বরেণ্য গীতিকবি ও সিনিয়র সাংবাদিক নাসির আহমেদের জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) জন্মদিন উপলক্ষে দিনভর কবির বাড়িতে লেখক, শিল্পী, সাহিত্যিক, স্বজন, বন্ধু অনেকেই শুভেচ্ছা জানাতে এসেছেন। একাধিকবার কাটা হয়েছে কেক।
রাতে নৈশভোজের আগে কবির শুভার্থী ও অনুজপ্রতিম বন্ধু বেতার, টেলিভিশনের গীতিকার প্রাবন্ধিক ও কবি সুমন সরদার, বেতার-টিভির বিশিষ্ট সংগীত পরিচালক কবিতার গানখ্যাত শাহীন সরদার, চ্যানেল আইয়ের প্রযোজক কবি সেহাঙ্গল বিপ্লব, কণ্ঠশিল্পী ঐশিকা নদী, কণ্ঠশিল্পী রেবেকা সুলতানা, স্থপতি শুভ ইসলাম ও কবি পরিবারের সদস্যরা শুভেচ্ছা জানান ।
নাসির আহমেদ ১৯৫২ সালের এই দিনে দ্বীপজেলা ভোলা সদরের আলীনগর গ্রামে তার জন্ম ও বেড়ে ওঠা।
ছাত্রজীবন থেকেই তিনি সাংবাদিকতা শুরু করেন। দৈনিক বাংলা, দৈনিক জনকণ্ঠ, সমকাল, বর্তমানসহ বিভিন্ন দৈনিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনে পরিচালক (বার্তা) পদে চুক্তিভিত্তিক দায়িত্বের মেয়াদ শেষে তিনি ২০১৯ সাল থেকে এখনও দৈনিক দেশের কণ্ঠ পত্রিকায় উপদেষ্টা সম্পাদক হিসেবে যুক্ত আছেন।
কবিতা, গান, টিভি নাটক, প্রবন্ধ-নিবন্ধ, শিশুসাহিত্য, কলামসহ সাহিত্যের প্রায় সব শাখায় নাসির আহমেদ সমান দক্ষতার পরিচয় দেখা যায়।
কবিতার জন্য ‘বাংলা একাডেমি পুরস্কার’, কলকাতার ‘বিষ্ণু দে পুরস্কার’, ‘মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার’, ‘বাংলাদেশ লেখিকা সংঘ পদক’, ‘কবি মোজাম্মেল হক ফাউন্ডেশন পুরস্কার’, ‘চন্দ্রাবতী একাডেমি পদক’সহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন এই কবি।
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘আকুলতা শুভ্রতার জন্য’, ‘তোমাকেই আশালতা’, ‘বৃক্ষমঙ্গল’, ‘ভালো থাকার নির্দেশ আছে’, ‘তোমার জন্য অনিন্দিতা’, ‘একাত্তরের পদাবলী’, ‘না হয় না দিলে আশা’ ইত্যাদি।