দেশের বাজারে ‘বিওয়াইডি সিলায়ন ৫’ মডেলের নতুন এসইউভি গাড়ি উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির এই গাড়িটি একই সঙ্গে তেল ও বিদ্যুতে চলবে। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিওয়াইডি বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে আগাম অর্ডার করা ২৫ জন ক্রেতার হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়।
বিওয়াইডি সিলায়ন ৫ গাড়িটিতে ব্যবহার করা হয়েছে উন্নত হাইব্রিড ইঞ্জিন ও ১৫০০ সিসির শক্তিশালী ইলেকট্রিক মোটর। এই ডুয়েল-পাওয়ার সিস্টেমের কারণে গাড়িটি পূর্ণ জ্বালানিতে সর্বোচ্চ ১ হাজার কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। শুধু বিদ্যুতে এটি ৭১ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করবে, যা দৈনন্দিন শহরের যাতায়াতের জন্য যথেষ্ট। গাড়িটি সর্বোচ্চ ১৫৬ কিলোওয়াট শক্তি উৎপাদন করতে পারে এবং মাত্র ৭.৭ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম।
নিরাপত্তার জন্য গাড়িটিতে সাতটি এয়ারব্যাগ ও বিওয়াইডির নিজস্ব ‘ব্লেড ব্যাটারি’ ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে রয়েছে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) এবং ভেহিকেল-টু-লোড (ভিটুএল) সুবিধা। গাড়ির ভেতরে প্রশস্ত কেবিনের পাশাপাশি ১২.৮ ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে ও প্যানোরামিক সানরুফ নজর কাড়বে।
বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, ‘বাংলাদেশি ক্রেতাদের প্রয়োজন বিবেচনা করে সাশ্রয়ী ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে সিলায়ন ৫ নিয়ে আসা হয়েছে। এটি প্রতিদিনের যাতায়াতে বৈদ্যুতিক গাড়ির অভিজ্ঞতা দেবে এবং দীর্ঘ ভ্রমণে রেঞ্জ নিয়ে দুশ্চিন্তা মুক্ত রাখবে।’
কসমস ব্ল্যাক, অরোরা হোয়াইট, আটলান্টিস গ্রে ও হারবার গ্রে রঙে গাড়িটি পাওয়া যাবে। প্রথম ৫০০ জন গ্রাহকের জন্য বিশেষ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭.৯০ লাখ টাকা। ক্রেতাদের জন্য ব্যাটারি ও মোটরে ৮ বছর এবং পুরো গাড়ির জন্য ৬ বছরের ওয়ারেন্টি সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
বিওয়াইডি বাংলাদেশের হেড অব সেলস ফাহমিদ ফেরদৌস জানান, বাজারে আসার আগেই গাড়িটি ব্যাপক সাড়া ফেলেছে এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রি-অর্ডার জমা পড়েছে।
/আবরার জাহিন