উদ্যানে আছে। কিন্তু কখনো এর অনিন্দ্য রূপসী মেমসাহেবের মতো ফর্সা ফুলগুলোকে দেখার সুযোগ হয়নি। এ বছরও সে গাছে ফুল ফুটেছে। গত ৭ জুন সকালবেলায় সে গাছটিতে ফুলের দেখা পেলাম। পরপর দুদিনে আরও বেশি ফুল দেখলাম। একটি দুটি না, ডালে ডালে অনেক ফুল ফুটেছে। কুঁড়িগুলো দেখে মনে হলো কয়েকদিনে আরও ফুল ফুটবে। আহা, ফুল কী চমৎকার! ঘিয়া রঙের বড় বড় মাইকের মতো ফুল, ফুলের বোঁটার কাছে ঝালরের মতো হালকা সবুজ অঙ্গ, বৃতিগুলো যেন ছিল কলার খোসা। এদিক দিয়ে মুচকুন্দ ফুলের সঙ্গে এর কিছুটা মিল আছে। প্রচুর মৌমাছি উড়ছে ফুলে।

বন আসরা এ গাছের স্থানীয় বাংলা নাম, ইংরেজি নাম Indian Kapok ও উদ্ভিদতাত্ত্বিক নাম  Pterospermum semisagittatum ও গোত্র মালভেসি। প্রজাতিগত নামের প্রথমাংশ টেরোস্পার্মাম–এর অর্থ ডানাযুক্ত বীজ এবং শেষাংশের অর্থ আংশিক বর্শার ফলার মতো আকৃতিবিশিষ্ট পাতা। বন আসরা বনের গাছ, এ দেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশের অরণ্যে প্রাকৃতিকভাবে জন্মে। রমনা উদ্যানের গাছটি মাঝারি আকারের বৃক্ষ প্রকৃতির।

আবহাওয়া ও অবস্থানভেদে গাছ পর্ণমোচী বা চিরসবুজ হতে পারে; গাছ ১৫ থেকে ২৫ মিটার লম্বা হতে পারে। গোড়া থেকে বেশ খানিকটা অংশের কাণ্ডে কোনো শাখা থাকে না। বীজ থেকে চারা হয়। পাতাগুলো কিছুটা ছুরি বা তলোয়ারের আগার মতো, পাতার ওপরের পিঠ সবুজ ও কিছুটা মসৃণ হলেও নিচের পিঠ রূপালি সবুজ ও খসখসে। এর কাণ্ড সোজা ও শক্ত হয়। গুড়ি বা কাণ্ডে বাকল ওঠা ছোপ ছোপ দাগ দেখা যায়।

বন আসরার কুঁড়িগুলোও বেশ ব্যতিক্রম, লম্বা খাঁজযুক্ত ক্ষেপণাস্ত্রের মতো। গাছের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ফুল। এর ফুলগুলো রাতের বেলা ফোটে, যার সাদা পাপড়ি ও হালকা সবুজ বৃতি দেখতে অসাধারণ লাগে। ভোরে ফুলগুলো মলিন হতে শুরু করে। ফুলগুলো সুগন্ধযুক্ত এবং নিশাচর পাখি ও কীটপতঙ্গকে আকৃষ্ট করে।

প্রাচীনকাল থেকেই এর শক্ত কাঠ গৃহনির্মাণে ব্যবহৃত হয়ে আসছে। এর লালচে-ধূসর কাঠ ভারী, বেশ শক্ত ও টেকসই। এটি কুড়ালের হাতল তৈরি করতে ও ঐতিহ্যবাহী স্থাপত্যে বাড়ির স্তম্ভ হিসেবে ব্যবহৃত হয়। এই কাঠ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয়ভাবে চিবানোর জন্য এবং আঁশ ও কাঠের উৎস হিসেবে ব্যবহারের জন্য বন্য পরিবেশ থেকে এ গাছ সংগ্রহ করা হয়। সুপারির বদলে পানের সঙ্গে চিবানোর জন্য এর ছাল ব্যবহার করা যায়। ডালের বাকল খুব শক্ত, টেনে ছেঁড়া বা ছুরি দিয়ে সহজে কাটা যায় না।

এজন্য বন আসরার বাকলের আঁশ দিয়ে বিভিন্ন ধরনের দড়ি ও তন্তু তৈরি করা হয়। বনজীবীরা বন থেকে কাঠ কেটে আঁটি বাঁধার জন্য এ গাছের বাকল ব্যবহার করে। এটি একটি ঔষধি উদ্ভিদ, যা জ্বর, কাশি, মাথাব্যথা, চর্মরোগ ও প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়। আধুনিক ফার্মাকোলজিক্যাল গবেষণায় আরও দেখা গেছে যে, এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং মেজাজ ঠিক রাখতেও সহায়ক হতে পারে। 

লেখক: কৃষিবিদ ও পরিবেশ বিশেষজ্ঞ

কুরমা অভয়াশ্রমের হলদে-চোখ ছাতারে

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:২৮ এএম
কুরমা অভয়াশ্রমের হলদে-চোখ ছাতারে
মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা-বাগানের গুল্মের ডালে শেষ বিকেলে সংকটাপন্ন হলদে-চোখ ছাতারে পাখি। ছবি: লেখক

হলদে চোখের বিরল ও সংকটাপন্ন পাখিটিকে প্রথম দেখি সাত বছর আগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের এক ভুট্টাখেতে। কিন্তু তার অতিরিক্ত চঞ্চলতা ও দ্রুত চলে যাওয়ার কারণে সেদিন ছবি তুলতে পারিনি। দুই বছর পর পাখিটিকে ফের দেখলাম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা-বাগানের এক চিলতে ঘাসবন ও ঝোপঝাড়ে। এরপর থেকে অন্তত একবছর পাখিটিকে কুরমায় দেখেছি, প্রায় প্রতিবার যখন ওখানে গিয়েছি। বহু ছবি তুলেছি ওর। কিন্তু হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যাওয়ায় সেসব ছবি হারিয়ে গেছে চিরতরে। কুরমার সেই জায়গাটি এখন এক চিলতে অভয়ারণ্য। নাম কুরমা পক্ষী অভয়াশ্রম। তবে অভয়াশ্রম হলেও বর্তমানে ওখানে তেমন একটা পাখির দেখা মিলছে না। চা-বাগান কর্তৃপক্ষ ঝোপঝাড় কেটে ফেলায় ভয় পেয়ে পাখিরা সেই যে চলে গেল, এখন পর্যন্ত আর ফিরে এল না, বিশেষ করে পরিযায়ী পাখিগুলো। দেশি আবাসিক পাখিদের সংখ্যাও কমে গেছে। এ বছরের ২৪ জানুয়ারি রাজকান্দির সংরক্ষিত বনের আদমপুর বিটে পাখি পর্যবেক্ষণ শেষে কুরমার বর্তমান অবস্থা দেখার জন্য বিকেলে সেখানে গিয়েছিলাম।
 
আকারে ক্ষুদ্র হলেও একসময় কুরমা পক্ষী অভয়াশ্রমটি ছোট ছোট বীজভুক পাখিদের স্বর্গরাজ্য ছিল। লাল মুনিয়া, লালগলা ফিদ্দা, চিনা লালগলা ফিদ্দা, বঘেরি, কালোমাথা বঘেরি, হলদেবুক বঘেরি, খয়েরিকান বঘেরি, মদনটাক এবং হলদে চোখের পাখিসহ প্রায় আশি প্রজাতির পাখি দেখেছি ওখানে। কিন্তু জানুয়ারিতে ওখানে গিয়ে ২-৩ প্রজাতির বেশি পাখি দেখলাম না। তাই ওখান থেকে আরেকটু সামনের দিকে বাগানের সবচেয়ে উঁচু স্থানটিতে গেলাম। সেখানে ছোট যে ঝোপটি রয়েছে, ওখানে বুলবুলি, ফিঙ্গে, বাদামি কসাই ও অল্প কিছু সাধারণ পাখি দেখলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায় হয় হয়। এমন সময় কোত্থেকে যেন হলদে চোখের পাখিটি এসে হাজির হলো। তবে মাত্র কয়েক সেকেন্ডের জন্য। এই সময়ের জন্য ৪-৫ বার ক্লিক করতে পারলাম। ছবি বেশি তুলতে না পারলেও বিরল পাখিটিকে যে ওখানে দেখলাম, তাতেই আমি খুশি। কারণ এর আগে বেশ কয়েকজন বার কয়েক গিয়েও পাখিটির দেখা পাননি। সন্ধ্যা হয়ে এল, তাই সঙ্গে আনা সিএনজিচালিত অটোরিকশায় চেপে পাখিপ্রেমী রূপকের দোকানে জিলাপি খাওয়ার জন্য চলে গেলাম। 

এতক্ষণ বিরল ও সংকটাপন্ন যে পাখিটির কথা বললাম, সে এদেশের এক প্রজাতির আবাসিক পাখি হলদে-চোখ ছাতারে। বাগেরহাট জেলায় পাখিটি ‘সাদা মইনে’ নামে পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গে বলে গুলাবচশম। ওর ইংরেজি নাম Yellow-eyed Babbler। প্যারাডক্সওরনিথিডি (Paradoxornithidae) গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Chrysomma sinense (ক্রাইসোমা সাইনেনস)। বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাখিটির দেখা মেলে।

হলদে-চোখ ছাতারের দেহের দৈর্ঘ্য ১৮ সেন্টিমিটার। ওজন ১৯ গ্রাম। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম। দেহের উপরটা লালচে-বাদামি। থুতনি-গলা-বুক সাদা; পেট-তলপেট হলদেটে সাদা। শক্ত মোটা ঠোঁটটি কালো। চোখের চারদিকের বলয় কমলা হলেও মনি হলুদ। পা ও পায়ের পাতা হলুদ। লেজ লম্বা। অপ্রাপ্তবয়ষ্ক পাখির পিঠ বেশি লালচে ও ঠোঁট বাদামি।  

প্রজাতিটি মূলত সিলেট ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা, তবে খুলনা বিভাগ ও উত্তরবঙ্গেও কোথাও কোথাও দেখা যায়। সচরাচর জলাসংলগ্ন লম্বা ঘাস ও ঝোপঝাড়ে এরা বাস করে। বেশ লাজুক। জোড়ায় বা ছোট দলে ঝোপঝাড় বা গাছের গোড়ার দিকে আড়ালে-আবডালে ঘুরে বেড়ায়। উঁচু ঘাসের আড়ালে খাবার খোঁজে। কীটপতঙ্গ, শুককীট, রসালো ফল ও ফুলের রস খায়। সুমধুর কণ্ঠে ‘চিপ-চিপ-চিপ…’ শব্দে ডাকে।

জুন থেকে নভেম্বর প্রজননকাল। এ সময় ভূমির কাছাকাছি আখ, পাট বা অন্যান্য ঘাসের কাণ্ডে ঘাস দিয়ে গোলাকার বাসা বানায়। লালচে-বাদামি ছিটছোপসহ ঘিয়ে-সাদা রঙের ৩ থেকে ৫টি ডিম পাড়ে। ডিম ফোটে ১৫-১৬ দিনে। ছানারা ১৩ দিন বয়সে উড়তে শিখে ও বাসা ছাড়ে। আয়ুষ্কাল ৫ থেকে ৮ বছর। 

লেখক: পাখি ও বন্যপ্রাণী প্রজনন ও চিকিৎসা বিশেষজ্ঞ এবং অধ্যাপক গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

শখ থেকে স্বাবলম্বী গৃহবধূ, ঘরের ছাদ যেন ক্যাকটাস রাজ্য

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:৫১ এএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০৮:৫৩ এএম
শখ থেকে স্বাবলম্বী গৃহবধূ, ঘরের ছাদ যেন ক্যাকটাস রাজ্য
জয়পুরহাটের পাঁচবিবিতে গৃহবধূ কারিশমা আমরিন রুনার ব্যতিক্রমী ছাদবাগানে ক্যাকটাস ও সাকুলেন্ট দেখছেন দর্শনার্থীরা। ছবি: খবরের কাগজ

জয়পুরহাটের পাঁচবিবিতে ইউটিউব দেখে ব্যতিক্রমী এক ছাদবাগান করেছেন গৃহবধূ কারিশমা আমরিন রুনা। তার এই শখের বাগানটি এখন বিরল গাছের এক বিশাল সাম্রাজ্য হয়ে উঠেছে। তার ছাদবাগানে এখন রয়েছে প্রায় হাজার প্রজাতির ক্যাকটাস, সাকুলেন্ট ও দৃষ্টিনন্দন ইনডোর প্ল্যান্ট। শখের বশে শুরু করলেও তিনি এখন একজন সফল উদ্যোক্তা। স্থানীয় কৃষি বিভাগ তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

জানা গেছে, পাঁচবিবি রেলস্টেশন রোডের বাসিন্দা ইমন হোসেনের স্ত্রী গৃহবধূ কারিশমা আমরিন রুনা। তিনি স্থানীয় একটি স্পেশাল চাইল্ড বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। করোনা মহামারির সময় তার স্কুলটি বন্ধ হয়ে যায়। সেই ঘরবন্দি সময়ে ইউটিউব দেখে অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে নানা জাতের ক্যাকটাস সংগ্রহ করেন তিনি। এরপর বাড়ির ছাদে ছোট পরিসরে শুরু করেন ছাদবাগান। সংসারের কাজের পাশাপাশি তিনি বাগানের যত্ন নিতেন।

ধীরে ধীরে দেশের বিভিন্ন জায়গা থেকে বিরল প্রজাতির ক্যাকটাস ও সাকুলেন্ট সংগ্রহ করেন রুনা। এখন তার পুরো ছাদ জুড়ে বিভিন্ন ধরনের পাতাবাহার, লতাবাহার, বনজ ও ফলজ গাছের সামরোহ। তবে হাজার প্রজাতির ক্যাকটাস ও সাকুলেন্টই মানুষের নজর কাড়ছে বেশি। প্রতিদিন অনেকে এই বাগান দেখতে আসেন, কেউ কেউ আসেন গাছ কিনতে। পাশাপাশি তিনি অনলাইনেও গাছ বিক্রি করে ভালো লাভ করছেন। তাকে দেখে এখন অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বাড়াতেও এই উদ্যোগ ভূমিকা রাখছে।

পাঁচবিবি পৌর শহরের চামড়া গুদাম এলাকার শবনম আরা সানি বলেন, ‘আমি কারিশমা আমরিন রুনা আপুর ফেসবুক পেজে যোগাযোগ করে কয়েকটা ক্যাকটাস গাছ কিনেছি। পরে বাগান দেখার আগ্রহ থেকে এখানে এসেছি। সাধারণত ছাদবাগানে ফুলের গাছ দেখা যায়। কিন্তু এখানে এসে অনেক রকম ক্যাকটাস দেখলাম। আমার খুব ভালো লেগেছে।’

স্টেশন রোড এলাকার আরজু আরা শাম্মি বলেন, ‘এই বাগানে এসে নানা প্রজাতির ক্যাকটাস গাছ দেখলাম। এসব সাধারণত রংপুর, রাজশাহীতে পাওয়া যায়। কিন্তু এখান থেকে কিনতে পেরে আমি অনেক খুশি। রুনা আপা গৃহবধূ হয়েও উদ্যোক্তা হয়ে আয় করতে পারছেন। আমারাও এখান থেকে শিখে নিজে এমন উদ্যোগ নিতে পারি।’

মালঞ্চা এলাকার সাব্বির হোসেন বলেন, ‘এই ছাদবাগান দেখে আমি মুগ্ধ। এখানে এত সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে যে সবার চোখ জুড়িয়ে যাবে। আমার জীবনে একসঙ্গে এত প্রজাতির ক্যাকটাস আগে কখনো দেখিনি। আমি নিজেও দুটি গাছ কিনেছি।’

উদ্যোক্তা কারিশমা আমরিন রুনা বলেন, ‘করোনা মহামারির সময় বাসায় বসে থাকার সময় শখের বশে ইউটিউব দেখে কয়েকটি ক্যাকটাস গাছ কিনে ছাদবাগান শুরু করি। এরপর দিন দিন বিভিন্ন জায়গা থেকে নানা প্রজাতির গাছ কিনে বাগান বড় করি। এখন আমার এখানে হাজার প্রজাতির ক্যাকটাস, সাকুলেন্ট ও সুন্দর ইনডোর প্ল্যান্ট আছে। এ থেকে আমার মাসে মোটামুটি ভালো আয় হয়। অনলাইনে যোগাযোগ করে অনেকে কেনেন, আবার কেউ কেউ এখানে এসেও নিয়ে যান।’

পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন বলেন, ‘আমরা সচরাচর দেখি ছাদবাগানে শাক-সবজি বা ফুলের চাষ হয়। কিন্তু পাঁচবিবির গৃহবধূ রুনা তার ছাদে বিভিন্ন প্রজাতির ক্যাকটাসসহ বিরল প্রজাতির গাছ লাগিয়েছেন। ছাদবাগান করেও যে স্বাবলম্বী হওয়া যায়, রুনা তার দৃষ্টান্ত উদাহরণ। আমরা উদ্যোক্তাকে বিভিন্ন সহযোগিতা দিয়ে থাকি। নতুন করে কেউ যদি এমন বাগান করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সার্বিক সহযোগিতা করব।’

চমৎকার ফুল ক্রোসান্দ্রা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:৩২ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:০১ এএম
চমৎকার ফুল ক্রোসান্দ্রা
ছবি: ময়মনসিংহের কাচারিঘাটের নার্সারিতে ক্রোসান্দ্রা ফুল। গত ৫ জুন ছবিটি তোলা হয়

আমাদের চারপাশের পরিচিত চমৎকার ফুলগুলোর মধ্যে একটি হলো ক্রোসান্দ্রা। এর বৈজ্ঞানিক নাম Crossandra infundibuliformis, এটি Acanthaceae পরিবারের উদ্ভিদ। মূলত দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কার আদি বাসিন্দা হলেও বর্তমানে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এর উজ্জ্বল ও আকর্ষণীয় রঙের কারণে বাগানপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। একে ইংরেজিতে ফায়ারক্র্যাকার ফ্লাওয়ার বা পটকা ফুলও বলা হয়। 

ক্রোসান্দ্রা মূলত একটি বহুবর্ষজীবী চিরসবুজ গুল্মজাতীয় উদ্ভিদ। গাছটি সাধারণত লম্বায় ১ থেকে ৩ ফুট (প্রায় ৩০ থেকে ৯০ সেন্টিমিটার) পর্যন্ত হয়ে থাকে। এর কাণ্ড সোজা, শক্ত এবং শাখা-প্রশাখাযুক্ত হয়। তরুণ অবস্থায় কাণ্ড নরম ও সবুজ থাকলেও পরিপক্ব হলে তা কিছুটা শক্ত ও ধূসর-বাদামি রং ধারণ করে।

এর পাতাগুলো গাঢ় সবুজ, চকচকে এবং বল্লমাকার (lanceolate)। পাতার কিনারাগুলো মৃদু ঢেউ খেলানো বা মসৃণ হতে পারে। পাতাগুলো কাণ্ডের বিপরীতমুখী বিন্যাসে জোড়ায় জোড়ায় সাজানো থাকে, যা ফুল ছাড়াই গাছটিকে একটি দৃষ্টিনন্দন রূপ দেয়।

ক্রোসান্দ্রার মূল আকর্ষণ হলো এর ফুল। ফুলগুলো কাণ্ডের শীর্ষে একটি খাড়া মঞ্জরিদণ্ড বা স্পাইক থেকে পর্যায়ক্রমে ফোটে। প্রতিটি ফুলের একটি দীর্ঘ নল বা টিউব থাকে, যা ওপরের দিকে এসে ৩ থেকে ৫টি পাপড়িতে ছড়িয়ে পড়ে। পাপড়ির এই গঠনটি দেখতে কিছুটা ফানেল বা হাতপাখার মতো। প্রাকৃতিকভাবে ফুলগুলো উজ্জ্বল কমলা বা জাফরান রঙের হলেও বর্তমানে হাইব্রিড জাতের হলুদ, লাল এবং হালকা গোলাপি রঙের ক্রোসান্দ্রাও দেখতে পাওয়া যায়।

ফল ছোট ও চারকোনা আকৃতির ক্যাপসুল । এই ক্যাপসুল বা বীজাধারগুলো পেকে শুকিয়ে গেলে আর্দ্রতার সংস্পর্শে হঠাৎ করে ‘পট’ করে শব্দ করে ফেটে যায় এবং বীজগুলো দূরে ছিটকে পড়ে। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণেই এর নাম হয়েছে ‘ফায়ারক্র্যাকার ফ্লাওয়ার’। 

 শুধু সৌন্দর্য ছড়ানোই নয়, ক্রোসান্দ্রা উদ্ভিদের বেশ কিছু অর্থনৈতিক, সাংস্কৃতিক ও পরিবেশগত গুরুত্ব রয়েছে। যেকোনো বাগান, বাড়ির বারান্দা বা ছাদবাগানের সৌন্দর্য বাড়াতে ক্রোসান্দ্রার জুড়ি মেলা ভার। এটি প্রায় সারা বছরই (বিশেষ করে গরম ও বর্ষাকালে) থোকায় থোকায় ফুল দেয়। টবে বা ল্যান্ডস্কেপিংয়ে বর্ডার প্ল্যান্ট হিসেবে এটি দারুণ মানিয়ে যায়। এর উজ্জ্বল রঙের ফুল মৌমাছি ও প্রজাপতিকে আকর্ষণ করে, যা বাগানের পরাগায়নে সাহায্য করে।

 দক্ষিণ ভারতে বিশেষ করে তামিলনাড়ু ও কর্ণাটকে এই ফুল অত্যন্ত পবিত্র ও জনপ্রিয়। সেখানে একে ‘কানাকাম্বুরাম’ বলা হয়। নারীরা চুলে খোঁপা বা বেণি সাজাতে জুঁই ফুলের সঙ্গে বৈপরীত্য তৈরি করতে এই উজ্জ্বল কমলা ফুল ব্যবহার করেন। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় পূজা-পার্বণ ও উৎসবের মালা তৈরিতে এই ফুলের ব্যাপক বাণিজ্যিক চাহিদা রয়েছে। ফুলগুলো ছেঁড়ার পরও বেশ কয়েক দিন সতেজ থাকে। 

ক্রোসান্দ্রার কিছু ভেষজ গুণাগুণ রয়েছে। ঐতিহ্যগত চিকিৎসায় এর পাতা ও ফুলের কিছু ব্যবহার রয়েছে। এর কিছু উপাদান ব্যাকটেরিয়াবিরোধী এবং ছত্রাকবিরোধী গুণসম্পন্ন বলে মনে করা হয়। কিছু অঞ্চলে ত্বকের সাধারণ সংক্রমণ এবং ক্ষত নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়। তবে যেকোনো চিকিৎসায় ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

ক্রোসান্দ্রাগাছ আংশিক রোদ এবং সুনিষ্কাশিত দোআঁশ মাটি পছন্দ করে। মাটিতে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখলে এবং নিয়মিত ছাঁটাই করলে গাছটি দীর্ঘদিন প্রচুর ফুল দেয়। 

সহজ রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘস্থায়ী সৌন্দর্যের কারণে ক্রোসান্দ্রা যেকোনো ফুলপ্রেমীর সংগ্রহের জন্য একটি চমৎকার উদ্ভিদ। 

বিল-ঝিলে পদ্ম ও শাপলার মায়াবী রূপ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:১৩ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:২০ পিএম
বিল-ঝিলে পদ্ম ও শাপলার মায়াবী রূপ
ছবি: সংগৃহীত

ষড়ঋতুর বাংলাদেশে বর্ষার আগমনী বার্তার সাথে সাথেই বদলে যায় প্রকৃতির ক্যানভাস। দেশের মাঠ-ঘাট, পুকুর-ডোবা আর বিল-ঝিল মুখরিত হয়ে ওঠে নানা রঙের জলজ উদ্ভিদে।

উদ্ভিদবিজ্ঞানীদের মতে, বাংলাদেশের জলাশয়গুলোতে কয়েকশো প্রজাতির জলজ উদ্ভিদ জন্মে, যার মধ্যে প্রায় ১৩০টি প্রজাতিই সপুষ্পক। আর এই জলজ ফুলের রাজ্যে সৌন্দর্যের ডালি সাজিয়ে সবচেয়ে বেশি নজর কাড়ে পদ্ম এবং আমাদের জাতীয় ফুল শাপলা।

শুভ্রতার প্রতীক 'পুন্ডরিক' বা পদ্ম

জলজ ফুলের রানী বলা চলে পদ্মকে। চমৎকার সুগন্ধি এই ফুলের আরেকটি পরিচিত নাম ‘পুন্ডরিক’। পদ্মের পাতার গঠন অনেকটা শাপলার মতো হলেও এটি পেয়ালা আকৃতির এবং পানির ওপর আলতো করে জেগে থাকে।

পদ্মের প্রতিটি অংশের রয়েছে আলাদা নাম ও নান্দনিকতা। পানির নিচ থেকে উঠে আসা পদ্ম ফুলের ডাঁটিকে বলা হয় ‘মৃণাল’। আর এর কচি পাতার নাম ‘সংবর্তিকা’। সাধারণত বর্ষাকালে এই ফুলের সমারোহ সবচেয়ে বেশি দেখা যায়, যা যেকোনো বিল বা পুকুরকে এক মায়াবী রূপ দেয়।

রাতের স্নিগ্ধতায় ফোটে শাপলা, মাধুরী ছড়ায় দিনে

বাংলাদেশের জাতীয় ফুল শাপলা সাধারণত দুই প্রজাতির দেখা যায়—ধবধবে সাদা এবং আকর্ষণীয় লাল। শাপলার বৈশিষ্ট্য হলো, এটি রাতের স্নিগ্ধতায় ডানা মেলে, তবে এর রূপের মাধুরী ও সৌন্দর্য ছড়ায় দিনের আলোতেও। একসাথে যখন বিশাল বিলজুড়ে অসংখ্য শাপলা ফুটে থাকে, তখন চারপাশের পুরো পরিবেশটাই বদলে যায়।

শাপলার শেকড় থাকে পানির নিচে কাদার গভীরে। লম্বা নালের ওপর ভর করে ফুলটি পানির ওপরে তার রূপের শোভা ছড়ায়। এর পাতার গোড়ার দিকটা দেখতে অনেকটা হৃদপিণ্ডের মতো এবং পাতার চারপাশটা থাকে ঢেউ খেলানো। রোদ ঝলমলে দিনে শাপলার রূপ যেমন খোলে, তেমনি ছায়া ঘেরা পুকুরের শান্ত পরিবেশেও এর সৌন্দর্য অন্যরকম এক শান্তি জোগায়।

শুধু রূপ নয়, গুণে ও ঔষধি গুণে অনন্য


জাতীয় ফুল শাপলা শুধু চোখের দেখাতেই সুন্দর নয়, এর রয়েছে দারুণ অর্থনৈতিক ও ঔষধি গুণ। শাপলার পুষ্পনল (ডাঁটা) আমাদের দেশে সবজি হিসেবে বেশ জনপ্রিয়। গ্রামীণ অর্থনীতি ও পুষ্টির চাহিদা মেটাতে এর ভূমিকা অনস্বীকার্য। এছাড়া শাপলার ফুল, কন্দ (শালুক) এবং বীজ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী ঔষধি কাজে ব্যবহৃত হয়ে আসছে।

রক্তোৎপল: লালের মাঝে মায়ার ছোঁয়া


লাল রঙের যে শাপলা আমাদের চোখে পড়ে, তার আরেকটি সুন্দর নাম ‘রক্তোৎপল’। দেখতে দূর থেকে পদ্ম ফুলের মতো মনে হলেও এটি মূলত লাল শাপলা। এই প্রজাতির শাপলার নাল বা ডাঁটা প্রায় ৮ থেকে ১০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর পাতার ব্যাস হয় ১০ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত।

স্বভাবে কোমল ও রঙে উজ্জ্বল এই ফুলের লালের মাঝে এক ধরণের হালকা ও গাঢ় রঙের মিশ্রণ থাকে, যা সহজেই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।

জলে জন্ম নিলেও জলকে ছাপিয়ে এই ফুলগুলো প্রকৃতিতে যে মায়াবী রূপ আর সুবাস ছড়িয়ে দেয়, তা বাংলার রূপকে পৃথিবীর বুকে অনন্য করে তুলেছে। বর্ষা আর শরতের এই জলজ রূপ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে মানুষের আত্মিক বন্ধনের কথা।

আমান/