গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তির অগ্রগতিতে ডাইমলার ও ভলভোর সঙ্গে জোটবদ্ধ হয়েছে। জাপানি এই প্রতিষ্ঠান ২০২০ সালে ভলভো ও ডাইমলারের শুরু করা ‘সেলসেন্ট্রিক’ নামের যৌথ উদ্যোগে যোগ দিচ্ছে। এই অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো ভারী বাণিজ্যিক যানবাহনের জন্য বিশ্বের অন্যতম সেরা ফুয়েল সেল সিস্টেম তৈরির লক্ষ্যে কাজ করবে।
টয়োটার প্রেসিডেন্ট ও সিইও কোজি সাতো জানিয়েছেন, প্যাসেঞ্জার কার সেক্টরে টয়োটার ৩০ বছরের অভিজ্ঞতা এবং বাণিজ্যিক ক্ষেত্রে সেলসেন্ট্রিকের দক্ষতা মিলে একটি শক্তিশালী হাইড্রোজেন সমাজ গঠনে সাহায্য করবে। বিশেষ করে বড় ট্রাক ও বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর হবে বলে তারা আশা করছেন।
তবে টয়োটার এই পদক্ষেপটি বর্তমান অটোমোবাইল শিল্পের ধারার কিছুটা বিপরীত। গত বছর ক্রাইসলার, জিপ এবং পিজোর মতো ব্র্যান্ডের মালিকানাধীন স্টেলান্টিস তাদের হাইড্রোজেন ফুয়েল সেল কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়েছে। এমনকি জেনারেল মোটরসও (জিএম) ২০২৫ সালে হাইড্রোজেন প্রযুক্তি থেকে সরে এসেছে। খোদ টয়োটাও গত বছর এই প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহারের চেয়ে শিল্পকারখানায় ব্যবহারের ওপর বেশি জোর দিয়েছিল। তবে নতুন এই জোটের মাধ্যমে টয়োটা পুনরায় শক্তিশালীভাবে হাইড্রোজেন জ্বালানি খাতে নিজেদের অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করছে। এই প্রযুক্তি সফল হলে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে।