২০২৪ সালে বৈদ্যুতিক গাড়ির (ইভি) বাজারের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। যদিও প্রত্যাশার চেয়ে বিক্রির হার কিছুটা ধীরগতিতে বাড়ছে, তবুও বেশির ভাগ ইভি মডেলের বিক্রিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। প্রচলিত অটোমোবাইল নির্মাতারা টেসলার সঙ্গে প্রতিযোগিতায় নামলেও, টেক্সাসভিত্তিক এই প্রতিষ্ঠানটি এখনো ইভি বাজারের নেতৃত্বে রয়েছে।
অনেক নির্মাতা তাদের প্রতিটি মডেলের বিস্তারিত বিক্রির তথ্য প্রকাশ করে না। আবার কিছু নির্মাতা বিক্রির সংখ্যা প্রকাশই করে না। যেমন মাজরাটি প্রতি বছর কয়েক হাজার গাড়ি বিক্রি করে থাকে। কিন্তু তারা তা প্রকাশ করে না। টেসলার ক্ষেত্রে সমস্যাটি ভিন্ন। প্রতিষ্ঠানটি কেবল বৈশ্বিক বিক্রির সংখ্যা জানায়, মডেলভিত্তিক আলাদা তথ্য প্রকাশ করে না। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম অটোমোটিভ নিউজে প্রকাশিত তথ্যের ওপর নির্ভর করে প্রতিটি মডেলের বিক্রির সংখ্যা অনুমান করা হয়েছে। তবে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। যেমন রিভিয়ান ২০২৪ সালে ৫১ হাজার ৫৭৯ ইউনিট সরবরাহের ঘোষণা দিয়েছে। যদি এটি সরাসরি তালিকায় স্থান পেত, তাহলে চতুর্থ অবস্থানে থাকত। তবে রিভিয়ান তাদের আর১টি ট্রাক, আর১এস এসইউভি বা আরসিভি বাণিজ্যিক ভ্যানের পৃথক বিক্রির সংখ্যা জানায়নি।
আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে রিভিয়ান প্রায় ৫ হাজার ভ্যান সরবরাহ করেছে, তবে আর১টি ট্রাক, আর১এস এসইউভিএর সুনির্দিষ্ট বিক্রির সংখ্যা অনুমান করা কঠিন। এই তালিকা প্রস্তুতির সময় এই বিষয়গুলো বিবেচনা করা হয়েছে, যা বাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যতের ইভি প্রবণতা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয়। ইলেকট্রিক গাড়ির চাহিদা বিশ্বব্যাপী বাড়ছে।
বিশ্বব্যাপী ইভি (ইলেকট্রিক ভেহিকেল) বাজারের প্রতিযোগিতা ক্রমশ তীব্রতর হচ্ছে। ২০২৪ সালে নতুন মডেলগুলো ও পুরোনো জনপ্রিয় গাড়িগুলো বিক্রিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। ২০২৪ সালে যেসব মডেল ইভি বিক্রিতে শীর্ষস্থানে রয়েছে, তাদের মধ্যে টেসলার আধিপত্য স্পষ্ট। এই বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইভিগুলোর তালিকা তুলে ধরা হলো।
টেসলা মডেল ওয়াই: ৪ লাখ ৫ হাজার ৯০০ ইউনিট (আনুমানিক)
২০২৪ সালে ইভি বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে টেসলা মডেল ওয়াই। ২০২৩ সালে বিক্রি হওয়া ৩ লাখ ৮৫ হাজার ৯০০ ইউনিট থেকে ২০২৪ সালে তা বেড়ে ৪ লাখ ৫ হাজার ৯০০ ইউনিটে পৌঁছেছে। এটি শুধু ইভির তালিকায় নয়, বরং যুক্তরাষ্ট্রে বিক্রীত চতুর্থ সর্বাধিক গাড়ির তালিকাতেও স্থান পেয়েছে। সম্প্রতি চীনা বাজারের জন্য টেসলা একটি নতুন সংস্করণ উন্মোচন করেছে, যা শিগগিরই যুক্তরাষ্ট্রেও পাওয়া যাবে।
টেসলা মডেল থ্রি: ১ লাখ ৪৫ হাজার ১০০ ইউনিট (আনুমানিক)
২০২৪ সালে টেসলা মডেল থ্রি বিক্রিতে উল্লেখযোগ্য পতন লক্ষ করা গেছে। ২০২৩ সালে বিক্রি হওয়া ২ লাখ ৩২ হাজার ৭০০ ইউনিট থেকে তা কমে ১ লাখ ৪৫ হাজার ১০০ টিতে নেমে এসেছে। এর মূল কারণ হিসেবে নতুন সংস্করণের সঙ্গে ট্রানজিশনের বিষয়টি উঠে এসেছে। তবু নতুন মডেলটি ২০২৫ সালের ‘১০ সেরা গাড়ি’ তালিকায় স্থান করে নিয়েছে।
ফোর্ড মাসট্যাং মাক-ই: ৫১ হাজার ৭৪৫ ইউনিট
ফোর্ড মাসট্যাং মাক-ই ২০২৪ সালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া নন-টেসলা ইভি হিসেবে পরিচিতি পেয়েছে। এর বিক্রি ২০২৩ সালের তুলনায় ২৭ শতাংশ বেড়ে ৫১ হাজার ৭৪৫ ইউনিটে পৌঁছেছে। তবে টেসলার তুলনায় এটি এখনো অনেক পিছিয়ে রয়েছে।
হুন্দাই আয়োনিক ৫: ৪৪ হাজার ৪০০ ইউনিট
হুন্দাই আয়োনিক ৫ ধারাবাহিকভাবে গত তিন বছর ধরে ‘কার অ্যান্ড ড্রাইভার ১০ বেস্ট’ তালিকায় রয়েছে। ২০২৪ সালে এর বিক্রি ৩১ শতাংশ বেড়ে ৪৪ হাজার ৪০০ ইউনিটে দাঁড়িয়েছে। হুন্দাই ২০২৫ সালে তিন সারির এসইউভি ‘আয়নিক ৯’ যুক্ত করে ইভি বিক্রি আরও বাড়ানোর পরিকল্পনা করছে।
ফোর্ড এফ-১৫০ লাইটনিং: ৩৩ হাজার ৫১০ ইউনিট
ফোর্ড এফ-১৫০ লাইটনিং বিক্রি ২০২৩ সালের তুলনায় ৩৯ শতাংশ বেড়ে ৩৩ হাজার ৫১০ ইউনিটে পৌঁছেছে। যদিও ফোর্ডের এফ-সিরিজ পিকআপ ট্রাকের মোট বিক্রি ৭ লাখ ৬৫ হাজার ৬৪৯ ইউনিটে পৌঁছেছে। তবে ইভি মডেল হিসেবে এটি পঞ্চম স্থান অর্জন করেছে।
হোন্ডা প্রোলগ: ৩৩ হাজার ১৭ ইউনিট
২০২৪ সালে শেভি ইকুইনক্স ইভি ও ব্লেজার ইভি ভালো পারফর্ম করলেও, একই প্ল্যাটফর্মে নির্মিত হোন্ডা প্রোলগ তাদের পেছনে ফেলেছে। গত বসন্তে ডেলিভারি শুরু হওয়ায় এর বিক্রি সীমিত থাকলেও, ২০২৫ সালে এটি আরও বড় সাফল্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টেসলা মডেল এক্স: ৩১ হাজার ৪০০ ইউনিট (আনুমানিক)
টেসলা মডেল এক্স ২০২৪ সালে বিক্রির দিক থেকে উল্লেখযোগ্য উন্নতি করেছে। ২০২৩ সালে ২৩ হাজার ৭০০ ইউনিট বিক্রির তুলনায় ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৪০০ টিতে। ২০১৫ সালে প্রথম উন্মোচিত হওয়া মডেল এক্স এখন শক্ত প্রতিযোগিতার সম্মুখীন হলেও, টেসলার নামের জনপ্রিয়তা ইভি বাজারে এখনও বড় প্রভাব ফেলছে।