রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের অবস্থা এখন মারাত্মকভাবে উদ্বেগজনক। ২১ নভেম্বরের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর হলে নতুন করে পিলার, বিম, দেয়াল এবং বারান্দায় ফাটল দেখা দিয়েছে। হলের বিভিন্ন জায়গায় অস্বাভাবিক ফাটল দৃশ্যমান হলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে, ভবনের কাঠামোগত স্থিতিশীলতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভয় ও হতাশার সৃষ্টি হয়েছে।
এ হলে বর্তমানে প্রায় ১১০০ শিক্ষার্থী থাকেন। উপায় না পেয়ে শিক্ষার্থীরা এখনো এই হলে অবস্থান করছেন। হলটি বেশ পুরোনো এবং এর কাঠামো প্রায় দুর্বল হয়ে পড়েছে। ভূমিকম্প ছাড়াও যেকোনো সময় যেকোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাছাড়া দেশে যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্প হওয়ারও সতর্কতা রয়েছে। ফলে, এ হলের শিক্ষার্থীরা ভয়ংকর দুর্ঘটনার শিকার হতে পারে। এমতাবস্থায় মন্নুজান হলের শিক্ষার্থীদের জন্য বিকল্প নিরাপদ আবাসনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।
জাফরিন ইসলাম
দর্শন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
[email protected]