নরসিংদীর দুর্গম চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে ২০ সন্ত্রাসীকে গ্রেপ্তার ও দেড় শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।
সোমবার (৩ মার্চ) রাতে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে সোমবার ভোর হতে দিনব্যাপী রায়পুরার একটি দুর্গম চরে বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড, আর্মি অ্যাভিয়েশন, র্যাব, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় দেড় শতাধিক ধারালো অস্ত্র, তিনটি মোবাইল এবং ২০ জন চিহ্নিত সন্ত্রাসী ও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
পরে মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, অভিযান শেষে আটকদের পুলিশের কাছে হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে গ্রেপ্তার দেখিয়ে নরসিংদী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহিন/মেহেদী/