বর্ষায় বাইক চালানো বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। ভেজা রাস্তা পিচ্ছিল হয়ে যায়, কমে যায় দৃশ্যমানতা, বাড়ে দুর্ঘটনার আশঙ্কা। এ সময় বাইক চালাতে প্রয়োজন হয় বাড়তি সতর্কতার। আসুন জেনে নেওয়া যাক বৃষ্টির দিনে নিরাপদে বাইক চালানোর কিছু গুরুত্বপূর্ণ টিপস।
বর্ষার আগে প্রস্তুতি
বর্ষা শুরু হওয়ার আগে বাইকের সম্পূর্ণ সার্ভিসিং করিয়ে নিন। বিশেষ করে ব্রেক, টায়ার, চেইন ও হেডলাইটগুলো ভালোভাবে পরীক্ষা করুন। নিশ্চিত করুন ব্রেকগুলো ঠিকমতো কাজ করছে এবং ব্রেক অয়েল যথেষ্ট পরিমাণে আছে।
এ ছাড়া বৃষ্টির সময় বাইক চালানোর জন্য রেইন স্যুট, হেলমেটের সঙ্গে অ্যান্টি-ফগ গ্লাস ও ওয়াটারপ্রুফ গ্লাভস ব্যবহার করুন। এগুলো শরীর শুষ্ক রাখতে ও দৃশ্যমানতা বাড়াতে সাহায্য করবে।
বৃষ্টিতে বাইক চালানোর সময় করণীয়
গতি নিয়ন্ত্রণ: ভেজা রাস্তায় বাইকের গতি সবসময় কম রাখুন। বাঁক নেওয়ার সময় আরও গতি কমিয়ে আনুন। এতে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি কমে যায়।
দূরত্ব বজায় রাখা: সামনের গাড়ি থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। ভেজা রাস্তায় ব্রেক কষলে বাইক পিছলে যেতে পারে, তাই স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ ব্রেকিং দূরত্ব রাখুন। হঠাৎ ব্রেক না কষে ধীরে ধীরে ব্রেক চাপুন। কারণ শুকনা রাস্তার মতো ভেজা রাস্তায় অতি সহজে বাইক থামানো যায় না।
হেলমেট ব্যবহার: সবসময় হেলমেট পরুন। বৃষ্টির সময় হালকা রঙের বা সাদা, হলুদ, কমলা ভাইজারযুক্ত হেলমেট ব্যবহার করলে দৃশ্যমানতা বাড়ে এবং চোখে বৃষ্টির ঝাপটা লাগে না। মনে রাখবেন, চালক ও আরোহী উভয়ের জন্য হেলমেট পরা আইনত বাধ্যতামূলক।
হেডলাইট জ্বালানো: বৃষ্টির সময় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে রাখুন। এতে অন্য চালকরা আপনাকে সহজে দেখতে পাবে এবং দুর্ঘটনার আশঙ্কা কমবে।
রেইনকোট ব্যবহার: ছাতা হাতে বাইক চালানো বিপজ্জনক, তাই রেইনকোট ব্যবহার করুন। এটি বৃষ্টি থেকে সুরক্ষা দেবে এবং বাইক চালানো সহজ করবে।
বাইকের বাড়তি যত্ন
চেইন পরীক্ষা: বৃষ্টির পানিতে চেইনে মরিচা পড়তে পারে বা ময়লা জমতে পারে। তাই নিয়মিত চেইন পরিষ্কার করুন এবং লুব্রিক্যান্ট ব্যবহার করুন।
টায়ার পরীক্ষা: ভালো মানের টায়ার বাইকের রোড গ্রিপ বাড়াতে সাহায্য করে। এতে ভেজা রাস্তায় ব্রেক কষলেও চাকা পিছলে যাওয়ার প্রবণতা কমে যায়।
অ্যাকুয়াপ্ল্যানিং এড়িয়ে চলুন: অ্যাকুয়াপ্ল্যানিং হলো এমন একটি অবস্থা, যখন টায়ার পানির ওপর ভাসতে থাকে এবং রাস্তার সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়। এটি এড়াতে গতি কমিয়ে চালান এবং গভীর পানি জমে থাকা রাস্তা এড়িয়ে চলুন।
সঠিক প্রস্তুতি ও সতর্কতা মেনে চললে বর্ষার দিনেও বাইক চালানো হয়ে উঠতে পারে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।