ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
আলোচিত না হলেই তদন্ত ও বিচারে ধীরগতি ৮ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি ভয়ভীতি দেখিয়ে নারী-শিশুদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ: ভারতের মানবাধিকার সংগঠন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে: জাতীয় মুক্তি কাউন্সিল আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৩ নিয়মের তোয়াক্কা নেই, সড়কে বেপরোয়া ডিএসসিসির ডাম্পট্রাক চার দিনের সফরে বেইজিং গেছেন তথ্যমন্ত্রী কক্সবাজারে মানবপাচার চক্রের মূলহোতা ছৈয়দুল হক আটক ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই শরীয়তপুরে মব করে প্রধান শিক্ষকের ওপর হামলা এনসিটিবিসহ চার শিক্ষা বোর্ডে নতুন নেতৃত্ব স্বপ্নে গান শোনা আসলে কীসের ইঙ্গিত? ব্যস্ত সড়কে প্রকাশ্যে ছিনতাই, নিরাপত্তা নিয়ে উদ্বেগ জেট ফুয়েলের দাম লিটারে কমল ১৫ টাকা চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক-এনসিপি কর্মীদের মারামারি গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লাখ গাছ চসিকের সড়ক ও ফুটপাত থেকে দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা জ্বালানির মজুদ সম্প্রসারণ, আমদানির উৎস বহুমুখীকরণসহ ১২ দফা সুপারিশ সংসদীয় কমিটির ঢামেক ও চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ৬ দফা দাবি ভোলায় মিতু হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক, ওসিকে তলব বিসিবির সভাপতি তামিম ইকবাল কুমিল্লায়  ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন আটক; ৫ বাস-মাইক্রো জব্দ গোয়েন্দারা কেন প্রকাশ্যে আসছেন? শিশুদের নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’ মেট্রো স্টেশনগুলোর নিচে দুরবস্থা জন্মদিনে এল লাকী আখান্দের অপ্রকাশিত গান নূরজাহান ট্র্যাজেডির সমাজতাত্ত্বিক পাঠ
Nagad desktop

দাম বাড়বে সহস্রাধিক পণ্য ও সেবা খাতে

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৯:০১ এএম
আপডেট: ৩০ মে ২০২৫, ০৯:০৩ এএম
দাম বাড়বে সহস্রাধিক পণ্য ও সেবা খাতে
খবরের কাগজ ইনফোগ্রাফিকস

আগামী অর্থবছরের বাজেটে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে রাজস্ব আদায় বাড়াতে গিয়ে সহজ পথ হিসেবে অনেক পণ্য ও সেবা খাতে ভ্যাট (ভ্যালু অ্যাডেড ট্যাক্স) বা মূসক (মূল্য সংযোজন কর) বাড়ানো হচ্ছে। অনেক খাতে ভ্যাট বাড়িয়ে দ্বিগুণও করা হয়েছে। ভ্যাট বাড়ানোর ফলে বাজেট ঘোষণার পরই সংশ্লিষ্ট খাতের পণ্য ও সেবা পেতে ভোক্তাকে আগের থেকে বেশি খরচ করতে হবে।

আগামী অর্থবছরের বাজেটে প্লাস্টিকের তৈরি সব ধরনের পণ্যে ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে বলে জানা গেছে। ভ্যাটের মারপ্যাঁচে আগামী অর্থবছরের বাজেট ঘোষণার পরই সাধারণ মানুষের ব্যবহৃত সব ধরনের প্লাস্টিক পণ্যের দাম বাড়বে। প্লাস্টিকের জুতা, স্যান্ডেল থেকে ঘরগৃহস্থালি পণ্য এবং আসবাবপত্রের দাম বাড়বে।

সব ধরনের খেলনায় ভ্যাট বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ ১৫ শতাংশ করা হবে। এতে খেলনার দাম বাড়বে। রডের উৎপাদন ও আমদানিতে ভ্যাট বাড়িয়ে ২০ শতাংশ করা হচ্ছে। এর প্রভাব পড়বে নির্মাণ খাতে। আবাসন খাতে উৎপাদন খরচ বাড়বে। ফলে দাম বাড়বে সংশ্লিষ্ট খাতে। মোবাইল ফোন সেট, এসি, ফ্রিজের উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে। এসব পণ্য বেশি দামে কিনতে হবে। সব ধরনের প্রক্রিয়াজাতকরণ খাবারে বাড়তি ভ্যাট বহাল থাকবে। এতে দেশি বিস্কুট, জুস, চকলেটের দাম বাড়বে। 

আগামী অর্থবছরে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক থাকছে। আগামী বছর থেকে পাড়া-মহল্লা ও উপজেলা পর্যায়ের দোকান থেকে ভ্যাট আদায়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব দোকান থেকে এতদিন ভ্যাট আদায় হতো না বললেই চলে। এসব দোকানে কিছুটা কম দামে পণ্য কেনার সুযোগ থাকলেও আগামী অর্থবছরে তা থাকছে না। এসব দোকানকে ভ্যাট পরিশোধে বাধ্য করা হবে। এতে বিক্রেতেরা পণ্যের দামের সঙ্গে ভ্যাট যোগ করে বাড়তি দামে পণ্য বিক্রি করবেন। ফলে বেশি দামে পণ্য কিনতে হবে। 

এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মো. আবদুল মজিদ খবরের কাগজকে বলেন, জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের সহজ পথ হিসেবে সরকার ভ্যাটের হার বাড়ালে অনেক পণ্য ও সেবা পেতে বাড়তি খরচ করতে হবে। এতে ধনীদের জন্য সমস্যা না হলেও সাধারণ মানুষের জন্য কষ্টকর হবে।

এনবিআরের বাজেটবিষয়ক প্রতিবেদন বিশ্লেষণ করে বলা যায়, আইএমএফের সুপারিশে রাজস্ব খাতের সংস্কার করা হবে এমন শর্ত মেনেই দাতা সংস্থাটি বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে। সংস্কারের মধ্যে ভ্যাটের হার বাড়ানোর শর্ত ছিল অন্যতম। আইএমএফ থেকে নতুন করে ভ্যাট অব্যাহতি না দেওয়ার সুপারিশ করা হয়েছে।

বর্তমানে বহাল আছে এমন বেশির ভাগ খাতের ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হবে এবং কমানোর সুপারিশও করা হয়েছে। বেশির ভাগ খাতে ১৫ শতাংশ নির্ধারণের কথা বলা হয়েছিল। আইএমএফ থেকে চার বছরে ৬ লাখ ৩৮ হাজার ৭০০ কোটি টাকা ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এর মধ্যে গত বছর ১ লাখ ২১ হাজার কোটি টাকা, ২০২৪ সালে ১ লাখ ৪৩ হাজার ৯০০ কোটি টাকা, ২০২৫ সালে ১ লাখ ৭০ হাজার কোটি টাকা এবং ২০২৬ সালে ২ লাখ ৩ হাজার ৮০০ কোটি টাকা ভ্যাট আদায় করার জন্য বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিগত সরকারের করা অঙ্গীকার মানতে আগামী বাজেটে ভ্যাট হার বাড়ানোর পথে হাঁটতে হচ্ছে বর্তমান সরকারকে। 

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে দেশ থেকে ১০ কোটি ৭৩ লাখ ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি হয়েছে। প্লাস্টিকশিল্পের সঙ্গে জড়িত পাঁচ হাজার প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশই ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান। এই খাতে কর্মসংস্থান হয়েছে ১৫ লাখ মানুষের। বাংলাদেশে প্লাস্টিক পণ্যের অভ্যন্তরীণ বাজার প্রায় ৪০ হাজার কোটি টাকার। অভ্যন্তরীণ চাহিদা শতভাগ পূরণ করতে পারছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। 

প্লাস্টিক খাতের বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আরএফএল, গাজী, বেঙ্গল, ওয়ালটন, আকিজ, তানিন ইত্যাদি। অন্যদিকে ওয়ালমার্ট, টেসকো, জারার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বর্তমানে বাংলাদেশি প্লাস্টিক পণ্যের আন্তর্জাতিক ক্রেতা। 

বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ খবরের কাগজকে বলেন, সাধারণ মানুষ প্লাস্টিক পণ্যের ওপর নির্ভরশীল। প্লাস্টিক খাতে আছে কয়েক শ ধরনের পণ্য। রাজস্ব আদায় বাড়াতে গিয়ে সরকার প্লাস্টিক পণ্যের ওপরও ভ্যাট বাড়ানোর মতো সিদ্ধান্ত নিলে সব ধরনের প্লাস্টিক পণ্যের দাম বাড়বে। দেশি প্লাস্টিক খাতে গতিশীলতা কমবে। প্লাস্টিক পণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে কঠিন প্রতিযোগিতায় পড়বে দেশের প্লাস্টিকশিল্প। প্রভাব পড়বে রপ্তানিতেও।

অন্যদিকে সব ধরনের খেলনার উৎপাদন পর্যায়ে ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে আগামী বাজেটে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। 

দেশি খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান শোভা খেলনা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম রহমান খবরের কাগজকে বলেন, খেলনাশিল্পে বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে। তবে ভ্যাট আরোপ করা হলে এ সম্ভাবনা নষ্ট হবে। এখন যে দামে খেলনা বিক্রি হচ্ছে, তার চেয়ে দাম বাড়বে। 

ব্যাটারি তৈরির ওপরও বিদ্যমান ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হতে পারে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি সময়ে ফ্রিজ/এসিশিল্পের করপোরেট কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। এসব কমানোর দাবি থাকলেও আগামী বাজেটে তা বহাল রাখা হচ্ছে। অন্যদিকে ফ্রিজ ও এসির উৎপাদন পর্যায়ে ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে আগামী বাজেটে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। 

ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রোমার্টের উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফসার খবরের কাগজকে বলেন, ভ্যাট দ্বিগুণ হলে ফ্রিজের দাম ২ থেকে ৩ হাজার টাকা এবং এসির দাম ৩ থেকে ৪ হাজার টাকা বেড়ে যাবে। আইএমএফের চাপে এটা করা হলে এ দুই শিল্পের বাজার কমবে। 

খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের ওপর বাড়তি ভ্যাট কমানোর দাবি করা হলেও তা কমানো হচ্ছে না। বরং এ খাতে সব ধরনের ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হচ্ছে। ফলে এ খাতের অন্তর্ভুক্ত সব পণ্যের দাম বাড়বে। 

আওয়ামী লীগ সরকার ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে (গত জুন মাসে) মোবাইল ফোন সেবার ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করে। এখন সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলিয়ে মোট করভার ৩৯ শতাংশের বেশি। চলতি অর্থবছরে সিমের দাম ১০০ টাকা থেকে ৩০০ টাকা করা হয়েছে। স্থানীয় পর্যায়ে মোবাইল ফোনসেট উৎপাদনে ভ্যাট ক্ষেত্রবিশেষে ৫ ও ৭ দশমিক ৫ শতাংশ বহাল আছে। আগামী অর্থবছরে এ হার বাড়িয়ে ৭ ও ১০ শতাংশ করা হতে পারে। বিটিআরসির তথ্য অনুযায়ী, মার্চ পর্যন্ত মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ। 

মোবাইল ফোনের মতো সাধারণ মানুষের ব্যবহৃত পণ্যের ভ্যাট বাড়ানো হলে জীবনযাত্রায় কী প্রভাব পড়বে- জানতে চাওয়া হলে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান খবরের কাগজকে বলেন, মোবাইল ফোন এখন আর বিলাসী পণ্য না। এটি ব্যবসা-বাণিজ্য এবং দৈনিক জীবনযাত্রার জন্য অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে। 

আগামী অর্থবছরে মোবাইল ফোনসেট উৎপাদনে নতুন করে ভ্যাট বাড়ানো হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর খরচের চাপ বাড়বে। 

আগামী অর্থবছরে সিগারেট, মোবাইল ফোন, তেল ও গ্যাস, গাড়ি, সিমেন্ট, ব্যাংকসহ বড় কয়েকটি খাতে সর্বোচ্চ ১৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকছে। ভ্যাটের হার ৫ শতাংশ বা ৭ শতাংশ ধার্য থাকলেও আগামী বাজেটে বেশির ভাগ খাতে এসব হার বাড়ানো হচ্ছে।

আলোচিত না হলেই তদন্ত ও বিচারে ধীরগতি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৮:১৩ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৮:১৭ এএম
আলোচিত না হলেই তদন্ত ও বিচারে ধীরগতি
খবরের কাগজ গ্রাফিকস

আলোচিত না হলেই ধর্ষণ ও শিশুহত্যার মতো বর্বরোচিত ঘটনাগুলোর তদন্ত ও বিচার প্রক্রিয়া যেন থমকে যায়। বিশেষ করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের যেসব ঘটনা ব্যাপক আলোচিত বা ‘ভাইরাল’ হয়, সেসব ঘটনায় করা মামলার ক্ষেত্রে তদন্ত ও বিচার প্রক্রিয়া তুলনামূলক অনেক বেশি গুরুত্ব পায়। কিন্তু যেসব ঘটনা তেমন আলোচনায় নেই সেগুলোর মামলার ক্ষেত্রে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না বলে নানা পর্যবেক্ষণে দেখা গেছে।

  • মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার কারণ হচ্ছে দক্ষ জনবলের অভাব: সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক
  • বিচারব্যবস্থায় এমন বৈষম্য থাকলে একে সুষ্ঠু বিচারব্যবস্থা বলে না: আইনজীবী মনজিল মোরসেদ
  • প্রচারের মাত্রায় নয়, অপরাধের গুরুত্বের ভিত্তিতেই সব মামলায় সমান অগ্রাধিকার নিশ্চিত করা জরুরি: মানবাধিকারকর্মী আবু আহমেদ ফয়জুল কবির
  • রাষ্ট্রের দায়িত্ব সব নাগরিককে সমানভাবে দেখা, সমান গুরুত্ব দেওয়া: অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক
  • শিশুহত্যা মামলার তদন্ত প্রক্রিয়ায় গাফিলতির কোনো সুযোগ নেই: এআইজি (মিডিয়া), পুলিশ সদর দপ্তর

রবিবার (৭ জুন) আলোচিত শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও বীভৎসভাবে হত্যার মামলার রায় ঘোষণা করা হয়েছে। হত্যাকাণ্ড ঘটার মাত্র ১৯ দিনের মাথায় গতকাল আদালত অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। এর মধ্য দিয়ে দ্রুত বিচারের একটি অনন্য নজির স্থাপন করা গেল। 

কিন্তু বিশ্লেষকরা মনে করেন, এ ধরনের প্রতিটি ঘটনা ভুক্তভোগী পরিবারগুলোর কাছে সমান কষ্টের ও বেদনার। ফলে সবার ক্ষেত্রেই দ্রুততম সময়ে বিচার সম্পন্ন হোক–সেটাই কাম্য। অথচ গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি না হলে একই ধরনের অপরাধ বা হত্যাকাণ্ডের ক্ষেত্রে সে তুলনায় গুরুত্ব দেওয়া হয় না। শুধু আলোচিত বা চাঞ্চল্যের ওপর ভিত্তি করে একই ধরনের জঘন্য অপরাধমূলক ঘটনার মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় বৈষম্যের শিকার হচ্ছে অনেক ভুক্তভোগী পরিবার। ফলে ব্যক্তি, স্থান বা প্রচারের মাত্রায় নয়, অপরাধের গুরুত্বের ভিত্তিতেই সব মামলায় সমান অগ্রাধিকার নিশ্চিত করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে মাগুরায় ঘটা আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) জমা দেওয়া হয়েছিল এক মাসের মধ্যেই। অভিযোগ গঠনের পর মাত্র ২৪ দিনের মাথায় সংশ্লিষ্ট আদালত এই ঘটনায় ঐতিহাসিক রায় দেন। যদিও বর্তমানে রায়-পরবর্তী আপিলের ধাপটি হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে গত ২১ মে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় গুদাম কক্ষে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং মাত্র ১৩ দিনের মাথায় (গত ৪ জুন) একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ ছাড়া সর্বশেষ গত ১৯ মে পল্লবীতে ঘটা শিশু স্কুলছাত্রী রামিসা ধর্ষণ-হত্যার ওই মামলায় চার্জশিট জমা দেওয়ার পর মাত্র পাঁচ কর্মদিবসে শুনানি শেষ হয় এবং ষষ্ঠ কর্মদিবসে গতকাল রায় ঘোষণা করেন বিচারক। এর আগে সরকারপ্রধান তথা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও আলোচিত এই হত্যা মামলার রায় মাত্র এক মাসের মধ্যেই ঘোষণা করা হবে বলে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বলেছিলেন। 

বিশ্লেষকরা মনে করেন, শিশু আছিয়া বা রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করার পক্ষে প্রায় সবাই। কিন্তু এমন অসংখ্য আছিয়া-রামিসা, যারা সমাজের মানুষরূপী হায়নাদের বর্বরতার শিকার হয়ে নির্মমভাবে প্রাণ হারিয়েছে, তাদের ক্ষেত্রেও তদন্ত ও বিচার প্রক্রিয়া কতটা দ্রুত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ভুক্তভোগী ও তাদের পরিবারগুলো তদন্ত ও বিচার প্রক্রিয়ায় গুরুত্ব পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন কি না, তা সংশ্লিষ্টদের খতিয়ে দেখা দরকার বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, গত পাঁচ বছরে (২০২১ থেকে ২০২৫) সারা দেশে বিভিন্নভাবে ২ হাজার ৫৮১ শিশু হত্যার শিকার হয়েছে, যাদের মধ্যে ১৬৭ জনকে ধর্ষণের পর খুন করা হয়। এর মধ্যে ২০২৫ সালে খুন হয় ৪১০ শিশু, যাদের মধ্যে ধর্ষণসহ হত্যার শিকার হয় ৩২ জন। তার আগে ২০২৪ সালে ৫৭৪ শিশু, ২০২৩ সালে ৪৮৫ জন, ২০২২ সালে ৫১৬ জন এবং ২০২১ সালে ৫৯৬ শিশু খুন হয়েছে।

 অন্যদিকে বিভিন্ন সূত্রমতে, চলতি বছরের মে মাসের মাঝামাঝি পর্যন্ত অন্তত ১২০ শিশু খুন হয়েছে, যাদের মধ্যে প্রায় অর্ধশত শিশু ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার হয়। ফলে যে হারে দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে, সে অনুসারে সমান গুরুত্ব দিয়ে এসব ঘটনার দ্রুত তদন্ত বা বিচার প্রক্রিয়া শেষ করার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই কারও কাছেই। 

এ প্রসঙ্গে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) জ্যেষ্ঠ সমন্বয়ক ও মানবাধিকারকর্মী আবু আহমেদ ফয়জুল কবির গত সোমবার খবরের কাগজকে বলেন, আইনের শাসন ও মানবাধিকারের মৌলিক নীতি হলো, সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং প্রতিটি ভুক্তভোগী সমান গুরুত্ব পাওয়ার অধিকার রাখে। কোনো ঘটনা বেশি আলোচিত হওয়ায় দ্রুত বিচার হবে, আর একই ধরনের ঘটনায় দুর্বলের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা থাকবে– এটি ন্যায়বিচারের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কাজেই আমাদের এমন ব্যবস্থা প্রণয়ন করতে হবে যেন দ্রুততম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করা যায়।
আবু আহমেদ ফয়জুল কবির আরও বলেন, ‘যেকোনো আলোচিত ঘটনার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চল বা কম আলোচিত এলাকায় সংঘটিত শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যা মামলাগুলোর ক্ষেত্রেও সমান গুরুত্বের সঙ্গে তদন্ত ও বিচার করতে হবে। ব্যক্তি, স্থান বা প্রচারের মাত্রায় নয়, অপরাধের গুরুত্বের ভিত্তিতেই সব মামলায় সমান অগ্রাধিকার নিশ্চিত করা জরুরি। আমরা রামিসাসহ সব সহিংসতার শিকার শিশুর জন্য ন্যায়বিচার দেখতে চাই।’

বিচার প্রক্রিয়া দ্রুত শেষ না করার ক্ষেত্রে বিচারকের স্বল্পতাসহ বেশ কিছু কারণকে চিহ্নিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক। তিনি গতকাল খবরের কাগজকে বলেন, ‘মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার কারণ হচ্ছে দক্ষ জনবলের অভাব। লাখ লাখ মামলার মধ্যে কয়টা আর মিডিয়াতে আসে। জনবহুল এই দেশে বিচারক আছেন মাত্র ১৮০০ থেকে ১৯০০ জন। বিচার বিভাগের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ হয় এক শতাংশেরও কম। তা ছাড়া মামলা নিষ্পত্তি করা তো শুধু আদালতের বিষয় না। মামলার তদন্ত করে পুলিশ। এসব সমস্যা সেখানেও আছে।’

একই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ খবরের কাগজকে বলেন, ‘বাংলাদেশে আইনের শাসনের এটি একটি দুর্বলতা। যেই মামলার বিষয়ে মিডিয়াতে খুব হইচই পড়ে যায়, দেশের প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেন, তখন সেটি ফার্স্ট ট্র্যাকে কয়েক দিনের মধ্যে বিচার হয়ে যায়। আর এমন অনেক অসহায় বা অন উল্লেখ্য লোক আছেন, যাদের তেমন কোনো লোকজন নেই, তখন মিডিয়াতে তেমন হইচই পড়ে না, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেন না–তাদের মামলার নিষ্পত্তি কবে হবে কেউ বলতে পারেন না। এটা এক ধরনের বৈষম্য। বিচারব্যবস্থায় এমন বৈষম্য থাকলে একে সুষ্ঠু বিচারব্যবস্থা বলে না। আইনের শাসন সুনিশ্চিত করতে গেলে অবশ্যই সব মামলা নিষ্পত্তির ধারাবাহিকতা একই হতে হবে। তাই সরকারের উচিত, সব মামলাই যেন দ্রুত নিষ্পত্তি করা যায়, সুবিচার নিশ্চিত করা যায়, সে জন্য মহাপরিকল্পনা নেওয়া।’

গতকাল শিশু স্কুলছাত্রী রামিসা হত্যার রায় ঘোষণা করার পর সচিবালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি বলেন, ‘মাত্র পাঁচ কার্যদিবসে এই মামলার বিচারকাজ সম্পন্ন করে রায় দেওয়া হয়েছে, যা দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে রায় ঘোষণার রেকর্ড।’

তবে অতীতের আলোচিত বা এই ধরনের অন্য মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, ‘বিচারব্যবস্থার একটি সীমাবদ্ধতা রয়েছে। তিনি বলেন, অন্য মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, সে জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় আলোচনা শুরু হয়েছে।’

এ বিষয়ে সামাজিক অপরাধ বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক খবরের কাগজকে বলেন, ‘বর্তমান সমাজে বিভিন্ন ক্ষেত্রে মিডিয়া বা গণমাধ্যমের এক ধরনের প্রভাব লক্ষ করা যাচ্ছে, যা শিশুহত্যার মতো ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও এক ধরনের ভূমিকা রাখছে। মিডিয়া ক্ষেত্রবিশেষে কোনো কোনো ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে বা দিতেই পারে, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব সব নাগরিককে সমানভাবে দেখা, সমান গুরুত্ব দিয়ে আইনি সুরক্ষা ও সেবা দেওয়া। কিন্তু বাস্তবতায় আমরা তেমনটা দেখতে পাই না। প্রতিটি ভুক্তভোগী পরিবারের কাছেই তাদের সন্তান ছিল অত্যন্ত প্রিয়। ফলে কোনো হত্যার বিচার কয়েক দিনেই হবে। আবার কোনো হত্যার বিচার বছরের পর বছর ঝুলে থাকবে–সেটা হলে নাগরিকের মধ্যে হতাশার সৃষ্টি হবে। এখান থেকে বেরিয়ে আসা জরুরি।’

এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন খবরের কাগজকে বলেন, ‘শিশুহত্যা মামলার তদন্ত প্রক্রিয়ায় গাফিলতির কোনো সুযোগ নেই। এ ধরনের মামলায় পুলিশ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তদন্ত করে থাকে। তবে সব মামলায় সমানভাবে চার্জশিট জমা দেওয়ার ক্ষেত্রে সময় নির্ধারণ করা যায় না। অনেক সময় সাক্ষ্য, প্রমাণ, আলামতের রিপোর্টসহ নানা কারণে কিছুটা বিলম্ব হয়ে থাকে। তবে শিশুহত্যা মামলার মতো স্পর্শকাতর তদন্তগুলোর আইনি বাধ্যবাধকতা অনুসারে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করে থাকে। এ জন্য ঊর্ধ্বতনরা নিয়মিত তদারকি করে থাকেন।’

কষ্টকর হবে জীবন, সব জিনিসের দাম বাড়বে

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:৪৬ পিএম
কষ্টকর হবে জীবন, সব জিনিসের দাম বাড়বে
ছবি: এআই

আগামী অর্থবছরের বাজেটে শুল্ক-কর-ভ্যাটের মারপ্যাঁচে চাল, ডালসহ বিভিন্ন নিত্যপণ্য থেকে পাউরুটি, চিপস, বিস্কুট ও জুসের মতো খাবারের দাম বাড়বে। চিকিৎসা ও যাতায়াতের খরচ বাড়বে। শিক্ষা উপকরণের দাম বাড়বে। আমদানি করা মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার এবং এসব পণ্যের যন্ত্রাংশের দাম বাড়বে। দেশি পোশাকের দাম বাড়বে। ঠিকাদার ব্যবসায়ের লাইসেন্স ফি বাড়বে। জোরালো আবেদন সত্ত্বেও আগামীবারও কমবে না মোবাইল ফোন ব্যবহারের খরচ।

অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব জানা যায়। 

সূত্র আরও জানায়, বাজেটে চাল, ডাল, চিনি ও ভোজ্যতেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি পর্যায়ে উৎসে কর কিছুটা কমিয়ে বহাল থাকছে। আমদানিকারকরা এই বহাল থাকা করের অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে রাখার সুযোগ পেতে পারেন।

আগামী বাজেটে তামাক পণ্যের দাম বাড়বে। কাঁচামাল আমদানিতে শুল্ক বাড়ানোয় দেশে উৎপাদিত ঘড়ি ও চশমার দাম বাড়বে। অন্যদিকে সম্পূরক শুল্ক বাড়ানোয় বিদেশি ঘড়ি ও চশমার দামও বাড়বে। বিদেশি ব্র্যান্ড ও নন ব্র্যান্ড সব ধরনের প্রসাধনীর দাম বাড়বে। আমদানি করা গুঁড়া দুধ, মাছ ও শুকনা ফলের দাম বাড়বে। 

ব্যবসায়ীরা দাম কমানোর জোরালো আবেদন করলেও কমছে না মাছ ও পোলট্রি ফিডের দাম। মানবিক বিবেচনায় কিডনি ডায়ালাইসিসের খরচ কমানোর পরামর্শ দিলেও আমলে আনা হচ্ছে না। কাঁচামাল আমদানিতে ছাড় না দেওয়ায় কমছে না ওষুধের দাম। জমি রেজিস্ট্রির খরচ কমানো হচ্ছে না।  

এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মো. আবদুল মজিদ খবরের কাগজকে বলেন, রাজস্ব আদায়ের ঘাটতি এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থ সংকটে নিয়মিত খরচ চালিয়ে যাওয়াও সরকারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে জিনিসপত্রের দাম বাড়ায় জীবনযাত্রার ব্যয় মিটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ আগামী বাজেটে খরচ কমানোর প্রত্যাশা করলেও তা বাস্তবায়ন হবে না। বরং বাজেটে সরকার আয় বাড়াতে গিয়ে আগামী অর্থবছরের বাজেটে অনেক জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। ফলে জীবনযাত্রার ব্যয়, ব্যবসা-বাণিজ্য, শিল্প খাতে খরচ বাড়বে। 

বাংলাদেশ ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী খবরের কাগজকে বলেন, এরই মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে বাড়বে মূল্যস্ফীতি। অন্যদিকে নতুন অর্থবছরে এক লাখ কোটি টাকার বেশি  ভ্যাটের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। অন্য সব বাদ দিয়ে শুধু এই দুই কারণেই  অনেক কিছুর দাম ও খরচ বাড়বে। শেষ পর্যন্ত এ সব কিছুই জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে ফেলবে। 

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী খবরের কাগজকে বলেন, আওতা বাড়িয়ে সরকার আয় বাড়ানোর পরিকল্পনা করেছে। অনেক নতুন খাত অর্থনীতির মূল ধারায় যুক্ত করা হচ্ছে। এতে সরকারের আয় বাড়বে বলে আশা করছি।  

বাজেট প্রণয়নকালেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দেশি কম্পিউটার শিল্পের বাজার সম্প্রসারণে দেশে কম্পিউটার সংযোজন ও খুচরা যন্ত্রাংশ উৎপাদনে রাজস্ব ছাড়ের সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য আবেদন করে। আগামী বাজেটে কম্পিউটার সংযোজনকারী শিল্প এবং কম্পিউটার আমদানি নিরুৎসাহিত করা হচ্ছে। বাজেট প্রস্তাব চূড়ান্ত হলে আমদানিকৃত কম্পিউটার ও ল্যাপটপের দাম বাড়বে। 

সূত্র জানায়, মোটরসাইকেল উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান রাজস্ব বহাল থাকলেও উচ্চ সিসির সম্পূর্ণ মোটরসাইকেল আমদানিতে শুল্ক হার বাড়বে। এতে আমদানি করা বেশি সিসির মোটরসাইকেলের দাম বাড়বে। অন্যদিকে আসন্ন বাজেটে আমদানিকৃত প্লাস্টিক পণ্যের দাম বাড়ানো হয়েছে। পার্লারের খরচ ও শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহনে চলাচল খরচও আসন্ন বাজেটে বেশি থাকবে। 

সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে আসন্ন বাজেটে অটোরিকশার যন্ত্রাংশ আমদানিতে খরচ বাড়বে। এতে অটোরিকশা বানাতে খরচ বাড়বে। ফলে অটোরিকশার দাম বাড়বে।  

বাংলাদেশ দোকান মালিক সমিতির সদস্য প্রায় ৩০ লাখ। এনবিআর থেকে এসব দোকানের তালিকা নিয়ে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব দোকানের মধ্যে লক্ষাধিক হস্ত ও কুটির শিল্পের দোকান আছে। এসব দোকানের বেশির ভাগই এসএমই খাতের (ক্ষুদ্র ও মাঝারি। আগামী বাজেটে ছোট দোকানের ওপর বছরে এক হাজার টাকা করে ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে।  

এ বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন খবরের কাগজকে বলেন, ছোট ছোট দোকান সাধারণত পাড়া-মহল্লা ও গ্রামে থাকে। এসব দোকানের আয় দিয়ে দোকান-মালিক সংসারের খরচ চালান। এসব লোকের বেশির ভাগই অল্প আয়ের মানুষ। এখান থেকে যারা কেনাকাটা করেন তারাও ধনী ব্যক্তি না। এসব দোকানকে ভ্যাটের আওতায় আনা হলে দোকান-মালিকের ওপর চাপ হয়ে যাবে। অনেক দোকান জিনিসপত্রের দামও বাড়াবে।

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের বদলে আরও উসকে দেবে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান। তিনি খবরের কাগজকে বলেন, গণমাধ্যমে দেখেছি আগামী বাজেটের আকার ৯ লাখ কোটি টাকার বেশি হবে। এত বড় বাজেট বাস্তবায়ন করতে হলে সরকারের আয় বাড়াতে হবে। এনবিআরের রাজস্বের আওতা ও লক্ষ্যমাত্রা বাড়াতে হবে। অনেক ক্ষেত্রে নতুন করে শুল্ক-কর-ভ্যাট আরোপ করতে হবে। এতে অনেক পণ্যের দাম বাড়বে। সেবা খাতের  খরচ বাড়বে। যা জীবনযাত্রার ব্যয় বাড়াবে। এখনই সাধারণ মানুষ খরচের চাপে আছে। আরও খরচ বাড়লে বিপাকে পড়বে।

আগামী অর্থবছরের বাজেটে স্টেডিয়ামের খেলা ও থিয়েটারে নাটক দেখতে হলে এখনকার চেয়ে বেশি দাম দিয়ে টিকিট কাটতে হবে।

আসন্ন অর্থবছরের বাজেটে ভারতসহ অনেক দেশ থেকে তুলা আমদানিতে খরচ বাড়লেও যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানিতে বিশেষ ছাড় থাকবে। তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা কম দামে তুলা আমদানির পক্ষে। তাদের বেশির ভাগই ভারত থেকে কম দামে তুলা আমদানি করতে চায়। অন্যদিকে টেক্সটাইল খাতের ব্যবসায়ীরা ভারত থেকে তুলা আনার বিপক্ষে। তারা দেশে উৎপাদিত তুলা ব্যবহারের পক্ষে। তবে সরকার পড়েছে খানিকটা বেকায়দায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির ফলে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ানোর শর্ত রয়েছে। তাই আগামী বাজেটে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানিতে বিশেষ সুবিধা দেওয়া হবে।

শুল্ককরের মারপ্যাঁচে আগামী অর্থবছরের বাজেট ঘোষণার পরই মোবাইল ফোনের সামগ্রী বেশি দামে আমদানি করতে হবে। মোবাইল ফোন মেরামতে খরচ বাড়বে। একই সঙ্গে আমদানি করা মোবাইলের দামও বাড়বে। একইভাবে কম্পিউটার যন্ত্রাংশ আমদানিতে খরচ বাড়বে। এতে কম্পিউটার ব্যবহারকারীদের গুনতে হবে বাড়তি টাকা।

আগামী বাজেটে দেশে শিল্প খাতে ব্যবহৃত অনেক কাঁচামালের আমদানি নিরুৎসাহিত করা হবে। বিশেষভাবে বৈদ্যুতিক সরঞ্জামাদি, লোহার রড, স্ক্র্যাব, টেক্সটাইল, চামড়া খাত, পাটশিল্পে ব্যবহৃত কাঁচামালের সম্পূরক শুল্ক বাড়ানো হবে। দেশি গরুর দুধ, মসলা ও দেশি শিল্পে বানানো খেলনার দাম বাড়বে না।

অর্থ মন্ত্রণালয় থেকে আগামী অর্থবছরের বাজেটে সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন কাস্টমাইজেশন, এনটিটিএন, ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট সার্ভিস, ওয়েব লিস্টিং, আইটি প্রসেস আউটসোর্সিং, ওয়েবসাইট হোস্টিং, ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল ডেটা এন্ট্রি অ্যান্ড প্রসেসিং, ডিজিটাল ডেটা অ্যানালেটিক্স, জিওগ্রাফিক্স ইনফরমেশন সার্ভিসেস, আইটি সাপোর্ট অ্যান্ড সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস, সফটওয়্যার ল্যাব টেস্ট সার্ভিস, কল সেন্টার সার্ভিস খাতে খরচ বাড়ানোর প্রস্তাব করা হবে। একইভাবে ওভারসিজ মেডিকেল ট্রান্সক্রিপশন্স সার্ভিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস, ডকুমেন্ট কনভারশন, রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং এবং সাইবার সিকিউরিটি সার্ভিস খাতেও খরচ বাড়ানোর প্রস্তাব করা হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীসহ এনবিআর বাজেট প্রস্তুত কমিটির কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব খাতের ওপর কোনো ধরনের রাজস্ব আরোপ না করার নির্দেশ দেন। ফলে আগামী বাজেটে বাড়ছে না এসব খাতের খরচ।  

আইনশৃঙ্খলা বাহিনী সক্ষমতা বাড়াতে সুপরিকল্পিত বাজেটের তাগিদ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:২৯ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৯:৩০ এএম
সক্ষমতা বাড়াতে সুপরিকল্পিত বাজেটের তাগিদ
ছবি: সংগৃহীত

বিশ্বের অধিকাংশ দেশের আইনশৃঙ্খলা বাহিনী পেশাগত দক্ষতা ও প্রযুক্তিগত আধুনিকায়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীও ক্রমবর্ধমান সেই উন্নয়নের গতিতে এগিয়ে চলেছে। যদিও চব্বিশের অভ্যুত্থানকেন্দ্রিক সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অবকাঠামোগত যে বিপর্যয় ঘটেছে, সেখান থেকে ঘুরে দাঁড়াতে মারাত্মক বেগ পেতে হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 

তবু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার স্বার্থে বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট খাতের আরও আধুনিকায়ন জরুরি বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এ জন্য তারা আগামী জাতীয় বাজেটে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও উন্নয়নে সময়োপযোগী ও সুপরিকল্পিতভাবে অর্থ বরাদ্দেরও তাগিদ দিচ্ছেন। 

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আইনশৃঙ্খলা বাহিনী তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগের (জননিরাপত্তা ও সুরক্ষা সেবা) জন্য ৩১ হাজার ৩৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এই দুটি বিভাগের জন্য উন্নয়ন ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৫৬০ কোটি টাকা, যার মধ্যে জননিরাপত্তায় ১ হাজার ২২৪ কোটি টাকা ও সুরক্ষা সেবায় ১ হাজার ৩৩৬ কোটি টাকা। যদিও ওই দুটি বিভাগ পরে একীভূত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত হয়ে আসছে। তার আগে ২০২৪-২৫ অর্থবছরে জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের জন্য প্রস্তাবিত বাজেট ছিল ৩১ হাজার ১২ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ২৯ হাজার ৩৩১ কোটি টাকায়।

এ প্রসঙ্গে পুলিশের সাবেক মহাপরিদর্শক মুহাম্মদ নুরুল হুদা গতকাল খবরের কাগজকে বলেন, ‘দেশের পরিস্থিতি ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিলে আইনশৃঙ্খলা খাতের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানো প্রয়োজন। যদিও বাস্তবতায় আমাদের দেশের রাজস্ব কম, সম্পদের স্বল্পতা রয়েছে–তার পরও আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে বাজেটে বরাদ্দের পরিমাণ বাড়ানো উচিত। কারণ জনগণের জানমালের বা সামাজিক নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে চাহিদা বৃদ্ধির বিষয়টিও ক্রমবর্ধমান। সব মিলিয়ে আগামী বাজেটে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য সরকার বিশেষ নজর দেবে–এমনটাই প্রত্যাশা করি।’

গত ৩০ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদ অধিবেশনে এক বক্তব্যে পুলিশের জন্য তথা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বাজেটে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করে কিছু আলোচনা তুলে ধরেন। এতে বাস্তবতা, সীমাবদ্ধতা এবং সরকারের সদিচ্ছার বিষয়টি সংসদে উপস্থাপন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আইনশৃঙ্খলা খাতের সংশ্লিষ্টরা বলেন, দেশের আইনশৃঙ্খলা খাতের সবচেয়ে বড় অংশীজন হচ্ছে বাংলাদেশ পুলিশ, যারা দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখাসহ সামাজিক শৃঙ্খলা-নিরাপত্তা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করে থাকে। প্রায় সোয়া দুই লাখ সদস্যের বাংলাদেশ পুলিশের দায়িত্ব পালন এবং অবকাঠামোগত বিষয়ে এখনো মারাত্মক সংকট রয়ে গেছে। বিশেষ করে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে উপ-পরিদর্শক (এসআই) পর্যায়ে সুযোগ-সুবিধা, যানবাহন, বাসস্থান, প্রশিক্ষণ ও আধুনিক সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক ঘাটতি রয়েছে। এর বাইরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, র‌্যাব, আনসার ভিডিপি, কোস্টগার্ড ছাড়াও কারাগার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ এই খাতের সংস্থা ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম ও প্রযুক্তিগত উন্নয়নকে আরও গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা।

এ প্রসঙ্গে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক খবরের কাগজকে বলেন, ‘আইনশৃঙ্খলা খাত একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ খাতের আধুনিকায়ন, প্রশিক্ষণসহ কাজের ধারাগুলো চলমান বা গতিশীল প্রক্রিয়া। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য সব সময় সময়োপযোগী আর্থিক বাজেট হওয়া প্রয়োজন। পাশাপাশি কোন কোন বিষয়ে কেমন অর্থ লাগবে, সেটিও সুনির্দিষ্টকরণের মাধ্যমে বাস্তবায়ন করা উচিত। যেহেতু আধুনিক দেশগুলো নানা প্রযুক্তি-সরঞ্জামের মাধ্যমে এই ধরনের বাহিনীগুলোকে এগিয়ে নিচ্ছে, সে ক্ষেত্রে আমাদেরও উচিত সে রকম বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করা।’

গ্রাহকের ব্যানারে আন্দোলনে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:৫৭ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৯:১২ এএম
গ্রাহকের ব্যানারে আন্দোলনে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা
‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে গ্রাহক পরিচয়ে আন্দোলনে যুক্ত হয়েছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। (বাঁ থেকে) ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলছেন এক কর্মকর্তা, ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আন্দোলন করছেন ব্যাংকটির কর্মকর্তা মো. আকমাম হোসাইন এবং কর্মকর্তা আবুল আজাদ। ছবি: খবরের কাগজ

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে চলমান আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তারা ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে গ্রাহক পরিচয়ে আন্দোলনে যুক্ত হয়েছেন। এদের মধ্যে কেউ প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিয়েছেন, আবার কেউ আন্দোলনকারীদের গোপনে সমর্থন দিচ্ছেন। এর মধ্য দিয়ে তারা ব্যাংকের চাকরিবিধি, মানবসম্পদ নীতিমালা এবং পেশাগত আচরণবিষয়ক নির্দেশনা লঙ্ঘন করছেন। ইসলামী ব্যাংকের সর্বশেষ সার্কুলারে কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। তা না মানলে উপযুক্ত শাস্তির আওতায় আনার বিষয়েও হুঁশিয়ারি দেওয়া হয়।

ব্যাংকটির একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে তারা জানান, সচেতন গ্রাহকের ফোরামের সঙ্গে ব্যাংকটির অনেক কর্মকর্তাও আন্দোলনে নেমেছেন। কেউ কেউ আন্দোলনকারীদের গোপনে সমর্থন দিচ্ছেন। আবার কেউ কেউ প্রকাশ্যে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ধরনের কিছু ভিডিও ভাসছে। প্রকাশ্যে আন্দোলনে নেমেছেন ব্যাংকটির কর্মকর্তা আবুল আজাদ, মোহাম্মদ আকমাম হোসাইন, সিবিএ নেতা আনিসুর  রহমানসহ অনেকেই। একটি ছবিতে দেখা যায়, ‘ইসলামী ব্যাংকের আঙিনায় খুরশীদের ঠাঁই নাই।’ এ রকম একটি ফেস্টুন নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সড়কে দাঁড়িয়েছেন চকমোগলটুলি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবুল আজাদ। 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। তার নিয়োগ বাতিলের দাবিতে সচেতন গ্রাহক ফোরাম আন্দোলনে নেমেছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, ইসলামী ব্যাংকের বোর্ড রুমে তালা দিয়েছেন কিছু কর্মকর্তা। আন্দোলনকারীদের পক্ষ থেকে তালা দেওয়ার কথা উল্লেখ করে শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত রাষ্ট্রীয় যত শক্তি ব্যবহার করুক না কেন? জীবনবাজি রেখে তা পাহারা দেওয়ার ঘোষণা দেন। 

ব্যাংকটির একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে খবরের কাগজকে জানান, তালা দেওয়ার ঘটনাটি ঘটিয়েছেন আবুল আজাদ এবং ব্যাংকটির সিবিএ নেতা ও ইলেকট্রিশিয়ান আনিসুর রহমান।

অপরদিকে সচেতন গ্রাহক ফোরামের সঙ্গে সরাসরি আন্দোলনে দেখা গেছে, ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আকমাম হোসাইনকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আরেক ছবিতে দেখা যায়, ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনের সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলছেন ব্যাংকটির কর্মকর্তা কামরুল হাসান বাবলু। তার পাশে রয়েছেন বিএম আনোয়ারসহ কয়েকজন কর্মকর্তা।

খবরের কাগজের পক্ষ থেকে ফোন করা হলে অভিযোগের বিষয়ে মো. আকমাম হোসাইন কথা বলতে রাজি হননি। আবুল আজাদ এবং আনিসুর রহমানকে ফোনে পাওয়া যায়নি।

একাধিক কর্মকর্তা খবরের কাগজকে জানান, ইসলামী ব্যাংকের ২০২৫ সালের ২৮ ডিসেম্বরের সার্কুলার লেটার নং: এইচ আর ডব্লিউ/৩০৪৬-তে কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। তাতে বলা হয়, এ বিষয়ে ইতোপূর্বে ইস্যুকৃত ইনস্ট্রাকশন সার্কুলার নং এইচ আর ডি/১৩০২, তারিখ ১৯-০২-২০১৩, ইনস্ট্রাকশন সার্কুলার নং এইচ আর ডব্লিউ/১৫৯৬, তারিখ ১০-০৪-২০১৮, ইনস্ট্রাকশন সার্কুলার নং এইচ আর ডি/৮৯৯৭, তারিখ ২৪-০৫-২০১৮, সার্কুলার নং এইচ আর ডি/২০১৪/৫৪৯৭, তারিখ ০৬-০২-২০১৪, সার্কুলার নং এইচ আর ডি/২০১৬/৬৯৮৩, তারিখ ১২-০৫-২০১৬, সার্কুলার নং এইচ আর ডব্লিউ/৮১৫৩, তারিখ ০৫-০৯-২০১৭-এ জারিকৃত সার্কুলারসমূহে ব্যাংকের সব স্তরের নির্বাহী কর্মকর্তা-কর্মচারীকে সর্বাবস্থায় সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে সামাজিক যোগাযোগমাধ্যম যেমন–ফেসবুক/টুইটার/ই-মেইল ইত্যাদিতে কোনো প্রকার দলীয় পক্ষপাতমূলক বা বিতর্কিত মন্তব্য প্রদান বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়। 

এ বিষয়ে ব্যাংকের মানবসম্পদ নীতিমালার অধ্যায় ৬-এ অন্তর্ভুক্ত ‘জেনারেল কনডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন পলিসি’র ৩ নং ধারা, শিরোনাম ‘রাজনীতি, নির্বাচন ইত্যাদিতে অংশগ্রহণে নিষেধাজ্ঞা’-এর প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করা হয়। যাতে বলা হয়, কোনো কর্মকর্তা-কর্মচারী সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না। তবে ভোট দিতে পারবেন। কোনো উপদলীয় মতবাদ প্রচার করবেন না অথবা এ রকম কোনো উপদলীয় বিতর্কে অংশ নেবেন না অথবা উপদলীয় কোনো স্বজনপ্রীতিতে আসক্ত হবেন না, যেটা দায়িত্ব পালনে তার নিষ্ঠাকে ব্যাহত করবে অথবা ব্যাংকের প্রশাসনকে অস্বস্তিতে ফেলে দেবে অথবা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের ভেতরে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টির সম্ভাবনা থাকবে। সংকীর্ণতা, স্বজনপ্রীতি, দলীয়করণ এবং ইচ্ছাকৃতভাবে অফিসের অপব্যবহার করা যাবে না। ব্যাংকের সর্বস্তরের নির্বাহী কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো পরিস্থিতিতে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া বা সাম্প্রদায়িক বিরোধে অংশগ্রহণ করা থেকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়। নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটলে তা ব্যাংকের মানবসম্পদ নীতিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে উল্লেখ করা হয়। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম কাওছার আলম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসিম স্বাক্ষরিত সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়। 

একাধিক ব্যাংকার খবরের কাগজকে জানান, দেশের প্রাইভেট ব্যাংকগুলো যেখানে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত এবং নির্দেশনা মেনে চলছে, সেখানে ইসলামী ব্যাংকের কিছু কর্মকর্তা গ্রাহক সেজে আন্দোলনে নেমেছেন–এটা শাস্তিযোগ্য অপরাধ হওয়া সত্ত্বেও ব্যাংক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

এ বিষয়ে কথা বলার জন্য ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. কামাল উদ্দিন জসিমের মোবাইলে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনও ফোন রিসিভ করেননি।

যত আক্রোশ মুক্তিযুদ্ধে

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:০৯ এএম
যত আক্রোশ মুক্তিযুদ্ধে
খবরের কাগজ ইনফোগ্রাফ

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের স্বাধীনতার অন্যতম স্মারক, ঐতিহাসিক স্বাধীনতা জাদুঘর এখন এক পরিত্যক্ত ধ্বংসস্তূপ। যে ভূগর্ভস্থ জাদুঘরে একসময়ে ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের ২৬ হাজার ঘটনার আলোকচিত্র, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের রেপ্লিকা, ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বাঙালি জাতির সংগ্রামের ইতিহাস সাজানো ছিল–সেই জাদুঘর এখন পোড়া গন্ধ, ভাঙা কাচ আর অন্ধকারে ডুবে থাকা এক নীরব ধ্বংসাবশেষ। জাদুঘরটির পোড়া দেয়াল আর ভাঙা কাচের নিচে চাপা পড়ে আছে একটি জাতির স্মৃতি, ইতিহাস, গর্ব, আভিজাত্য-অহংকার।

  • ৪৭ মাস ধরে তালাবদ্ধ স্বাধীনতা জাদুঘর, সংস্কারে কর্তৃপক্ষের উদাসীনতা
  • এই জাদুঘরটি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক স্থানের নিচেই ধ্বংসস্তূপ; ৬৭ একর জায়গায় প্রকল্পটিতে রাষ্ট্রের ব্যয় ছিল প্রায় ১৭৫ কোটি টাকা 
  • রাষ্ট্রের আর্থিক ক্ষতি ৫-১০ কোটি টাকা, পূর্ণাঙ্গ সংস্কারে সম্ভাব্য ব্যয় ২০ কোটি টাকারও বেশি
  • ‘জুলাই আন্দোলনকে সমর্থন করেছি, কিন্তু ইতিহাসের ওপর এ ধরনের ধ্বংস মেনে নিতে পারিনি। মনে হয়েছে হামলাকারীদের যত রাগ মুক্তিযুদ্ধের ওপর’: দর্শনার্থী

২০২৪ সালের ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর নজিরবিহীন হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এই জাদুঘরের কোনো ছবি, ভাস্কর্য কিংবা নিদর্শন অক্ষত নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অথচ ঘটনার ৪৭ মাস পেরিয়ে গেলেও জাদুঘরটি সংস্কারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই, একটিমাত্র মামলার অগ্রগতিও থমকে আছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি বরাদ্দ ও সিদ্ধান্ত ছাড়া জাদুঘরটি পুনরায় সংস্কার ও চালু করা সম্ভব নয়। ফলে বাংলাদেশের জন্মের ইতিহাস ধারণ করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই স্থাপনার ভবিষ্যৎ এখন নির্ভর করছে–এই স্মৃতিস্মারক রক্ষায় বর্তমান সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও সিদ্ধান্তের ওপর।

রাজধানীর প্রাণকেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানের যে স্থানটিতে ১৯৭১ সালের ৭ মার্চ জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৬ ডিসেম্বর যেখানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল, ঠিক সেই ইতিহাসের কেন্দ্রস্থলেই নির্মিত হয়েছিল স্বাধীনতা জাদুঘর।

২০১৫ সালের ২৫ মার্চ উদ্বোধন হওয়া এই জাদুঘর ছিল দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর। প্রায় ৬৭ একর এলাকাজুড়ে নির্মিত পুরো প্রকল্পের ব্যয় ছিল প্রায় ১৭৫ কোটি টাকা। জাদুঘরটিকে অনেকেই বলতেন বাংলাদেশের জন্মের ইতিহাস জানার ‘ওয়ান স্টপ সেন্টার’। কারণ এখানে মুঘল আমল থেকে ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, ৭ মার্চের ভাষণ, গণহত্যা, শরণার্থী জীবন, সেক্টর কমান্ডারদের যুদ্ধ, আত্মসমর্পণ–সবকিছুর ধারাবাহিক উপস্থাপন করা ছিল।

এই জাদুঘরে ছিল ‘স্বাধীনতা স্তম্ভ’, ‘শিখা চিরন্তন’, জলাধার, ম্যুরাল, মিলনায়তন এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী গ্যালারি। এসব গ্যালারিতে একাত্তরের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধের প্রায় ২৬ হাজার ঘটনার আলোকচিত্র প্রদর্শিত ছিল। এর মধ্যে ১৪৪টি কাচের প্যানেলে ছিল তিন শতাধিক ঐতিহাসিক আলোকচিত্র। আরও ছিল মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশি সংবাদপত্রের কাটিং, পোস্টার, টেরাকোটা ম্যুরাল, যুদ্ধের নিদর্শন এবং আত্মসমর্পণের টেবিলের প্রতিকৃতি। কিন্তু দীর্ঘদিন ধরে সেই গ্যালারিগুলো অন্ধকারাচ্ছন্ন, জাদুঘরটির পরতে পরতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ৫ আগস্টের ধ্বংসযজ্ঞের ভাঙা পোড়া স্মৃতিচিহ্ন।

৫ আগস্ট ২০২৪: হামলা, লুটপাট, অগ্নিসংযোগ

জাদুঘর কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের দিন বিকেলে স্বাধীনতা জাদুঘরে সংঘবদ্ধভাবে পরিকল্পিত হামলা চালানো হয়। গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালানো হয়। 

এ বিষয়ে স্বাধীনতা জাদুঘরের পরিচালক মো. গোলাম কাউছার খবরের কাগজকে বলেন, ‘এখানকার গ্যালারিগুলোতে থাকা কোনো নিদর্শনই অক্ষত নেই। প্রদর্শিত আলোকচিত্রগুলোর ডিসপ্লে, টিভি মনিটর, সাউন্ড সিস্টেম, চেয়ার, ফ্যান, বৈদ্যুতিক সরঞ্জাম, এমনকি পানির পাম্প, বিদ্যুতের তার পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে। জাদুঘরের ভেতর একটি নিদর্শনও আগের জায়গায় নেই। জাদুঘরটির বাইরে থাকা প্রাচীরে স্থাপিত ঐতিহাসিক ভাস্কর্যগুলোও ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া ভাঙচুর করা অনেক জিনিসে ভেতর ও বাইরে আগুনে দেওয়া হয়। 

স্বাধীনতা জাদুঘর এলাকায় গিয়ে কথা হয় সেই দিনের ঘটনার সাক্ষী পিডব্লিউডির এক কার্য সহকারীর (নাম প্রকাশে অনিচ্ছুক) সঙ্গে। তিনি বলেন, ‘হামলাকারীরা শুধু ভাঙচুরই করেনি, বরং জাদুঘরের ভেতরে থাকা বিভিন্ন সামগ্রী টেনে বের করে এনে আগুনে পুড়িয়ে দেয়। সেই আগুন জাদুঘরের বিভিন্ন অংশে টানা দুদিন পর্যন্ত জ্বলেছে। তিনি আরও জানান, হামলার সময় তাকে মারধরের চেষ্টাও করা হয়। পরে নিজেকে স্থানীয় লোক পরিচয় দেওয়ার পর রক্ষা পান। সেই সময়ের ভিডিও ফুটেজ রয়েছে বলেও তিনি দাবি করেছেন।

যত আক্রোশ যেন মুক্তিযুদ্ধের ওপর

সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরের বর্তমান ধ্বংসস্তূপের নীরব সাক্ষী মুক্তিযোদ্ধা মনসুর ঘরামি (৭৫)। একাত্তরে ৯ নম্বর সেক্টরের হেমায়েত বাহিনীর এই যোদ্ধার সার্টিফিকেট নেই। তিনি উদ্যান এলাকায় ভাঙারি কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জাদুঘরের বর্তমান অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি খবরের কাগজকে বলেন, ‘৭ মার্চের ভাষণ থেইকা মুক্তিযুদ্ধের ছবি, যা কিছু আছিল সব লুট কইরা নিয়া গেছে। সেই দিনের পর থাইকা এটা বন্ধ। আর খোলে নাই।’ কথা বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়েন এই মুক্তিযোদ্ধা। তিনি বলেন, ‘আমরা যুদ্ধ করছি দেশ বাঁচাইতে, টাকার জন্য না। এই রকম বাংলাদেশ তো চাই নাই।’

তার মতো অনেকেই মনে করছেন, হামলাটি শুধু একটি স্থাপনার ওপর ছিল না; এটি ছিল মুক্তিযুদ্ধের স্মৃতি, ইতিহাস ও প্রতীকগুলোর ওপর আঘাত। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌটুসী ইসলাম বলেন, ‘এই জাদুঘরে আমি একবার গিয়েছি। এ দেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের সার্বিক চিত্র এর ভেতরে সাজানো ছিল; যা আমাদের জন্য লেসন। অথচ বাংলাদেশের জন্মের ইতিহাস-ঐতিহ্যের ওপর সারা দেশে যে আঘাত ২৪-এ আমরা ঘটতে দেখেছি সেটা অপ্রত্যাশিত। জুলাইকে আমিও সমর্থন করেছি। কিন্তু এ ধরনের ধ্বংস মেনে নিতে পারিনি। আমি আশা করি, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার স্বাধীনতা জাদুঘরসহ ধ্বংসের শিকার জাদুঘরগুলো সংস্কার করে আবার চালু করার উদ্যোগ নেবে।’

স্বাধীনতা জাদুঘর এলাকায় দীর্ঘদিন যাতায়াতকারী বেসরকারি চাকরিজীবী মোবাশ্বের আলম (৫৬) বলেন, ‘বিগত দিনে কত আন্দোলন-সংগ্রাম দেখেছি। সরকার বদল হতেও দেখেছি। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ দেশের জন্মের ইতিহাস-ঐতিহ্যের ওপর যে ধরনের আঘাত ও ধ্বংসলীলা চালানো হয়েছে; সে ধরনের ঘটনা আগে আমরা দেখিনি। মনে হয়েছে হামলাকারীদের যত রাগ মুক্তিযুদ্ধের ওপর! এ ধরনের সন্ত্রাসী সব কর্মকাণ্ড দমনে তৎকালীন অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ মনে করছি। বর্তমান সরকারের কাছে আমার আবেদন, অনেক রক্তের বিনিময়ে জয় করা এ দেশের ইতিহাস-ঐতিহ্যের ওপর আর কোনো আঘাত যেন না আসে।’

সংস্কার ও মামলার অগ্রগতি নেই

স্বাধীনতা জাদুঘরের পরিচালক গোলাম কাউছার বলেন, ‘এটি কোনো ব্যক্তির জাদুঘর নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার জাদুঘর। তাই নতুন করে গবেষণা ও পরিকল্পনার মাধ্যমে আবার দাঁড় করাতে হবে। ফলে এটি শুধু সংস্কারের বিষয় নয়; পুরো উপস্থাপনাই নতুনভাবে ভাবতে হবে। কারণ আগের ডিসপ্লেগুলো ধ্বংস হয়ে যাওয়ায় নতুন করে আলোকচিত্র, দলিল, কিউরেশন এবং প্রদর্শনী পরিকল্পনা করতে হবে।’ তিনি জানান, এতে সময় ও বড় অঙ্কের অর্থ লাগবে। সরাসরি ক্ষতির পরিমাণ ৫ থেকে ১০ কোটি টাকা হলেও পূর্ণাঙ্গ পুনর্নির্মাণে ২০ কোটি টাকার বেশি ব্যয় হতে পারে।

মামলা প্রসঙ্গে গোলাম কাউছার জানান, স্বাধীনতা জাদুঘরের চারটি মুক্তিযুদ্ধকালীন অস্ত্রও লুট হয়ে যায়। পরে লুট হওয়া অস্ত্র ও ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়। বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধারের খবর পাওয়া গেলেও সেগুলোর সঙ্গে জাদুঘরের অস্ত্রের মিল পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। এদিকে সংশ্লিষ্ট থানায় খোঁজ নিয়ে মামলার কোনো অগ্রগতি জানা যায়নি। 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঘটনার পর একটি মামলা হলেও এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য তদন্ত অগ্রগতি, চার্জশিট বা গ্রেপ্তারের তথ্য প্রকাশ হয়নি। এ নিয়ে সমালোচনা রয়েছে সাংস্কৃতিক অঙ্গনেও। অনেকেই প্রশ্ন তুলছেন– বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসবাহী একটি রাষ্ট্রীয় স্থাপনায় এমন হামলার পরও কেন তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই? 

৪৭ মাসেও নেই সংস্কারের উদ্যোগ

ঘটনার পর ৪৭ মাস পেরিয়ে গেলেও জাদুঘরটি এখনো বন্ধ। ভেতরে নেই বিদ্যুৎ সংযোগ। পোড়া দেয়াল, ভাঙা কাচ, ক্ষতিগ্রস্ত ম্যুরাল, গ্যালারিগুলোসহ জাদুঘরের গোটা এলাকা অন্ধকারাচ্ছন্ন। 

জাদুঘরটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব খবরের কাগজকে বলেন, ‘জাদুঘরের ভেতরে আর কিছু অবশিষ্ট নেই। সব ভাঙা হয়েছে। তবে ১৯৭১-কে বাদ দিয়ে আমরা কিছুই করতে পারব না। খুবই যত্ন করে নতুন আঙ্গিকে স্বাধীনতা জাদুঘর আবার তুলে ধরা হবে। নতুনভাবে ডিসপ্লে, কিউরেশন এবং দর্শনার্থীদের জন্য উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী অর্থবছরে বরাদ্দ পাওয়া গেলে সংস্কারকাজ শুরু করা সম্ভব হতে পারে।’

খোঁজ নিয়ে জানা গেছে, জাদুঘরটি সংস্কারের কোনো পরিকল্পনা সরকারের নেই। পিডব্লিউডির সংশ্লিষ্ট কর্মকর্তারাও জানিয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা জাদুঘর কর্তৃপক্ষের কাছ থেকে তারা এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি।

স্বাধীনতা জাদুঘরের বর্তমান ভগ্নদশা শুধু একটি রাষ্ট্রীয় স্থাপনার ক্ষয়ক্ষতি নয়; এটি রাষ্ট্রের স্মৃতি সংরক্ষণ, রাজনৈতিক সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের উত্তরাধিকার রক্ষার প্রশ্নও সামনে এনেছে। প্রশ্ন উঠেছে–দেশের ইতিহাস-ঐতিহ্য রক্ষার দায় কি এড়াতে পারে রাষ্ট্র? এ প্রসঙ্গে লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক সালেক খোকন বলেছেন, ‘ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। পরবর্তী প্রজন্ম প্রকৃত ইতিহাস খুঁজে বের করবেই। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ রাষ্ট্রের একটি মীমাংসিত সত্য। সেটিতে কারও হাত দেওয়া উচিত নয়।’