রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পনা করা হয়েছে। স্মার্ট ক্যাম্পাস গড়ে তুলতে গবেষণাভিত্তিক পড়াশোনার পাশাপাশি বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ। অথচ ক্যাম্পাসের ইন্টারনেটের নাজেহাল অবস্থা। বিশেষ করে হল ও একাডেমিক ভবন এবং সেন্ট্রাল লাইব্রেরির ওয়াইফাই-এর বেহাল দশা। মন্থর গতির ওয়াইফাই সংযোগ, যা চালানোই এখন শিক্ষার্থীদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দুর্বল ইন্টারনেট সংযোগের ফলে অনলাইন ক্লাস, রিসার্চ, অ্যাসাইনমেন্ট, জার্নাল ডাউনলোডসহ বিভিন্ন একাডেমিক কাজ নিয়মিত বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ঘটে যাওয়া খবরাখবর জানতে বেগ পেতে হচ্ছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র সেন্ট্রাল লাইব্রেরিতেও এ সমস্যা জটিল আকার ধারণ করেছে। ফলে শিক্ষার্থীরা ই-লার্নিং, ডেটাবেস কালেক্ট, ই-মেইল এবং গবেষণা কার্যক্রম নির্বিঘ্নে করতে পারছে না। ওয়াইফাই বিষয়ে শিক্ষার্থীরা প্রতিনিয়ত অভিযোগ জানিয়েও এর প্রতিকার পাচ্ছেন না। এই আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে স্মার্ট ক্যাম্পাস গড়ে তুলতে হল, একাডেমিক ভবন এবং সেন্ট্রাল লাইব্রেরিতে উচ্চগতিসম্পন্ন ওয়াইফাই স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য রাকসু প্রতিনিধি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. কাওসার ইসলাম নয়ন
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় রাইটার্স সোসাইটি
[email protected]