দেশের ইলেকট্রিক বাইকের বাজারে নতুন মাত্রা যোগ করেছে জনপ্রিয় ব্র্যান্ড রিভো। প্রতিষ্ঠানটি সম্প্রতি দেশের বাজারে এনেছে অত্যাধুনিক প্রযুক্তির দুটি ইলেকট্রিক বাইক। ‘এ১০’ ও ‘এ১২’ মডেলগুলো দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে ক্রেতাদের জন্য আরামদায়ক ও সাশ্রয়ী সমাধান হিসেবে বিবেচিত হবে বলে আশা করছে রিভো।
রিভো জানিয়েছে, নতুন এই বাইকগুলো দেখতে যেমন দৃষ্টিনন্দন, তেমনি টেকসই ও ব্যাটারি পারফরম্যান্সেও অসাধারণ। রিভোর এ১০ মডেলের দাম শুরু হয়েছে ৭৯ হাজার ৯০০ টাকা থেকে এবং এ১২ মডেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯০০ টাকা। একবার সম্পূর্ণ চার্জে এই বাইকগুলো ৬৫ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম।
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে এক শোরুমে নতুন এই বাইক দুটি উন্মোচন করেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নেইল। এ সময় তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ রূপান্তরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই মানুষ আরও টেকসই ও সাশ্রয়ী বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে তাদের দৈনন্দিন যাতায়াত সহজতর করুক।’
রিভো এ১০
এই মডেল বিশেষভাবে তরুণদের জন্য তৈরি করা হয়েছে। আধুনিক ডিজাইন, সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি এবং একবার চার্জে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার চলতে সক্ষম এটি। বাইকটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৩৫ কিলোমিটার। নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের জন্য এটি আদর্শ। মাটি থেকে বাইকটির উচ্চতা ১২০ মিলিমিটার। বাইকটিতে এলইডি মিটারের পাশাপাশি নিরাপত্তার জন্য হাইড্রোলিক ব্রেকও রয়েছে।
রিভো এ১২
‘এ০১’ মডেলের উন্নত সংস্করণ এই মডেল মূলত পেশাদার ও করপোরেট ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। এতে রয়েছে ৬০ ভোল্টের ২৬ অ্যাম্পিয়ার আওয়ারের গ্রাফিন ব্যাটারি এবং ১০০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন মোটর। বাইকটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৪৭ কিলোমিটার এবং একবার চার্জে এটি ৭৫ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। আসনের নিচে সুপরিসর জায়গা থাকায় হেলমেটসহ অন্যান্য বস্তু সহজে রাখা যায়। মাটি থেকে বাইকটির উচ্চতা ১৫৫ মিলিমিটার। বাইকটিতে আকারে বড় ডিজিটাল স্পিডোমিটার থাকায় সহজে বাইকের যাবতীয় তথ্য জানার সুযোগ মেলে।
রিভো তার গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে ক্রমাগত প্রযুক্তিগত উন্নয়ন সাধন করছে। ব্যবহারকারীদের আরও ভালো মাইলেজ, গতি ও পারফরম্যান্স দেওয়ার লক্ষ্যে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কোম্পানিটি সারা দেশে ছয় মাসের ডোরস্টেপ সার্ভিস এবং ২৪ মাস পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে।
/আবরার জাহিন