অমর একুশে বইমেলার শুরুতেই মাঠজুড়ে অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে। এখনো অনেক স্টলের অবকাঠামো নির্মাণ শেষ হয়নি, ফলে দর্শনার্থী ও পাঠকদের চলাচলে তৈরি হয়েছে ভোগান্তি।
সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরে দেখা যায়, যত্রতত্র পড়ে আছে নির্মাণসামগ্রী। কোথাও ইটের সলিং দেওয়া হলেও তার ওপর বালি ফেলা হয়নি, আবার কোথাও বালি জমে আছে হাঁটার পথেই। এতে পাঠক ও দর্শনার্থীদের চলাচল ব্যাহত হচ্ছে।
মাঠের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসেছে ইলেকট্রনিকস সামগ্রীর দোকান। এসব দোকান থেকে স্টল সজ্জার জন্য বাল্ব, সুইচ, রংসহ নানা সরঞ্জাম কিনছেন প্রকাশকরা। কয়েকটি স্টল পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে; শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব স্টলের কাজ কবে শেষ হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
অন্যদিকে কিছু প্রকাশক ইতোমধ্যে বই সাজিয়ে বসেছেন। তবে পাঠকের উপস্থিতি ছিল কম। গুটিকয়েক দর্শনার্থী নতুন বইয়ের খোঁজ করলেও তারা মেলার প্রস্তুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
নিরাপত্তা তল্লাশি জোরদারের কথা থাকলেও বিকেল চারটার দিকে মেলার প্রবেশমুখে তা ঢিলেঢালা দেখা গেছে। দর্শনার্থীদের অনেকেই কোনো ধরনের তল্লাশি ছাড়াই ভেতরে প্রবেশ করেছেন।
মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন অংশগ্রহণকারী প্রকাশক ও দর্শনার্থীরা।
জয়ন্ত সাহা/এসএন