পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এই সংগীতশিল্পীকে নিয়ে শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল নিউ প্রজেক্ট টাউনে আয়োজন করা হয়েছিল ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামে একটি কনসার্ট। অবশেষে নিরাপত্তা ইস্যুতে প্রসাশনের অনুমতি না পাওয়ায় কনসার্টটি বাতিল করা হয়েছে।
বহুল প্রতীক্ষিত এই কনসার্ট বাতিল হয়েছে বলে নিশ্চিত করেছেন আতিফ আসলাম নিজেও। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশি ভক্তবৃন্দ। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় আয়োজিত কনসার্টে আমরা গান পরিবেশন করতে পারছি না।’
কনসার্ট বাতিল হওয়ার কারণ উল্লেখ করে তিনি লিখেছেন, ‘কনসার্টের আয়োজক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং অন্যান্য সরঞ্জাম সঠিকভাবে প্রস্তুত ও নিষ্পত্তি করতে পারেনি।’
এই কনসার্টে আতিফ আসলামের সঙ্গে মঞ্চ মাতানোর কথা ছিল দেশীয় ব্যান্ড নেমেসিস, আজম খান, ফিডারসসহ দেশীয় বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের। এর আগে পাকিস্তানের শিল্পীদের একাধিক কনসার্ট বাতিল হয়েছে। গত মাসের মাঝামাঝি পাকিস্তানের জনপ্রিয় সুফি-রক ঘরানার সংগীতশিল্পী আলী আজমতের কনসার্ট বাতিল হয়। সম্প্রতি অনুমতি না মেলায় পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’ ঢাকায় এসে ফিরে গেছে।
আতিফের কনসার্ট থেকে অর্জিত মোট লভ্যাংশের ৪০ শতাংশ অর্থ এবারও ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদান করার কথা ছিল।
আয়োজক পক্ষ জানাল, কনসার্টটি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজকদের একজন বলেন, ‘আমাদের শতভাগ প্রত্যাশা ছিল সর্বশেষ অনুমতিটি (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) আজ পাব। এর বাইরে আমাদের সব অনুমতি ও আয়োজন সম্পন্ন ছিল। কিন্তু আজও আমরা অনুমোদন পাইনি। (১২ ডিসেম্বর) শুক্রবার, মন্ত্রণালয় বন্ধ। শনিবার কনসার্টের তারিখ। অতএব ১৩ তারিখে যে কনসার্টটি করতে পারছি না, সেটি প্রায় নিশ্চিত।’
‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ কনসার্টটির যৌথভাবে আয়োজক ছিল মেইন স্টেজ ইনক ও স্পিরিট অব জুলাই।