ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
শেরপুরে নিখোঁজ ৫ ছাত্রের ৩ জনকে জীবিত উদ্ধার তনু হত্যা: দুই আসামিকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশের নির্দেশ বোয়ালখালীতে ওমান প্রবাসীকে হত্যা: শোকে পাথর অন্তঃসত্ত্বা স্ত্রী ও মা মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল রাজনীতি বাড়ছে: যুবদল সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার আর নেই মরিশাসের শ্রমবাজার খুলতে সমঝোতা চুক্তিতে সম্মত টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী নারীর নিরাপত্তা নিয়ে অস্বস্তিকর বাস্তবতা ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় শ্রমিকের মৃত্যু গণতন্ত্রে হতাশা এবং নেতৃত্বে অসন্তোষ শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর মব হামলা, আদালতে মামলা কন্যাশিশু নির্যাতন: আর্থ-সামাজিক, সাংস্কৃতিক-রাজনৈতিক সংকট মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মামলা, ছাত্রলীগ নেতা কারাগারে বাজেট বাস্তবায়নে ছলচাতুরি চলবে না: চরমোনাই পীর আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরাক ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: মাহদী আমিন যেকোনো সাফল্যে যে দোয়া পড়তেন বিশ্বনবি (সা.) রৌমারীতে বিদ্যুতের তার ছিঁড়ে নারীর মৃত্যু ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার ইসরায়েলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের শেরপুরে ১২ দিনে পাঁচ শিক্ষার্থী নিখোঁজ, অভিভাবকদের মধ্যে উদ্বেগ জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু করেছে সেনাবাহিনী ভাঙ্গায় বিয়েবাড়িতে খাবার নিয়ে সংঘর্ষে আহত ৭ হালুয়াঘাটে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, পাশে মিলল আরেক নারীর মরদেহ ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি পবিপ্রবিতে নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টায় ১০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে যুবদল নেতা আটক
Nagad desktop

বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্র বানাতে হবে

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ এএম
আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ এএম
বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্র বানাতে হবে
গাজীউল হাসান খান

মানুষের জীবনযাপনের মৌলিক চাহিদা পূরণ না হলে এ দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা সম্ভব হবে না। খেটে খাওয়া কিংবা কর্মজীবী মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে না। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, কারও করদরাজ্য নয়। সুতরাং, বহির্বিশ্বে বাংলাদেশের সঙ্গে কার কী সম্পর্ক হবে তা ঠিক করবে তার ভবিষ্যৎ নির্বাচিত সরকার ও জনগণ। সেটা নিয়ে আমাদের দিকে থেকে কারও কোনো বাড়াবাড়ির প্রয়োজন নেই।...

প্রগতিশীল রাজনীতির সঙ্গে আধুনিক প্রযুক্তির সার্থক সমন্বয় ঘটাতে হলে জাতীয় জীবনের বিভিন্ন পর্যায়ে অর্থনৈতিক সংস্কার অপরিহার্য হয়ে পড়ে। নতুবা পুঁজিবাদী সমাজব্যবস্থায় দেশের কৃষক-শ্রমিক কিংবা সাধারণ মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির প্রশ্ন উত্থাপন করা অনেকটাই অপ্রাসঙ্গিক বলে মনে হয়। দুর্নীতি ও জাতীয় জীবনের সর্বস্তরে কর্মজীবী বা খেটে খাওয়া মানুষের ওপর শোষণ-বঞ্চনা এবং লুটপাট বন্ধ করে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে, প্রথমেই প্রয়োজন কিছু আইনি ব্যবস্থা গ্রহণ এবং সে অনুযায়ী অর্থনৈতিক সংস্কার সাধন করা। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গত ২০২৪ সালের ৮ আগস্টের পর থেকে অর্থনীতিসহ জাতীয় জীবনের অপরাপর কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাম্প্রতিক দুরবস্থার অবসান ঘটিয়ে বেশ কিছু জরুরি পরিবর্তন আনার ব্যাপারে তৎপর হয়েছিলেন। মূলত সে কারণেই দেশের বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদ নামে সংস্কারবিষয়ক একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছিল। তাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ প্রায় সব দেশপ্রেমিক রাজনৈতিক দলই অংশগ্রহণ করেছিল। চব্বিশের জুলাইয়ে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের বহু আগেই দেশের তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপি অর্থনীতিসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অর্থবহ পরিবর্তন আনার জন্য একটি ৩১ দফা সংস্কার বা রাষ্ট্র মেরামত সম্পর্কিত কর্মসূচি ঘোষণা করেছিল। বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন বলেছিলেন, এ দুর্নীতিগ্রস্ত ও ভেঙে পড়া অর্থনীতির দেশকে বাঁচাতে হলে এর আমূল সংস্কার দরকার। আপাদমস্তক মেরামতের প্রয়োজন। তার সে কথা শুনে তখন একটি বিশেষ মহল বিভিন্ন কটূক্তি করেছিল। কিন্তু সরকার পতনের পর তারেক রহমানের সে জাতীয় সংস্কার বা রাষ্ট্রীয় মেরামতের দাবি আজ এক ভিন্ন প্রেক্ষাপটে জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে।

দেশব্যাপী নির্বাচনি প্রচারাভিযানে তারেক রহমান সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের মতো মৌলিক অধিকারের বাস্তবায়ন নিয়ে অত্যন্ত গুরুত্বসহকারে কথাবার্তা বলা শুরু করেছেন। তিনি বলছেন, মানুষের জীবনযাপনের মৌলিক চাহিদা পূরণ না হলে এ দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা সম্ভব হবে না। খেটে খাওয়া কিংবা কর্মজীবী মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে না। মানুষের মুক্তিযুদ্ধ কিংবা স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হবে না। তারেক রহমান বাংলাদেশকে যুক্তরাজ্য কিংবা ইউরোপের বিভিন্ন দেশের মতো একটি কল্যাণরাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটে পরিণত করতে চান। এ দাবি বিএনপি থেকে অতীতে বহুবার উঠেছে। তা ছাড়া, বাংলাদেশে রাজনীতির অগ্নিপুরুষ মওলানা ভাসানী এ দাবি বহুবার উত্থাপন করেছেন। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন আপসহীনভাবে। কিন্তু তার পরিবর্তে তিনি দেশব্যাপী সাধারণ মানুষের ওপর দেখেছেন পুঁজিবাদী, সামন্তবাদী ও সাম্রাজ্যবাদী শোষণ-বঞ্চনা, দুর্নীতি ও লুটপাট। মওলানা ভাসানীর মতো তারেক রহমানও অবিলম্বে এর অবসান চান। তিনিও কৃষি এবং শিল্পক্ষেত্রে বিপ্লব ঘটাতে চান তার বাব শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো। তার মা বেগম খালেদা জিয়ার মতো নারীদের উপযুক্ত শিক্ষাসহ কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে তিনি বিশেষভাবে আগ্রহী। ক্ষমতাসীন হয়ে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, পরিবর্তন ও উন্নয়নের জোয়ার বইয়ে দিতে চান তারেক রহমান। এ দেশটাকে নিয়ে তারেক রহমানের অনেক স্বপ্ন রয়েছে। সেসব পরিকল্পনাই বিভিন্ন নির্বাচনি জনসভায় এখন একে একে বেরিয়ে আসছে। বাংলাদেশ থেকে বিতাড়িত ও নিগৃহীত হয়ে তারেক রহমান প্রায় দেড় দশক নিঃসঙ্গ অবস্থায় বিলাতের লন্ডনে বসে তার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়ে অনেক পরিকল্পনা করেছেন। স্বপ্ন দেখেছেন এক শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। এক-এগারো-পূর্ব বাংলাদেশে অবস্থানকারী তারেক রহমান তার প্রায় দেড় যুগ পর বিলাতের অবরুদ্ধ জীবন থেকে দেশে ফিরে আসা তারেক রহমান তাই সম্পূর্ণ দুই পৃথক রাজনৈতিক সত্তা। আজকের তারেক রহমান অনেক পরিণত, সচেতন এবং সৃষ্টিশীল সম্ভাবনায় ভরপুর। তাই ব্রিটেনের আদেশে একটি আদর্শ ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে নিবেদিতপ্রাণ তিনি।

শৈশব-কৈশোর থেকে গণতান্ত্রিক আদর্শের ওপর গড়ে ওঠা বিএনপি নামক এক রাজনৈতিক সংগঠনকে দেখে এসেছেন তারেক রহমান, যার নেতৃত্বে ছিলেন তার বাবা শহিদ জিয়াউর রহমান ও  মা বেগম খালেদা জিয়া। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং পঁচাত্তরের রাজনৈতিক পট-পরিবর্তন-উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রনায়ক জিয়ার কাছে রাষ্ট্রগঠনের একটি আধুনিক প্রক্রিয়া প্রত্যক্ষ করেছেন তারেক রহমান। তাছাড়া, খালেদা জিয়ার কাছে দেখেছেন কী করে রাষ্ট্রপতি পদ্ধতির শাসনব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে সার্থক উত্তরণ ঘটানো যায়। সে অভিজ্ঞতা তাকে বাংলাদেশকে একটি প্রগতিশীল কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করার পথে উৎসাহিত করেছে। তারেক রহমান গণতন্ত্র ও সমাজতান্ত্রিক আদর্শের সম্মিলন ঘটিয়ে এক সময়োপযোগী আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্রতী হয়েছেন, যেখানে মানুষের মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে অর্থনৈতিক মুক্তির পথ উন্মোচিত হবে। সে কারণেই তিনি তার নেতৃত্বাধীন জোটের অধীনে এমন একটি নির্বাচন-উত্তর সরকার গঠন করতে আগ্রহী, যা হবে জাতীয় ঐকমত্যের একটি নিদর্শন। তারেক রহমান দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সমন্বয়ে এমন একটি সরকার উপহার দিতে চান, যা হবে টেকসই, স্থিতিশীল ও উন্নয়নবান্ধব। বিএনপি ও তার নেতৃত্বাধীন জোটের অন্যরা কেউই ইসলামের আদর্শের পরিপন্থি নয়। একটি ব্যাপারে এ জোট অবশ্যই একমত যে, ক্ষমতায় গেলে তারা ইসলামের আদর্শের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করবে না। এ কথাটি যেমন ঠিক তেমনি বিএনপি নেতৃত্বাধীন জোট কখনোই একাত্তরের স্বাধীনতা ঘোষণা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করবে না। আমাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও তমুজ্জনকে সুরক্ষা ও সমৃদ্ধ করবে। বাংলাদেশের সমতল থেকে পাহাড় অঞ্চলের মানুষের মধ্যে বৃহত্তর ঐক্য, সমঝোতা, মূল্যবোধ এবং স্বার্থকে সমুন্নত রাখার দৃঢ়প্রত্যয় গড়ে তুলবে। এবং জাতীয় মর্যাদাকে অক্ষুণ্ন রাখবে।

বাংলাদেশের এক আর্থ-রাজনৈতিক পুনর্গঠনের সময় এখন। এ অবস্থায় একটি জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির দায়দায়িত্ব অনেক বেশি। আর্থ-রাজনৈতিক ক্ষেত্রে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী হিসেবে দেশে-বিদেশে সর্বত্র অত্যন্ত প্রশংসিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার প্রস্তাবগুলো এবং উন্নয়ন পরিকল্পনাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা আবশ্যক বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন। তাতে উন্নয়ন, উৎপাদন ও নতুন পরিসরে বিনিয়োগের পথ আরও প্রশস্ত হবে বলে তথ্যাভিজ্ঞ মহল মনে করেন। কোনো অবস্থাতেই কারও আনুকূল্য বা সন্তুষ্টি লাভের মাধ্যমে ক্ষমতায় দীর্ঘস্থায়ী হওয়ার অযথা চেষ্টা করে অতিরিক্ত ফায়দা হবে না। তার চেয়ে বিভিন্ন সংস্কার ও উন্নয়ন কাজে সাফল্য অর্জন অনেক বেশি ফলপ্রসূ হবে বলে অনেকে মনে করেন। চট্টগ্রামসহ বিভিন্ন বন্দর ও টার্মিনালের পরিকল্পিত উন্নয়ন, ব্যবস্থাপনা এবং সম্প্রসারণ অর্থনৈতিক এবং কৌশলগত বাণিজ্য বিস্তারের ক্ষেত্রে বাংলাদেশকে অনেক এগিয়ে দেবে। তা ছাড়া, মিরসরাইসহ বিভিন্ন উৎপাদনমুখী রপ্তানি এলাকাসমূহের দ্রুত উন্নয়ন ত্বরান্বিত করা গেলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আশাতীতভাবে বেড়ে যাবে। তাতে উল্লেখযোগ্য পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হবে। এর পাশাপাশি দেশের প্রতিরক্ষা খাতের দিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন বলে তথ্যাভিজ্ঞ মহল মনে করেন। লালমনিরহাটসহ প্রতিরক্ষা বাহিনীর জন্য বিমানঘাঁটি নির্মাণ কাজ অতি দ্রুত শেষ করা এবং বিভিন্ন সামরিক অস্ত্রশস্ত্র উৎপাদনের কাজে হাত দেওয়া আবশ্যক বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন। এ ক্ষেত্রে উত্তরবঙ্গ, অপরদিকে বরিশাল ও মধ্যখানে ফেনী এবং পার্বত্য চট্টগ্রামে প্রস্তাবিত সামরিক ঘাঁটি নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যেতে না পারলে নবনির্বাচিত সরকার অতি দ্রুত বিভিন্ন ক্ষেত্রে কঠিন সমালোচনার মুখে পড়বে। কারণ উল্লিখিত অঞ্চলগুলোতে আমাদের প্রতিরক্ষাব্যবস্থা অনেক দুর্বল।

রংপুরের সীমান্তবর্তী ভারতের শিলিগুড়ি করিডরের প্রতিরক্ষা এবং অপরদিকে উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ভারতের স্থলবেষ্টিত সাত রাজ্যের ভবিষ্যৎ অখণ্ডতা নিয়ে প্রতিবেশী রাষ্ট্রটির সামাজিক গণমাধ্যমকে অনেক অপপ্রচার চালাতে দেখা যাচ্ছে। তারা এমনকি দেশের নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর এলাকা এবং অপরদিকে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল দখল করে বাংলাদেশকে বঙ্গোপসাগর থেকে বিভিন্ন করার প্রকাশ্য হুমকি দিচ্ছে। এতে বাংলাদেশের মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভারতের বিভিন্ন বন্দর দিয়ে ক্রমে-ক্রমে বাংলাদেশর সব রপ্তানি বাণিজ্য বন্ধের প্রতিক্রিয়ায় দেশব্যাপী মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে গড়িমসির কারণেও বাংলাদেশ ক্ষুব্ধ। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, ভ্রমণ ও সীমান্ত নিরাপত্তাসহ সম্পর্ক স্বাভাবিক করতে হলে আগামী নির্বাচিত সরকারের দিকে ভারতকে অত্যন্ত ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। বিরাজমান উত্তেজনা হ্রাসে অত্যন্ত শান্তি ও বন্ধুত্বপূর্ণ উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে আগ বাড়িয়ে বিশেষ কিছু করতে হবে না। শেখ হাসিনার বিচার ও তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে আন্তর্জাতিক আইন রয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমনকি ভারত সরকার স্বীকৃত আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নয়। এ ব্যাপারে বিএনপি নেতা তারেক রহমান বলেছেন, ভারত তার সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরাগভাজন হয়েছে। সুতরাং সে সম্পর্ক ঠিক করতে হলে তাদেরই অত্যন্ত সুচিন্তিত ও গঠনশীলভাবে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, কারও করদরাজ্য নয়। সুতরাং, বহির্বিশ্বে বাংলাদেশের সঙ্গে কার কী সম্পর্ক হবে তা ঠিক করবে তার ভবিষ্যৎ নির্বাচিত সরকার ও জনগণ। সেটা নিয়ে আমাদের দিকে থেকে কারও কোনো বাড়াবাড়ির প্রয়োজন নেই। এ ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে কারও কোনো অতি উৎসাহ দেখানো হিতে বিপরীত হতে পারে। কারণ ভবিষ্যতে বাংলাদেশ কারও কোনো তাঁবেদারি মেনে নেবে না। বাংলার অতীত ইতিহাসই তার সাক্ষী। বাংলাদেশের বর্তমান জনগণ ও শাসকগোষ্ঠী সে গৌরবোজ্জ্বল অতীত ইতিহাস ও ঐতিহ্যকে অস্বীকার করতে পারবে না। চব্বিশে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার নেতৃত্বাধীন অভ্যুত্থানের সময় তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে (ছাত্রলীগ ও যুবলীগসহ) যারা আহত  ও নিহত হয়েছে, তাদের আইনানুগভাবেই বিচার হতে হবে। এ ক্ষেত্রে আগামী নির্বাচিত সরকারেরও বেশি কিছু বলার থাকতে পারে না। কারণ অপরাধীদের বিচার হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনে, সেজন্য অপরাধ আদালতও গঠন করা হয়েছে। তার বাইরে গিয়ে কেউ কিছু করতে গেলে সে দায়িত্ব তাদেরই বহন করতে হবে।

লেখক: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক, একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা

রামিসার মৃত্যু, অপরাধীর শাস্তি এবং সমাজের দায়

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:১০ পিএম
রামিসার মৃত্যু, অপরাধীর শাস্তি এবং সমাজের দায়
রাজেকুজ্জামান রতন

একটা দেশ তার ভবিষ্যৎ তৈরি করে শিশুদের মাধ্যমে। শিশুদের চোখে স্বপ্ন তৈরি করা সমাজের কাজ, কিন্তু আমাদের শিশুরা পথ চলছে, বড় হচ্ছে দুঃস্বপ্ন আর আতঙ্ক নিয়ে। রামিসার খোলা চোখ যেন তাকিয়ে আছে আর প্রশ্ন করছে, আমাদের জন্য কেমন বাংলাদেশ তৈরি করছ তোমরা?...

রামিসার নৃশংস হত্যার খবরে শিউরে উঠেছিলেন দেশের মানুষ। একটা শিশুর গলা কেটে বালতিতে রেখেছে খুনি। যখন দরজায় ধাক্কা দিয়ে মা ডাকছেন, তখন ঘরের ভেতর তার সন্তানকে গলা কেটে হত্যা করা হচ্ছে। নৃশংসতা বোঝানোর জন্য এটুকুই যথেষ্ট। কিন্তু না, আরও ভয়ংকর বর্বরতার চিত্র দেখেছেন মানুষ। শিশুর শরীর ক্ষত-বিক্ষত, এতটুকু শরীরে নির্মম আঘাতের চিহ্ন, আর তাকে ধর্ষণ করা হয়েছে। কোনো মানবিক বোধসম্পন্ন মানুষ এই ঘটনার বিবরণ পড়ে সুস্থ থাকতে পারেন? তার সন্তান, তার স্বজন অথবা চারপাশের উচ্ছল শিশুদের মুখের দিকে তাকালে বুকের ভেতর কি হাহাকার তৈরি হবে না? এ কোন সমাজে বাস করছি আমরা? এই ঘটনায় কেঁপে উঠেছিল সারা দেশ, বিক্ষোভে ফেটে পড়েছিল। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন এক মাসের মধ্যেই এই নৃশংসতার বিচার হবে।

৭ জুন বেলা ১১টায় রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সোহেল রানাকে ৫ লাখ টাকা ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। হত্যাকাণ্ড সংঘটনের ১৯ দিন এবং মামলা দায়েরের ১৮ দিনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত, আনুষ্ঠানিক অভিযোগ গঠন, অধিকাংশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও আসামিদের সাফাই সাক্ষ্যসহ যাবতীয় বিচারিক কার্যক্রম শেষে মামলাটির রায় ঘোষণা দেশের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে একটা মাইলফলক। মানুষ বলতে পারবেন অন্তত একটি দৃষ্টান্ত তৈরি হলো।

রামিসা আমাদের সমাজকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই আমাদের সমাজ, যেখানে শিশুরা সবচেয়ে নিরাপত্তাহীন। আয়না কখনো মিথ্যা দেখায় না। প্রতিবিম্ব দেখানোর জন্য শুধু উল্টো হয়ে আসে ছবিটা। মানুষের মাথা তাকে আবার সোজা করে দেখে। মুখের ময়লা দূর না করে শুধু আয়না মুছলে চেহারা পরিষ্কার দেখা যাবে না।

কারণ এসব নতুন ঘটনা নয়। রামিসার আগে যেমন পরেও তেমনি ধর্ষণ, হত্যা চলছেই। কিছু ঘটনায় মানুষ উত্তাল হয়ে ওঠেন আর বাকিগুলো কী হয়? শত শত ঘটনা পত্রিকার পাতায় ঠাঁই পায়, আড়ালে থেকে যায় যে কত তার সংখ্যা অনুমান করা ছাড়া উপায় নেই। যেমন ২০২৪ সালের মার্চে মাগুরার আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় পুরো দেশ উত্তাল হয়ে উঠেছিল। তখনো মানুষের বিক্ষোভের কারণে দ্রুত বিচার সম্পন্ন হয়েছিল। শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এর চার দিন পর ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছায়। রায় ঘোষণা এবং ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানোর এক বছর পূর্ণ হলেও পরবর্তী অগ্রগতি কতটুকু, তা আজ অজানা। অথচ ছুটির দিন বাদে টানা শুনানি করে মাত্র ১৪ কার্যদিবসে আলোচিত এই মামলার বিচারকাজ শেষ হয়েছিল। শুধু আছিয়া হত্যাকাণ্ডই নয়, এমন বহু বেদনাকাতর সংবেদনশীল মামলার কাগজ আদালতে ধুলোর আস্তরণে ঢাকা পড়ে আছে। ধর্ষণের দায় স্বীকার করার পরও বছরের পর বছর মামলা ঝুলে থাকে, নিষ্পত্তি হয় না। আবার রায় হলেও তা কার্যকর হয় না, উল্টো অনেক আসামি জামিনে বের হয়ে আসে। ধর্ষণের মতো জঘন্য অপরাধের পরও শাস্তি না হওয়ার আক্ষেপ বুকে নিয়েই বেঁচে থাকতে হয় নির্যাতিত পরিবারগুলোকে। কেউ যখন দেখেন তার প্রিয় সন্তানের খুনি তার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, তখন কি ধিক্কার তৈরি হয় না সমাজ ও বিচারের প্রতি?

আছিয়ার বেদনা না ভুলতেই রাজধানীতে নির্মমতার শিকার হলো দ্বিতীয় শ্রেণি পড়ুয়া সাত বছরের শিশু রামিসা। নারী ও শিশুর জীবন, নিরাপত্তা তাহলে কোথায়? আমাদের বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা যেন অপরাধীদের কাছে একধরনের প্রশ্রয়ের বার্তা দেয়। নির্যাতিতার দোষ খুঁজে বের করা, পোশাকের দোহাই দেওয়া, সাজগোজ করাকে অজুহাত করা এবং শয়তান ভর করার মতো আত্মপক্ষ সমর্থন করার নানা দৃষ্টান্ত দেখা হয়েছে ইতোমধ্যে। কার্যকর ও দৃশ্যমান কোনো শাস্তি না থাকায় নারীর প্রতি সহিংসতা বা ধর্ষণের মতো জঘন্য অপরাধ জ্যামিতিক হারে বেড়েই চলেছে।

সব খবর পত্রিকায় আসে না, পরিসংখ্যান সব বলে না; কিন্তু যা বলে তা কি আতঙ্কিত হওয়ার জন্য যথেষ্ট নয়? বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে পরিচালিত ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা এবং উক্ত প্রতিবন্ধকতাসমূহ নিরসনের কার্যকর উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন গত ২ মে প্রকাশ করা হয়। সেই প্রতিবেদনের তথ্য অত্যন্ত ভয়াবহ: দেশে নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ। প্রায় ৭০ শতাংশ মামলায় খালাস পেয়ে যাচ্ছে আসামিরা। আইন অনুযায়ী ১৮০ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান থাকলেও বাস্তবে একটি মামলা শেষ হতে গড়ে সময় লাগছে ৩ বছর ৭ মাস। প্রতিটি মামলায় গড়ে ২২ বার শুনানির তারিখ পড়ছে। প্রতিবার শুনানিতে স্বজনরা অপমানিত হন, বেদনায় ভারাক্রান্ত হন আর বাড়তে থাকে ক্ষোভ কিংবা অসহায়ত্ব।

এই এক পরিসংখ্যানেই যথেষ্ট আমাদের বিচারব্যবস্থার গতি এবং চিত্র বুঝতে পারার জন্য। কোনো অপরাধের ঘটনা ঘটার পর মামলা হওয়া, আসামি ধরা পড়া এবং সাজা হওয়ার এই পুরো প্রক্রিয়া শেষ করতে কোনো কোনো মামলায় ১০ বছর বা তারও বেশি সময় লেগে যায়। অনেক সময় রায় হওয়ার আগেই মামলার বাদী মারা যান। শুধু তা-ই নয়, আসামি জামিনে বের হয়ে এসে বাদীকে জীবননাশের হুমকি দেওয়ার ঘটনাও অহরহ ঘটে। এ ছাড়া এটা কে না জানে যে, থানায় মামলা করতে গেলে প্রশাসন, প্রভাব এবং পয়সার কী গুরুত্ব। কিছু আপাত নিরীহ পরামর্শ দেওয়া হয়, যেমন মামলা করে কী লাভ? কোনো ফল পাবে না, শুধু টাকা খরচ। বিপদ বাড়বে ইত্যাদি। আবার গ্রাম্য মাতব্বর বা প্রভাবশালী মহল সালিশ-বৈঠকের মাধ্যমে লোক দেখানো শাস্তি, জরিমানা করে মীমাংসা করা আর বাদীকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার নজিরও কম নয়।

কয়েকটা ঘটনা মনে করা যেতে পারে। ২০১৭ সালে টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে জাকিয়া সুলতানা রুপাকে গণধর্ষণ ও হত্যায় ব্যাপক আন্দোলন হয়েছিল। ওই মামলার বিচার থেকে রায় পর্যন্ত ছয় মাসও লাগেনি। রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দেন আদালত। কিন্তু উচ্চ আদালতে দীর্ঘ শুনানি শেষে তিন আসামিকেই সাজা কমিয়ে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়।

গত ১ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে গহিন জঙ্গলে উদ্ধার হওয়া সাত বছরের শিশু জান্নাতুল নাইমা ইরার রক্তাক্ত ছবিটি ভোলার নয়। সিসিটিভি ফুটেজ দেখে বাবু শেখ নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। শিশুটিকে ধর্ষণের চেষ্টা শেষে গলা কেটে জঙ্গলে রেখে যাওয়া হয় বলে পুলিশের তদন্তে উঠে আসে। কিন্তু তিন মাস পার হলেও ওই ঘটনায় এখনো অভিযোগপত্রই দিতে পারেনি পুলিশ।

কুমিল্লার তরুণী সোহাগী জাহান তনু হত্যা মামলার বিচার শুরু হয়নি দীর্ঘ ১০ বছরেও। ওই ঘটনাও সারা দেশে আলোড়ন তৈরি করেছিল। ফেনীতে ২০১৯ সালে আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়ে ১৬ জনের মৃত্যুদণ্ড হয়। সাত বছর পরও ওই মামলা হাইকোর্টে শুনানির অপেক্ষায় আটকে আছে। ফলে কমছে না হত্যা ও ধর্ষণ। মে মাসে দেশে অন্তত ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৫ জন নিহত ও ২৮৯ জন আহত হয়েছেন। একই সময়ে ৬৬টি গণপিটুনি ও সহিংসতার ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩১ জন। এ ছাড়া গত মাসে ৮৩ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন, যাদের প্রায় ৭০ শতাংশের বয়স ১৮ বছরের নিচে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, দেশে ২০১৬ থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত অন্তত ১১ হাজার ৯৩৪টি শিশু নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় মামলা করা হয়েছে ৬ হাজার ১৩৫টি। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছে ৬ হাজার ৩১ জন শিশু, যার মধ্যে ৫ হাজার ৬৩১ জন মেয়ে এবং ৪০০ জন ছেলে শিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে অন্তত ৩১০ জন শিশুকে। ভাবা যায়! কতটা নিরাপত্তাহীন আমাদের শিশুরা।

একটা দেশ তার ভবিষ্যৎ তৈরি করে শিশুদের মাধ্যমে। শিশুদের চোখে স্বপ্ন তৈরি করা সমাজের কাজ, কিন্তু আমাদের শিশুরা পথ চলছে, বড় হচ্ছে দুঃস্বপ্ন আর আতঙ্ক নিয়ে। রামিসার খোলা চোখ যেন তাকিয়ে আছে আর প্রশ্ন করছে, আমাদের জন্য কেমন বাংলাদেশ তৈরি করছ তোমরা? অপরাধীর শাস্তির পাশাপাশি শিশুদের স্বস্তির সমাজ কি তৈরি হবে না? 

লেখক: সদস্য, কেন্দ্রীয় কমিটি
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)
[email protected]

জাতিসংঘ: উন্নয়ন অংশীদার নাকি রাজনৈতিক প্রতিপক্ষ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম
জাতিসংঘ: উন্নয়ন অংশীদার নাকি রাজনৈতিক প্রতিপক্ষ
ড. খলিলুর রহমান

বাংলাদেশ ও জাতিসংঘের অংশীদারির ইতিহাস পাঁচ দশকেরও বেশি পুরোনো। বাংলাদেশের জনগণ জাতিসংঘের কাছে কোনো নির্দিষ্ট সরকার, রাজনৈতিক দল বা মতাদর্শিক গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাশা করে না। বরং তারা আশা করে, সংস্থাটি ভার সর্বজনীন নীতিমালা সমুন্নত রেখে সমগ্র জাতির স্বার্থে কাজ করবে।...

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক অভিযোগ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলি নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ বিতর্ক নতুন করে সামনে এসেছে। জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং আবারও একটি মৌলিক প্রশ্ন উত্থাপিত হয়েছে–একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বৈধ আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং হস্তক্ষেপের সীমারেখা কোথায় টানা উচিত? এ বিতর্ক শুধু বাংলাদেশের নয়। উন্নয়নশীল বিশ্বের বহু দেশে বিভিন্ন সময়ে সরকার, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে তাদের নির্ধারিত ম্যান্ডেট অতিক্রম করার অভিযোগে অভিযুক্ত করেছেন। মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন বা রাজনৈতিক অন্তর্ভুক্তির নামে পরিচালিত কিছু কার্যক্রমকে সমালোচকরা এমন ক্ষেত্র হিসেবে দেখেছেন, যা মূলত জাতীয় সরকার ও অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলোর একান্ত এখতিয়ারভুক্ত।

বর্তমান বিতর্ককে বুঝতে হলে বাংলাদেশ ও জাতিসংঘের সম্পর্কের বৃহত্তর ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করা প্রয়োজন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশ জাতিসংঘ ব্যবস্থার সঙ্গে ঘনিষ্ঠ ও ফলপ্রসূ অংশীদারি বজায় রাখছে। রাজনৈতিক মতাদর্শনির্বিশেষে বিভিন্ন সরকার জনস্বাস্থ্য, শিক্ষা, কৃষি, দারিদ্র্যবিমোচন, দুর্যোগব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নসহ নানা ক্ষেত্রে জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছে। বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপ, আঞ্চলিক উন্নয়ন ব্যাংক এবং বহু আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি জাতিসংঘের প্রায় সব প্রধান সংস্থারই বাংলাদেশে কার্যক্রম চলমান।

বাংলাদেশের উন্নয়নযাত্রায় এসব প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য। শিশুমৃত্যু হ্রাস, সংক্রামক রোগ প্রতিরোধ, দুর্যোগ প্রস্তুতি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন কিংবা মানবিকসংকট মোকাবিলায় জাতিসংঘ গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করেছে। অন্যদিকে বাংলাদেশও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের অন্যতম বৃহৎ অবদানকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। ফলে এ সম্পর্ক পারস্পরিকভাবে লাভজনক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

ঐতিহ্যগতভাবে সদস্য রাষ্ট্রগুলোতে জাতিসংঘের সম্পৃক্ততা মূলত কারিগরি সহযোগিতা, মানবিক সহায়তা এবং উন্নয়ন সহায়তার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

যদিও এসব উদ্যোগের উদ্দেশ্য ছিল সর্বজনীন মূল্যবোধের প্রসার, তবুও এগুলো বিতর্কেরও জন্ম দেয়। বাংলাদেশসহ অনেক দেশে পর্যবেক্ষকদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করে যে, জাতিসংঘের কিছু সংস্থা কি কারিগরি বা মানবিক বিষয়ের পরিবর্তে রাজনৈতিক বিষয়ে ক্রমবর্ধমানভাবে জড়িয়ে পড়ছে?

বাংলাদেশে জাতিসংঘের কথিত রাজনৈতিক সম্পৃক্ততার অন্যতম আলোচিত উদাহরণ দেখা যায় ২০০৭ সালের ১/১১-পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার গঠনের পূর্ববর্তী রাজনৈতিক সংকটের সময়। সে সময় বিভিন্ন মহলে এ ধরনের খবর প্রচারিত হয় যে, রাজনৈতিক পরিস্থিতির আরও অবনতি ঘটলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব প্রতিবেদনের সত্যতা যাই হোক না কেন, জনমনে একটি ধারণা তৈরি হয় যে, বহিরাগত শক্তিগুলো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক গতিপ্রকৃতিকে প্রভাবিত করার চেষ্টা করছে।

পরবর্তী বছরগুলোতে এ ধারণা বিভিন্ন মাত্রায় অব্যাহত থেকেছে এবং কোনো কোনো ক্ষেত্রে আরও শক্তিশালী হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শেষ পর্যায়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক সংস্থাগুলোর বাড়তি নজরদারির বিষয় হয়ে ওঠে। একই সময়ে ২০১৭ সালে মায়ানমার থেকে ১০ লক্ষাধিক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গার আগমন দেশে আন্তর্জাতিক সংস্থাগুলোর উপস্থিতি ও কার্যক্রম বহু গুণে বৃদ্ধি করে।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতন এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এসব উদ্বেগ আরও তীব্র হয়। সংস্কার, শাসনব্যবস্থার পুনর্গঠন এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তন নিয়ে আলোচনায় কিছু জাতিসংঘ কর্মকর্তার দৃশ্যমান সক্রিয়তা সমালোচকদের এ যুক্তিকে শক্তিশালী করে যে, কারিগরি সহায়তা ও রাজনৈতিক সম্পৃক্ততার মধ্যকার সীমারেখা ক্রমশ অস্পষ্ট হয়ে উঠছে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের মন্তব্যের পরও প্রশ্ন দেখা দেয়। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলা নিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কাছে বার্তা পৌঁছানো হয়েছিল। যদিও বাংলাদেশের সামরিক কর্তৃপক্ষ পরবর্তীতে স্পষ্টভাবে জানায় যে, এ ধরনের কোনো যোগাযোগ তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করেনি, তবুও ঘটনাটি চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করে।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনকে কেন্দ্র করে জাতিসংঘ মানবাধিকার দপ্তর প্রস্তুতকৃত প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সম্পর্ক সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক দলিলগুলোর একটি। সমর্থকদের মতে, এটি জবাবদিহি ও মানবাধিকার সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ অবদান। অন্যদিকে সমালোচকদের অভিযোগ, প্রতিবেদনটি একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ানকে প্রতিফলিত করেছে এবং এটি অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় প্রস্তুত করা হয়েছে।

বিতর্ক শুধু প্রতিবেদনেই সীমাবদ্ধ থাকেনি। সমালোচকদের মতে, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা এবং সংসদীয় পর্যালোচনা, অনুমোদন ও অনুসমর্থন এবং কোনো সংরক্ষণ (রিজার্ভেশন) ছাড়াই বাংলাদেশের জোরপূর্বক শ্রম প্রতিরোধবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান এই দুটি পদক্ষেপ পরস্পর সম্পর্কযুক্ত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা উভয় উদ্যোগের প্রক্রিয়া নিয়েই আপত্তি বা সংশয় প্রকাশ করেছিলেন। এ ক্ষেত্রে বিশেষভাবে আলোচনায় এসেছে অন্তর্বর্তী সরকারের কিছু প্রভাবশালী উপদেষ্টার ভূমিকা–বিশেষ করে আইন উপদেষ্টা, তিনজন নারী উপদেষ্টা এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন উপদেষ্টা যিনি আগে মানবাধিকার বিষয়ক একটি এনজিওর কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সমালোচকদের মতে, বাংলাদেশের সার্বভৌমত্ব ও শাসনবাবস্থার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে এমন সিদ্ধান্ত গ্রহণে ভারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের মতে, বর্তমান নির্বাচিত সরকারের উচিত জাতীয় স্বার্থের বৃহত্তর প্রেক্ষাপটে এসব অঙ্গীকার ও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।

জাতিসংঘের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো মানবাধিকার লঙ্ঘনের বিষয়ের কথিত নির্বাচনি বা বাছাইকৃত সক্রিয়তা। সমালোচকদের মতে, ২০২৪ সালের আগস্টের আগে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিষয়ে জাতিসংঘ অভান্ত সক্রিয় থাকলে রাজনৈতিক পট-পরিবর্তনের পর উত্থাপিত অভিযোগগুলো সম্পর্কে তুলনামূলকভাবে অনেক কম সরব ছিল। তাদের মতে, মানবাধিকার লঙ্ঘনের পরবর্তী ঘটনাবলির বিষয়ে জাতিসংঘের সক্রিয়তার পরিবর্তে এর কার্যক্রমের গুরুত্বের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে মূলত ভলকার তুর্কের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের সময় নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আমি ব্যক্তিগতভাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং ইউএন উইমেনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করি। উদ্দেশ্য ছিল ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষায় জাতিসংঘ কীভাবে আরও কার্যকর ভূমিকা নিতে পারে, তা নিয়ে আলোচনা করা। ইউএন উইমেনের কর্মকর্তারা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও তৎকালীন আবাসিক সমন্বয়কারীর প্রতিক্রিয়া আমাকে আশ্বস্ত করতে পারেনি। তার অগ্রাধিকার যেন নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলার পরিবর্তে আলী রীয়াজের নেতৃত্বাধীন কনসেনসাস কমিশনের সঙ্গে সম্পৃক্ততার ওপর বেশি কেন্দ্রীভূত ছিল।

রাজনৈতিক অন্তর্ভুক্তি বিষয়ে তৎকালীন আবাসিক সমন্বয়কারীর কিছু প্রকাশ্য মন্তবা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্তর্ভুক্তিমূলকতা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) এবং জাতিসংঘের সামগ্রিক দর্শনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। ফলে এমন কোনো বক্তব্য, যা প্রধান রাজনৈতিক শক্তিগুলোর অংশগ্রহণের গুরুত্বকে খাটো করে দেখায়, তা জাতিসংঘের নিজস্ব নীতির সঙ্গেই অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হতে পারে। অনেকেই তার বক্তব্যকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার ক্ষেত্রে ইউনূস প্রশাসনের অবস্থানের প্রতি সমর্থন হিসেবেও ব্যাখ্যা করেছেন।

রাজনীতির বাইরেও আন্তর্জাতিক সংস্থাগুলোর কিছু পদক্ষেপ বিতর্কের জন্ম দিয়েছে। ২০১৬ সালের জুলাইয়ে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি অংশ ঢাকাকে ‘নন-ফ্যামিলি ডিউটি স্টেশন’ হিসেবে চিহ্নিত করার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল।

একইভাবে ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর নিয়েও মতপার্থক্য দেখা দেয়। কিছু জাতিসংঘ সংস্থা শুরুতে এ উদ্যোগের বিরোধিতা করে এবং কক্সবাজার ও টেকনাফে বিদ্যমান শিবির সম্প্রসারণের পক্ষে মত দেয়। সমালোচকদের মতে, পরিবেশগত অবক্ষয়, বন উজাড় এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর দীর্ঘমেয়াদি চাপের বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব পায়নি।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নেও হতাশা রয়েছে। অনেক বাংলাদেশির বিশ্বাস, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ব্যবস্থার কিছু অংশ, রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মায়ানমারের ওপর পর্যাপ্ত চাপ প্রয়োগ করতে পারেনি। একই সঙ্গে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা নির্ভর করে তার নিরপেক্ষতা ও জনআস্থা বজায় রাখার সক্ষমতার ওপর। বাংলাদেশ ও জাতিসংঘের অংশীদারির ইতিহাস পাঁচ দশকেরও বেশি পুরোনো। বাংলাদেশের জনগণ জাতিসংঘের কাছে কোনো নির্দিষ্ট সরকার, রাজনৈতিক দল বা মতাদর্শিক গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাশা করে না। বরং তারা আশা করে, সংস্থাটি ভার সর্বজনীন নীতিমালা সমুন্নত রেখে সমগ্র জাতির স্বার্থে কাজ করবে।

আগামী বছরগুলোতে বাংলাদেশে জাতিসংঘ যদি তার বিশ্বাসযোগ্যতা, কার্যকারিতা এবং জনআস্থা অটুট রাখতে চায়, তাহলে সম্পৃক্ততা ও নিরপেক্ষতার মধ্যকার এই সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখা হবে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লেখক: সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ সরকারের সচিব এবং সাবেক সিনিয়র জনস্বাস্থ্য নীতি উপদেষ্টা ও জাতিসংঘের ESCAP-এ বিশ্ব স্থাস্থ্য সংস্থার প্রতিনিধি

মেধার কঙ্কাল ও মায়াহীন সভ্যতা নূরজাহান ট্র্যাজেডির সমাজতাত্ত্বিক পাঠ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:৪১ পিএম
নূরজাহান ট্র্যাজেডির সমাজতাত্ত্বিক পাঠ
ড. দিপু সিদ্দিকী

সন্তানদের শুধু আমলা বা প্রকৌশলী বানানোর অন্ধ ইঁদুরদৌড় বন্ধ করে, সবার আগে তাদের ‘মানুষ’ হিসেবে গড়ে তোলার যৌথ প্রতিজ্ঞা আমাদের রাষ্ট্র, শিক্ষাব্যবস্থা ও পরিবারকে নিতেই হবে।...

মিরপুরের একটি ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী বৃদ্ধা নূরজাহান বেগমের পচাগলা লাশ উদ্ধারের ঘটনাটি স্রেফ কোনো প্রাত্যহিক ক্রাইম রিপোর্টের খতিয়ান নয়। এটি আমাদের রাষ্ট্র, সমাজ এবং সর্বোপরি প্রচলিত শিক্ষাব্যবস্থার নৈতিক দেউলিয়াত্ব ও পচনের এক জীবন্ত ময়নাতদন্ত। ১ জুন রাতে ৯৯৯-এ আসা একটি ফোন কলের সূত্র ধরে পুলিশ যখন মিরপুর-৬ নম্বরের সি-ব্লকের সেই অন্ধকার কক্ষটিতে প্রবেশ করে, তখন সেখানে সভ্যতার এক বীভৎস কঙ্কাল পড়ে ছিল। দীর্ঘদিন অবহেলা, অনাহার আর চরম অমানবিক পরিবেশে পড়ে থাকার কারণে শরীরটিতে পচন ধরেছিল।

এই ট্র্যাজেডির সবচেয়ে নির্মম এবং কুৎসিত অধ্যায়টি উন্মোচিত হয় যখন মৃতার সন্তানদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক পরিচয় সামনে আসে। নূরজাহান বেগম কোনো গৃহহীন বা অনাথ বৃদ্ধা ছিলেন না। তিনি সেই ফ্ল্যাটটিতে নিজের মেয়ের সঙ্গেই থাকতেন, যিনি পেশায় একজন স্কুলশিক্ষিকা। তার অন্য সন্তানদের মধ্যে একজন সরকারের যুগ্ম সচিব, একজন বুয়েটের শিক্ষক এবং অপরজন কানাডাপ্রবাসী। সমাজের সর্বোচ্চ স্তরের সফল, প্রতিষ্ঠিত এবং উচ্চশিক্ষিত সন্তানদের জন্মদাত্রীর এই পরিণতি একবিংশ শতাব্দীর বাঙালি সমাজকে এক চরম আত্মজিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করিয়েছে।

সামাজমাধ্যমের প্রতিক্রিয়া ও দ্বিমুখী দ্বন্দ্ব
এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় তুলেছে। কিন্তু এই ভার্চুয়াল প্রতিক্রিয়ার গভীরতা কতটুকু? এটি কি সাময়িক হুজুগ, নাকি সমাজ পরিবর্তনের কোনো আন্তরিক তাগিদ–তা নিয়ে আজ নির্মোহ বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। কারণ, নূরজাহানের এই চলে যাওয়া কোনো বিচ্ছিন্ন পারিবারিক দুর্ঘটনা নয়। এটি আমাদের রাষ্ট্র ও সমাজে জ্যামিতিক হারে বাড়তে থাকা এক গভীর মনস্তাত্ত্বিক ও কাঠামোগত সংকটের খণ্ডচিত্র মাত্র। যখন কোনো বাবা বা মা নিঃসঙ্গ অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেন, তখন সমাজ খুব দ্রুত সন্তানদের আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। চারদিকে রব ওঠে–‘সন্তানরা অকৃতজ্ঞ এবং অমানুষ ছিল।’ কিন্তু আমরা কখনো নিজেকে প্রশ্ন করি না–যে সন্তানকে আজ অকৃতজ্ঞ বলছি, তাকে কৃতজ্ঞতা শেখানো হয়েছিল কবে? যে সন্তানকে আজ হৃদয়হীন বলছি, তার হৃদয়টা ভেঙেছিল কে?

একটা শিশু পৃথিবীতে আসে মায়া নিয়ে। তার পর ধীরে ধীরে আমরা তাকে বদলে দিতে শুরু করি। আমরা বলি–ওকে হারাতে হবে, ওর চেয়ে বেশি নম্বর পেতে হবে, ওর চেয়ে বড় হতে হবে। আমরা তার হাতে বই দিই, কিন্তু মানবতা দিই না। আমরা তাকে অঙ্ক শেখাই, কিন্তু সম্পর্কের হিসাবের বাইরে ভালোবাসতে শেখাই না। আমরা তাকে সফল হওয়ার শিক্ষা দিই, কিন্তু কারও চোখের জল মুছে দেওয়ার শিক্ষা দিই না। বছরের পর বছর আমরা তার ভেতরের কোমল মানুষটাকে হত্যা করি, তার পর একদিন আশা করি–সে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসবে। এ যেন একটি গাছের শেকড়ে প্রতিদিন বিষ ঢেলে, শেষ বয়সে এসে মিষ্টি ফল খুঁজে বেড়ানোর মতো।

আধুনিক শিক্ষার ভ্রান্তি: মেশিন বনাম মানবিক সত্ত্বা
আমরা এমন এক সময়ে বাস করছি, যা চতুর্থ শিল্পবিপ্লব এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) জোয়ারে ভাসছে। ডেটা সায়েন্স, মেশিন লার্নিং আর করপোরেট ম্যানেজমেন্টের মতো বিষয়ে জ্ঞানলাভের এক অন্ধ প্রতিযোগিতা চলছে আমাদের চারপাশে। নতুন প্রযুক্তি আসছে–এটি নিঃসন্দেহে সময়ের দাবি। কিন্তু এসব অগ্রগতির কেন্দ্রে যে উপাদানটি থাকার কথা ছিল, তা হলো ‘মানুষ’। মানুষের সেবায়, মানুষের আত্মিক কল্যাণে কীভাবে এ বিজ্ঞানকে কাজে লাগানো হবে, সেই পরিমিতিবোধ মানুষকে কে দেয়? এই চেতনা কোনো ল্যাবরেটরি বা কোডিং ক্লাসরুম থেকে আসে না; এটি আসে কলা (Arts), সাহিত্য, ইতিহাস এবং সামাজিক দর্শনবিষয়ক চর্চা থেকে।

দর্শনহীন বিজ্ঞান আর মূল্যবোধহীন উচ্চশিক্ষা মানুষকে মানুষ বানায় না, বরং তাকে পরিণত করে একেকটি দক্ষ, সংবেদনহীন, স্বার্থপর রোবটে। নূরজাহান বেগমের সন্তানরা বুয়েটে পড়াতে পারেন, সরকারের নীতিনির্ধারণ করতে পারেন, ক্লাসরুমে শিশুদের পাঠ দিতে পারেন–কিন্তু মায়ের জীর্ণ ঘরের খবর রাখার, অসুস্থ জন্মদাত্রীর পাশে দাঁড়ানোর ন্যূনতম মানবিক বোধটুকু তাদের ভেতর গড়ে ওঠেনি। কারণ, আমাদের শিক্ষাব্যবস্থা তাদের ‘সফল’ হতে শিখিয়েছে, ‘মানুষ’ হতে শেখায়নি।

আত্মকেন্দ্রিক পরিবার ও করপোরেট দাঁড়িপাল্লা 
এ সংকটের শেকড় আরও গভীরে, আমাদের মনস্তাত্ত্বিক রূপান্তরে। বর্তমান বিশ্বায়িত অর্থনীতি দাঁড়িয়ে আছে ব্যক্তিস্বার্থ আর চরম ভোগবাদের ওপর। আমাদের সনাতন যৌথ পরিবারের সুরক্ষামূলক কাঠামো ভেঙে আমরা এখন ‘আমি, আমার সঙ্গী আর আমার চার দেয়াল’–এই আত্মকেন্দ্রিক অণু-পরিবার সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়েছি। এই পুঁজিবাদী সমাজব্যবস্থায় সম্পর্কগুলোও এখন লাভ-ক্ষতির করপোরেট দাঁড়িপাল্লায় পরিমাপ করা হয়।

ড. সুকোমল বড়ুয়ার দর্শন ও বাস্তবায়নের শূন্যতা
কারিগরি শিক্ষার এই নৈতিক মহামারি থেকে সমাজকে বাঁচাতে প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া দীর্ঘদিন ধরে শিক্ষার আত্মিক রূপান্তরের কথা বলে আসছেন। তার মতে, কেবল বস্তুগত শিক্ষা মানুষকে অহংকারী ও বিচ্ছিন্ন করে তোলে। এর বিপরীতে তিনি আমাদের পাঠ্যক্রমে অহিংসা, পারস্পরিক মৈত্রী এবং অসাম্প্রদায়িক সামাজিক দর্শনের মেলবন্ধনের ওপর জোর দিয়েছেন। তিনি মূলত ‘মানবিক জ্ঞান ও বিজ্ঞানের একটি সমন্বিত শিক্ষা মডেল’ প্রস্তাব করেন। বিভিন্ন ফোরামে তার এই দূরদর্শী চিন্তাধারা প্রশংসিত হলেও রাষ্ট্রীয় নীতিনির্ধারক মহল, শিক্ষা মন্ত্রণালয় কিংবা কারিকুলাম বোর্ড তা বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই দর্শনকে প্রাতিষ্ঠানিকভাবে বাধ্যতামূলক করা যায়নি বলেই আজ সমাজ এমন মানবিক শ্মশানে পরিণত হয়েছে, যেখানে কাগজের সার্টিফিকেটের আড়ালে তৈরি হচ্ছে ‘উচ্চশিক্ষিত অমানুষ’।

উত্তরণের পথ: আইন বনাম মনস্তাত্ত্বিক সংস্কার
এই সামাজিক মড়ক থেকে সমাজ ও রাষ্ট্রকে বাঁচাতে হলে আমাদের এখনই একটি সমন্বিত এবং দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। এ সংকটের সমাধান কেবল একতরফা আইনি প্রয়োগে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন দ্বিমুখী নীতি। বলা যেতে পারে-
আইনের কঠোর প্রয়োগ: বাংলাদেশে ২০১৩ সালের ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ রয়েছে। এটি একটি ভালো আইন হলেও সচেতনতার অভাব ও আইনি জটিলতার কারণে এর প্রয়োগ অত্যন্ত সীমিত। এ আইনের ধারাগুলো আরও কঠোর ও গতিশীল করা সময়ের দাবি। মা-বাবাকে অবহেলাকারী সন্তানদের চাকরি, পদোন্নতি বা রাষ্ট্রীয় সুযোগসুবিধা বাতিলের মতো দৃষ্টান্তমূলক শাস্তির বিধান যুক্ত করতে হবে।

পারিবারিক ও সামাজিক মনস্তত্ত্বের সংস্কার: আইন দিয়ে রাষ্ট্র কাউকে শারীরিকভাবে পাশে দাঁড় করাতে পারবে, কিন্তু মনের ভেতরের সহানুভূতি জোর করে তৈরি করতে পারবে না। সেটার জন্য প্রয়োজন পারিবারিক মনস্তত্ত্বের আমূল সংস্কার। প্রকৃতির সবচেয়ে কঠিন নিয়ম হলো–যা বপন করবে, একদিন তাই ফিরে আসবে। তাই সন্তানকে শেখান–একটা ক্ষুধার্ত প্রাণীকে খাবার দিতে, একটা কান্নারত মানুষকে সান্ত্বনা দিতে, একটা সম্পর্ককে আগলে রাখতে। কারণ জীবনের শেষ অধ্যায়ে এসে মানুষ বুঝতে পারে–এই পৃথিবীতে সবচেয়ে বড় অভাব অর্থের নয়, সবচেয়ে বড় অভাব ভালোবাসার।

সবচেয়ে করুণ মৃত্যু সেটা নয়, যখন মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়। সবচেয়ে করুণ মৃত্যু তখনই ঘটে, যখন জীবিত অবস্থাতেই একটি হৃদয়ের ভেতর থেকে মায়া, ভালোবাসা আর মানবিকতা মারা যায়। সন্তানদের শুধু আমলা বা প্রকৌশলী বানানোর অন্ধ ইঁদুরদৌড় বন্ধ করে, সবার আগে তাদের ‘মানুষ’ হিসেবে গড়ে তোলার যৌথ প্রতিজ্ঞা আমাদের রাষ্ট্র, শিক্ষাব্যবস্থা ও পরিবারকে নিতেই হবে। নয়তো আজ যে অবহেলা আর নির্মমতার শিকার এই মা হলেন, কাল সেই একই ভয়াবহ নিয়তি আমাদের প্রত্যেকের দরজায় এসে কড়া নাড়বে।

লেখক: প্রাবন্ধিক এবং কবি; ডিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা

সন্ত্রাসবিরোধী যুদ্ধ এবং শত্রু-মিত্র খেলা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:১৭ পিএম
সন্ত্রাসবিরোধী যুদ্ধ এবং শত্রু-মিত্র খেলা
আনু মুহাম্মদ

যুক্তরাষ্ট্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এসব দেশে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শতভাগ ভুল কথা।  স্বৈরাচার সাম্রাজ্যবাদের জন্য কখনোই সমস্যা না, বরং বিশ্বে স্বৈরাচারী শাসকদের প্রধান অংশ তাদেরই তৈরি কিংবা তাদেরই লোক। স্বৈরশাসক তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা বিরক্ত হয়।...

পুঁজিবাদের সম্প্রসারণে ঔপনিবেশিক ব্যবস্থা খুবই সহায়ক হয়েছিল। আর উপনিবেশগুলোতে রাজনৈতিক ক্ষমতা সম্প্রসারণে পশ্চিমা মিশনারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ভূমিকা ছিল স্থানীয় এক ধরনের ধর্মীয় নেতা ও ক্ষমতাবানদেরও। আবার ঔপনিবেশিক শাসনবিরোধী অবস্থানেও কোনো কোনো মিশনারি ও স্থানীয় কোনো কোনো ধর্মীয় নেতার ভূমিকা দেখা গেছে। উত্তর উপনিবেশকালে প্রান্তস্থ দেশগুলোতে খুঁটি ধরে রাখতে, বিপ্লব ঠেকাতে পুঁজিবাদীকেন্দ্র বা সাম্রাজ্যবাদী দেশগুলো ধর্মীয় শক্তি ব্যবহারে ব্যাপক সাফল্য দেখিয়েছে। মূলধারার চার্চ সাম্রাজ্যবাদের খুঁটি হিসেবে বরাবরই কাজ করেছে। তারা একদিকে মুসলিম রাজতন্ত্র টিকিয়ে রাখতে সবরকম ব্যবস্থা নিয়েছে, অন্যদিকে ইসরায়েলকে একটি বিষফোঁড়া হিসেবে প্রতিষ্ঠার মধ্যদিয়ে তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যে নিজেদের দীর্ঘমেয়াদি অবস্থান পাকাপোক্ত করেছে। মুসলিমপ্রধান দেশগুলোতে তাদের অনুগত ইসলামপন্থি দল ও ধর্মীয় নেতাদের মাধ্যমে বিপ্লববিরোধী আতঙ্ক সৃষ্টি করার কাজ সহজ ছিল। বস্তুত, এই ধর্মপন্থিরা এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অনেক দেশে জনগণের মুক্তির লড়াই ঠেকাতে সামরিক বেসামরিক স্বৈরশাসকদের সমর্থন দেওয়ার মাধ্যমে সাম্রাজ্যবাদের আধিপত্যের পথই সুগম করেছে।

এভাবেই যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী শক্তি আশির দশক পর্যন্ত বিভিন্ন অঞ্চলে অনেক ধর্মপন্থি সংগঠন, প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠীকে ধর্মরক্ষার নাম করে নিজেদের আধিপত্য নিশ্চিত করার কাজে ব্যবহার করেছে। এর একটি বড় উদাহরণ আফগানিস্তান। প্রথমে মুজাহিদিনদের মাধ্যমে আফগানিস্তানে সোভিয়েত সমর্থিত সরকার উচ্ছেদ করে যুক্তরাষ্ট্র। সে সময় আফগান মুজাহিদিনদের সবরকম পৃষ্ঠপোষকতা দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে। এর অংশীদার ছিল সৌদি আরবও। ইউএসএইড সরবরাহ করেছে ইসলামের নামে সহিংস উন্মাদনা সৃষ্টির মতো বই, শিশুদের পাঠ্যপুস্তক। যার মধ্যে সোভিয়েত সৈন্যের চোখ উপড়ে ফেললে বেহেশতে যাওয়ার প্রতিশ্রুতিও ছিল।  আফগানিস্তানে সিআইএর এসব কার্যক্রম বাস্তবায়নে মাঠের ভূমিকা পালন করেছে পাকিস্তান সেনাবাহিনী। সামরিক শাসনের মাধ্যমে জেনারেল জিয়াউল হকের মতো এক বাধ্য নিষ্ঠুর  সামরিক জেনারেলকে ক্ষমতায় অধিষ্ঠিত করা সে সময় যুক্তরাষ্ট্রের খুব কাজে দিয়েছে।

মুজাহিদিনদের অস্থিতিশীল শাসনের সময়েই একপর্যায়ে আকস্মিকভাবে বিশাল শক্তি নিয়ে আবির্ভূত হয় তালেবান। মুজাহিদিনদের বিরুদ্ধে যাদের অস্ত্র, সরঞ্জাম, প্রশিক্ষণ এবং কৌশলগত সমর্থন সবই জোগান দিয়েছে সেই একই যুক্তরাষ্ট্র। প্রথম দফায় তালেবানরা আফগানিস্তানে ক্ষমতা দখলের সূচনা করে ১৯৯৭ সালের ২৪ মে। ঠিক তার আগের দিন যুক্তরাষ্ট্রের বৃহৎ ব্যবসা জগতের মুখপাত্র ওয়াল স্ট্রিট জার্নাল আফগানিস্তান নিয়ে একটি সম্পাদকীয় প্রকাশ করে। সেখানে লেখা হয়: আফগানিস্তান হচ্ছে মধ্য এশিয়ার তেল, গ্যাস ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ রপ্তানির প্রধান পথ।... তাদের পছন্দ কর বা না কর ইতিহাসের এই পর্যায়ে তালেবানরাই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য সবচেয়ে উপযুক্ত। দুই দিন পর অর্থাৎ ১৯৯৭ সালের ২৬ মে যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় পত্রিকা নিউইয়র্ক টাইমস লেখে: ক্লিনটন প্রশাসন মনে করে যে, তালেবানদের বিজয় ইরানের পাল্টা শক্তি হিসেবে দাঁড়াবে... এমন একটি বাণিজ্য পথ উন্মুক্ত করবে যা এই অঞ্চলে রাশিয়া ও ইরানের প্রভাবকে দুর্বল করবে।

মার্কিন তেল কোম্পানি ইউনোকল, যারা ১৯৯৯ থেকে ২০০৩ সময়ে বাংলাদেশ থেকে গ্যাস ভারতে রপ্তানির জন্য অনেক চেষ্টা করেছে, ক্লিনটন প্রশাসন ও ওয়াল স্ট্রিট জার্নালের অবস্থানকে ‘খুবই ইতিবাচক অগ্রগতি’ বলে অভিহিত করে। এই কোম্পানি বিশ্ববাজারে বিক্রির জন্য তুর্কমেনিস্তান থেকে আফগানিস্তান হয়ে পাকিস্তান পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে গ্যাস ও অপরিশোধিত তেল নেওয়ার প্রকল্প নিয়ে অপেক্ষা করছিল।

১৯৯০-এর শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব আধিপত্যের জন্য যুক্তরাষ্ট্রের নতুন শত্রুপক্ষ দরকার হয়। ১৯৯১ সালে প্রথম দফা ইরাক আক্রমণের মধ্যদিয়ে পরবর্তী কয়েক দশকের যাত্রাপথ নির্মিত হয়। একদিকে ‘গণতন্ত্র’ ও ‘শান্তি’র প্রতিপক্ষ ‘সন্ত্রাসী’ হিসেবে সবরকম বিদ্বেষী প্রচারণা, বৈষম্য ও আক্রমণের লক্ষ্যবস্তু হতে থাকে মধ্যপ্রাচ্য, আরব ও মুসলমান পরিচয়ের মানুষ। অন্যদিকে রাজা-বাদশাসহ মুসলিমপ্রধান দেশের শাসকদের দেখা যায় সাম্রাজ্যবাদী এ নকশা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনে। এ সময় থেকে ‘ইসলামি সন্ত্রাসী’র তৎপরতাও বেশি বেশি দেখা যায়, যা এই নকশা এগিয়ে নিতে খুবই প্রয়োজনীয় ছিল।

২০০১ সালে নিউইয়র্কের ‘টুইন টাওয়ার’ হামলার পর থেকে এই কর্মসূচির অধিকতর সামরিকীকরণ ঘটে। ফুলিয়ে-ফাপিয়ে তোলা স্পষ্ট-অস্পষ্ট, ঘোষিত-অঘোষিত, ‘সন্ত্রাসী’দের  বিরুদ্ধে ২০০১ থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তথাকথিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ একটি বৈশ্বিক এজেন্ডার রূপ দেয়। আরব বিশ্বে রাজতন্ত্রকে ভর করেই এ সন্ত্রাসী আধিপত্য বিস্তৃত হয়। পাশাপাশি পুরোনো মিত্রদেরই সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র, মিডিয়াসহ তাদের নানা সংস্থার মাধ্যমে বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানবিদ্বেষী প্রচারণা জোরদার হয়। এ প্রচারণার প্রতিক্রিয়ায় ধর্মীয় পরিচয় ও রাজনীতির ক্ষেত্রও উর্বর হতে থাকে। অন্যদিকে অপমান, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে মুসলমানদের ক্ষোভের ওপর ভর করে বিশ্বজুড়ে ইসলামপন্থি রাজনীতির নতুনভাবে প্রসার ঘটে।

এ সূত্র ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নারী-পুরুষ-শিশুসহ বহু নিরীহ মানুষ খুন হয়েছে। মসজিদ, মন্দির গির্জা, মেলা, উৎসব, ভাস্কর্য আক্রান্ত হয়েছে। ইসলামের নাম নিয়ে এসব গোষ্ঠীর বর্বর দিগভ্রান্ত সন্ত্রাসী তৎপরতার কারণে বিশ্বব্যাপী মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। রাষ্ট্রের দমনপীড়ন, সহিংসতা বেড়েছে, বিশ্বে অশান্তি বেড়েছে। এগুলোকে কেউ ‘জিহাদ’, কেউ ‘সাম্রাজ্যবাদবিরোধী লড়াই’ বলে মহিমান্বিত করতে চান। মোহমুক্ত থাকলে এসব বয়ান যে কত ভ্রান্ত তা উপলব্ধি কঠিন নয়। কারণ এসব আক্রমণ-সন্ত্রাস বিশ্বের ক্ষমতাবান রাষ্ট্র, ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থাপনার বিরুদ্ধে দেখা যায় না। সে কারণে তাদের দুর্বলও করে না, বরং তাদের দমনপীড়ন ব্যবস্থার পক্ষে আরও বিস্তৃত যুক্তি তুলে ধরে। সেই সূত্র ধরেই গত আড়াই দশকে যুক্তরাষ্ট্রের অভিভাবকত্বে পরিচালিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে দেশে দেশে জনগণের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস-জুলুম আরও বেড়েছে। রাষ্ট্র আরও সশস্ত্র এবং নৃশংস হয়েছে।

অনেকে এও যুক্তি দিতে চেষ্টা করে যে, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ‘ইসলামি জঙ্গি’দের বিরুদ্ধে সেকুলার শক্তির পক্ষে। এটিও আরেকটি বড় ভ্রান্তি। বস্তুত, নির্বাচিত এবং সেক্যুলার সরকার উচ্ছেদে মার্কিনি রেকর্ড অনেক। চিলিসহ ল্যাটিন আমেরিকায় এর দৃষ্টান্ত অনেক, বিশ্বের অন্য প্রান্তেও। যেমন, ’৭০ ও ’৮০-এর দশকে আফগানিস্তানে সেক্যুলার সরকারই ক্ষমতায় ছিল, কিন্তু তাদের অপরাধ তারা ছিল মার্কিনবিরোধী। অথচ এ সরকারগুলো আফগানিস্তানে ভূমি সংস্কার, নারী অধিকার, শিক্ষা ও চিকিৎসা সংস্কারে অনেক দূর অগ্রসর হয়েছিল। এদের উচ্ছেদ করে মার্কিন রাষ্ট্র এমন শক্তিকে একের পর এক ক্ষমতায় এনেছে যারা এগুলোর ঘোর বিরোধী।  ইরাক ও লিবিয়াতেও সেক্যুলার সরকারই ক্ষমতায় ছিল। তাদের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার সমস্যা থাকলেও জাতীয় সক্ষমতা, শিক্ষা, চিকিৎসা, বিশুদ্ধ পানিসহ জনঅধিকারের ক্ষেত্রে সেখানে অনেক সাফল্য ছিল। যুক্তরাষ্ট্রের আগ্রাসনে সাদ্দাম ও গাদ্দাফির শাসনব্যবস্থা উচ্ছেদের পর সেসব ব্যবস্থা তছনছ হয়েছে। আর সেখানে বিভিন্ন ধর্মপন্থি গোষ্ঠীর প্রভাব, সংঘাত বেড়েছে। সর্বশেষ সিরিয়াতেও তাই ঘটল।

এ রকমও কেউ কেউ বলেন যে, যুক্তরাষ্ট্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এসব দেশে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শতভাগ ভুল কথা।  স্বৈরাচার সাম্রাজ্যবাদের জন্য কখনোই সমস্যা না, বরং বিশ্বে স্বৈরাচারী শাসকদের প্রধান অংশ তাদেরই তৈরি কিংবা তাদেরই লোক। স্বৈরশাসক তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা বিরক্ত হয়।

লেখক: শিক্ষক, লেখক এবং ত্রৈমাসিক জার্নাল সর্বজনকথার সম্পাদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই নতুন উপ-উপাচার্য নিয়োগ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:২৬ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১০:৩০ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই নতুন উপ-উপাচার্য নিয়োগ
অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-অধ্যাপক ড. মো. শামসুল আলম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও উপ-উপাচার্য (শিক্ষা) পদে দুই অধ্যাপককে নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামকে উপ-উপাচার্য (প্রশাসন) এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলমকে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ- যেটি আগে ঘটবে, ততদিন তারা নিজ নিজ পদে বহাল থাকবেন। উপ-উপাচার্য হিসেবে তারা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন।

এছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তারা বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং উপাচার্য দ্বারা অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আমানউল্লাহ/ আজহার