নেত্রকোণায় মুক্তমঞ্চে উৎসবমূখর পরিবেশে সাহিত্য সমাজ উদযাপন করছে ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার-২০২৫ প্রদান অনুষ্ঠান।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহরের মোক্তারপাড়া বকুলতলায় খালেকদাদ চৌধুরী মুক্তমঞ্চে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২০২৪এর শহিদদের স্মরণে নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় এ উৎসব।
উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মাসুম।
সকাল সাড়ে ৯টায় উদীচী শিল্পীগোষ্ঠীসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় বসন্তবরণ শুরু হয়।
এর পর সকাল ১০টায় শোভাযাত্রা করে একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক খালেকদাদ চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শিশুদের মুক্ত চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, স্বরচিত কবিতা ও গল্প পাঠের আসর, আবৃত্তি, আলোচনা অনুষ্ঠান, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মুক্তচিন্তার বিকাশ ও সাহিত্য চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।সমকালীন সাহিত্যে প্রখ্যাত কবি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজকে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ১৪৩১ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক বনানী বিশ্বাস, জেলা প্রেস ক্লাবের সদস্যসচিব মাহমুদুল হাসান খান কিবরিয়া হেলিম, প্রেস ক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, লেখক অধ্যাপক ননীগোপাল সরকার, অধ্যাপক মতীন্দ্র সরকার, বাংলাদেশ প্রেস ক্লাবের জেলা কমিটির সভাপতি শামীম তালুকদার, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, তরুণ কবি তানভীর জাহান চৌধুরী প্রমুখ।
বিজয় দাস/অমিয়/