চলতি বছরের শেষ দিকে ইউরোপে আসছে ‘ফিয়াট ৫০০’ গাড়ির নতুন হাইব্রিড সংস্করণ। ইতালিয়ান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট সম্প্রতি গাড়িটির হাইব্রিড সংস্করণ তৈরির ঘোষণা দিয়েছে, যার প্রি-প্রোডাকশন বা পরীক্ষামূলক সংস্করণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এই নতুন মডেলে থাকছে সিক্স-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।
গাড়িটি নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে যেটুকু জানা গেছে, তা গিয়ারপ্রেমীদের জন্য রয়েছে বড় চমক। নতুন ৫০০ হাইব্রিড মডেলটিতে থাকছে সিক্স-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। তবে গিয়ার ট্রান্সমিশন বা হাইব্রিড পাওয়ার ট্রেন বিষয়ে প্রতিষ্ঠানটি এখনো স্পষ্ট করে কিছু জানায়নি।
বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিককালে সম্পূর্ণ বৈদ্যুতিক সংস্করণ ৫০০ই-এর ধীরগতির বিক্রির কারণে ফিয়াট নতুন হাইব্রিড সংস্করণ আনার দিকে ঝুঁকছে। গুডকারব্যাডকার ডটকমের তথ্যানুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে এই বৈদ্যুতিক মডেলটির বিক্রি হয় মাত্র ৯৭০টি, যেখানে ২০১২ সালে ক্ল্যাসিক ৫০০ মডেল বিক্রি হয়েছিল ৪০ হাজারেরও বেশি।
নতুন হাইব্রিড সংস্করণে জ্বালানি ইঞ্জিন যুক্ত করায় বিক্রি বাড়তে পারে বলে আশা করছে ফিয়াট। তবে এই মডেলটি যুক্তরাষ্ট্রের বাজারে আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত ইউরোপের জন্য নির্ধারিত হলেও অন্যান্য বাজারও তাদের বিবেচনায় রয়েছে।
ফিয়াট আশা করছে, বাজারে ভালো সাড়া পেলে বছরে এক লাখের বেশি ইউনিট বিক্রির সম্ভাবনা রয়েছে নতুন ৫০০ হাইব্রিড মডেলটির। গাড়িটির উৎপাদন শুরু হবে নভেম্বরে। ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে গাড়িটি বাজারে আসার পর দেখা যাবে, কতটা বাজার দখল করতে পারে।