দক্ষিণ চট্টলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া বটতল থেকে খানহাট পর্যন্ত গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনের সড়কে সাধারণ মানুষের চলাচলের চরম ভোগান্তি হচ্ছে প্রতি নিয়ত। অল্প বৃষ্টিতে হাঁটুপানি জমে থাকে। এ সড়ক দিয়ে সাব-রেজিস্ট্রার অফিস, খানহাট বাজার, জামে মসজিদ, মমতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজ, মমতাজ বেগম কিন্ডারগার্টেন, গাছবাড়িয়া সরকারি কলেজ, হাশিমপুর মকবুলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার অসংখ্য মানুষ চলাচল করে থাকে। চন্দনাইশ পৌরসভার শহিদ মুরিদুল আলম সড়কের গাছবাড়িয়া বটতল থেকে খানহাট পর্যন্ত সড়কটির মাঝখানে নালার কাজ সম্পন্ন করলেও নালার দুই পাশে রাস্তার কাজ এখনো সম্পন্ন হয়নি। সড়ক কেটে মাঝখান দিয়ে পৌরসভা কর্তৃপক্ষ নালা করার কারণে সড়কের পানি যথাযথভাবে চলাচল করতে পারছে না। ফলে অল্প বৃষ্টিতে সড়কে হাঁটু পরিমাণ পানি জমে থাকার কারণে সড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। তাছাড়া সংস্কারের অভাবে নালার দুই পাশে রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। একটু বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে ভরে থাকে।
এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীর পক্ষ থেকে জনদুর্ভোগ দূর করতে গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনের সড়কটি চলাচলের উপযোগী করে তোলার জন্য নবনির্বাচিত এমপি জসীম উদ্দিন আহমেদ, উপজেলা প্রশাসক এবং পৌর প্রশাসকের প্রতি জোর দাবি জানাচ্ছি।
মোহাম্মদ ইমাদ উদ্দীন
সংগঠক ও কলামিস্ট, চন্দনাইশ, চট্টগ্রাম
[email protected]