বাংলাদেশের বাজারে নতুন প্লাগ-ইন হাইব্রিড (পিএইচইভি) গাড়ি ‘ডিপল এস-০৫’ নিয়ে এল ডিএইচএস অটোস। ৮ নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে সেডানটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। ডিএইচএস অটোস বাংলাদেশে ডিপল ব্র্যান্ডের এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে কাজ করছে।
আমদানিকারক প্রতিষ্ঠান জানিয়েছে, গাড়িটি এক চার্জ ও এক ট্যাংক জ্বালানিতে ১ হাজার ২৩৪ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এতে একটি ৪-সিলিন্ডার প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন রয়েছে। এর বৈদ্যুতিক মোটর সর্বোচ্চ ১৬০/২১৮ এইচপি ক্ষমতা ও ৩২০ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করতে পারে। গাড়িটিতে ২৭.২৮ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে।
ডিপল এস-০৫ মডেলে আধুনিক বিভিন্ন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এতে রয়েছে অ্যাডভান্সড ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস), ৫৪০° ক্যামেরা ভিউ এবং স্বয়ংক্রিয়ভাবে পার্কিংয়ের সুবিধা। গাড়ির ভেতরে রয়েছে সিনথেটিক লেদারের আসন, মাল্টিফাংশন স্টিয়ারিং হুইল এবং ১৫.৪ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। এ ছাড়া প্যানারমিক গ্লাসরুফ ও ১৪-স্পিকার সাউন্ড সিস্টেম রয়েছে।
মুনলাইট হোয়াইট, ডিপ স্পেস ব্ল্যাকসহ মোট পাঁচটি রঙে গাড়িটি পাওয়া যাবে। ডিএইচএস অটোস জানিয়েছে, রেজিস্ট্রেশন ছাড়া গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ৫২ লাখ টাকা। ক্রেতারা গাড়িটির সঙ্গে বিনামূল্যে হোম চার্জার ইনস্টলেশন সুবিধা পাবেন।
অনুষ্ঠানে জানানো হয়, ক্রেতাদের জন্য ৫ বছরের ওয়ারেন্টি (শর্তসাপেক্ষে), ৩ বছরের ফ্রি সার্ভিস এবং গাড়ির মোটর ও ব্যাটারিতে ৮ বছরের ওয়ারেন্টি সুবিধা থাকবে। ডিএইচএস অটোস এর মধ্যে দেশব্যাপী ২২টি স্থানে ইভি চার্জিং নেটওয়ার্ক স্থাপন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএইচএস অটোস লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, ‘ডিপল এস-০৫ বাংলাদেশের ইভি মার্কেটে সাড়া ফেলবে বলে আমরা আশাবাদী। প্রযুক্তি-প্রেমী ক্রেতারা এই গাড়িতে উন্নত প্রযুক্তি ও পারফর্ম্যান্সের অভিজ্ঞতা পাবেন।’
চাঙ্গান-এর সাউথ-ইস্ট এশিয়ার সেলস ম্যানেজার ডু কাইজিয়ান বলেন, ‘এই মডেলের মাধ্যমে বাংলাদেশের বাজারে চাঙ্গানের অবস্থান আরও সুদৃঢ় হবে। আমরা কোয়ালিটি ও ডিজাইন ঠিক রেখে সাশ্রয়ী দামে গাড়িটি বাজারে এনেছি।’