অর্ধশত প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আজ রবিবার বাংলা একাডেমি চত্বরে অমর একুশে প্রতীকী বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে একুশে বইমেলা সংগ্রাম পরিষদের উদ্যোগে বাংলা একাডেমির নজরুল মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন হবে। মেলা চলবে সন্ধ্যা পর্যন্ত।
সংগ্রাম পরিষদ জানায়, মেলাজুড়ে অমর একুশের গান, কবিতা আবৃত্তি, নাট্য পরিবেশনা, বক্তৃতাসহ নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে।
সংগ্রাম পরিষদের বক্তব্যে বলা হয়, অমর একুশে বইমেলা এদেশের স্বাধীনতা, স্বাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অর্জন। ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং একুশের চেতনাকে ধারণ করে প্রতিবছর ১ ফেব্রুয়ারি মাসব্যাপী বইমেলা শুরু হওয়ার যে ঐতিহ্য গড়ে উঠেছিল, তা এ বছর ব্যাহত হয়েছে। দীর্ঘ ধারাবাহিকতায় অমর একুশে বইমেলা আন্তর্জাতিক পরিসরেও স্বীকৃতি পেয়েছে এবং একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির সঙ্গে এই মেলার গুরুত্ব অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে উল্লেখ করা হয়।
তারা আরও বলেন, ২০২৬ সালে নির্ধারিত সময়ে বইমেলা আয়োজন করতে না পারা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গঠিত সরকারকেও প্রশ্নবিদ্ধ করছে।
প্রতীকী বইমেলায় অংশ নেওয়া প্রকাশনা ও সংগঠনগুলোর মধ্যে রয়েছে দি রিয়েল পাবলিশার্স, সৃজনী, জ্ঞান বিতরণী, নবরাগ প্রকাশনী, অনুজ প্রকাশন, বাড কম্প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন্স, বঙ্গজ প্রকাশন, অন্যপ্রকাশ, কাকলী প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন, অনন্যা, ভিন্নচোখ, তক্ষশীলা, জাগৃতি, শব্দবাড়ি প্রকাশনা, দশমিক, কেন্দ্রবিন্দু, কলি প্রকাশনী, চিলেকোঠা পাবলিকেশন, লালন বিশ্ব সংস্থা, সৌম্য প্রকাশন, লাল পিঁপড়ে, উদীচী, ভ্যানগার্ড পাবলিকেশন, মনুষ্যত্ব বিকাশ কেন্দ্র, জাতীয় সাহিত্য প্রকাশনী, নরসুন্দা প্রকাশনী, নতুন দিগন্ত, সূচীপত্র, আবিষ্কার, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, অনুপম প্রকাশনী, পাঠক সমাবেশ, অনিন্দ্য প্রকাশ, ছায়াবীথি, কৌমুদী প্রকাশনীসহ আরও অনেক প্রকাশক।