চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবা বিক্রি ও সেবনকে কেন্দ্র করে দুপক্ষের উত্তেজনা-পরবর্তী গণপিটুনিতে মো. সেলিম (৪৫) নামে এক মাদককারবারি নিহত হয়েছেন। এতে তার সহযোগী মো. মামুন (৩২) ও সৈয়দ হোসেন (৪০) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাংলাবাজার খতিরহাট এলাকার সৈয়দ আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত মো. সেলিমের বাবা আবুল খায়ের বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ ও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন।
এর পর পুলিশ অভিযান চালিয়ে আসামি মো. ইসমাঈল প্রকাশ ইমনকে (২৮) গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সেলিম ২০১৮ সালে স্থানীয় আলমগীর নামের এক ব্যক্তিকে গুলি করেন। তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। একই বছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৫ থেকে ২০ দিন আগে তিনি দুবাই চলে যান। হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরে আসেন এবং এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ নেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ভিকটিমদের উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আরিফুল ইসলাম/অমিয়/