বর্তমানে দেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ৯টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। খুলনা এগুলোর অন্যতম। খুলনা আঞ্চলিক কার্যালয়ের অধীনে রয়েছে ১০টি জেলা ও ৫৯টি উপজেলা। প্রতিটি উপজেলায় গড়ে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান হলে মোট দাঁড়ায় ১ হাজার ৭৭০টি (বাস্তবে শিক্ষাপ্রতিষ্ঠান আরও বেশি)। ১ হাজার ৭৭০টির মধ্যে যদি ৩০ শতাংশ প্রতিষ্ঠান থেকে আবেদন যায়, তা হলেও ফাইলের সংখ্যা দাঁড়ায় ৫৩১টি। এত ফাইল পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করতে গিয়ে অনেক সময় কিছু ফাইল অনিষ্পত্তি অবস্থায় পড়ে থাকে। এ ছাড়া খুলনা আঞ্চলিক অফিসের অনেকেই এখন উৎকোচ বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। তা ছাড়া ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে কুষ্টিয়া জেলা খুলনা বিভাগের একেবারেই শেষপ্রান্তে অবস্থিত। কুষ্টিয়া থেকে খুলনার দূরত্ব ১৫৯ কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় ৫/৬ ঘণ্টা। খুলনা আঞ্চলিক অফিসের কাজের চাপ, অব্যাহত দুর্নীতি হ্রাস ও শিক্ষক হয়রানি বন্ধ করতে বৃহত্তর কুষ্টিয়ার তিনটি জেলা, পার্শ্ববর্তী ঝিনাইদহ ও মাগুড়া জেলা- এই মোট পাঁচটি জেলা নিয়ে পৃথক একটি আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হলে দ্রুত সময়ে ফাইলগুলো নিষ্পত্তি হবে। এর সঙ্গে সঙ্গে শিক্ষক-কর্মচারীদের সময়, অর্থ ও ভোগান্তিও অনেক কম হবে।
উল্লেখ্য, মাত্র চারটি জেলা নিয়ে মাউশির কুমিল্লা অঞ্চল গঠিত হয়েছে। তা হলে পাঁচটি জেলা নিয়ে কুষ্টিয়ায় আলাদা একটি আঞ্চলিক কার্যালয় স্থাপন করা যেতেই পারে। তাই বর্তমান সরকারের কাছে প্রত্যাশা কুষ্টিয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষার পৃথক একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।
মো. হায়দার আলী
মিলপাড়া, কুষ্টিয়া
[email protected]