ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন। শুক্রবার মুক্তি পাওয়ার পর আজ দেশে ফিরেছেন তিনি।
শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বিমানবন্দরে শহিদুল আলমকে ফুল দিয়ে বরণ করেন তাদের সহকর্মী ও পরিবারের সদস্যরা। এ সময় তিনি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে তার সেই যাত্রা বর্ণনা করেন।
তিনি বলেন, গাজার মানুষ এখনো আক্রান্ত। তাদের ওপর নির্যাতন চলছে। সেটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয় আমাদের কাজ শেষ হয়নি।
এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছেন। সেখানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান।
তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানান, শহিদুল আলমের ইস্তাম্বুল থেকে ঢাকায় ফেরার ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ শহিদুল আলমকে আটক করার পরপরই বাংলাদেশ সরকার জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তির জন্য দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল।
এসজি/