দক্ষিণ চট্টগ্রাম বিখ্যাত আলেম-ওলামা ও বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিত্বের জন্য সুপরিচিত। বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার মতো আলেম-ওলামা ও পীর-মাশায়েখসহ বহু গুণীজন উপহার দিয়েছে দক্ষিণ চট্টগ্রাম জেলা। অত্র জেলার আলেমরা অনেক আন্দোলন ও সংগ্রামের রূপকার এবং পুরোধা ছিলেন এবং শিক্ষাবিস্তারের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখেন। এমনকি তাদের মধ্যে অনেকেই উপমহাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে সুনাম ও সুপ্রসিদ্ধ লাভ করেছেন। উল্লেখ্য, দক্ষিণ চট্টগ্রামে অসংখ্য মাদ্রাসা থাকলেও এখানে কোনো সরকারি আলিয়া মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয় নেই। সারা দেশে একটি মাত্র ইসলামি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ কারণে অনেক শিক্ষার্থী ধর্মীয় বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
দক্ষিণ চট্টগ্রামে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় বড্ড প্রয়োজন। চন্দনাইশ উপজেলা অন্যান্য উপজেলার ক্ষেত্রে মধ্যবর্তী উপজেলা। যোগাযোগব্যবস্থাও দারুণ। সে হিসেবে চন্দনাইশ একটি ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার চমৎকার ও উপযুক্ত স্থান। উল্লেখ্য, অতীতেও এই জনপদের শিক্ষক-ছাত্র, আলেম-ওলামা ও পীর-মাশায়েখসহ সাধারণ জনগণ দক্ষিণ চট্টগ্রামে ইসলামি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য দাবি করে এলেও কোনো সরকারই তা গুরুত্ব কিংবা কর্ণপাত করেনি। বর্তমান সময়ে দক্ষিণ চট্টগ্রামে ইসলামি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি আজ এ অঞ্চলের মাটি ও মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে দক্ষিণ চট্টগ্রামে একটি ইসলামি বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দাবি জানাচ্ছি।
মোহাম্মদ ইমাদ উদ্দীন
সাধারণ সম্পাদক, বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতি
সদস্য, চট্টগ্রাম ইতিহাস চর্চাকেন্দ্র
[email protected]