পাহাড়ের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) দিবস উদযাপন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে আয়োজন করা হয় দিনব্যাপী নানা অনুষ্ঠানের। রাবিপ্রবিকে সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ের তোলার অঙ্গীকার করছেন ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আতিয়ার রহমান।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাবিপ্রবি ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের সুচনা করেন ভিসি।
দিবসটি উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপস্থিতিতে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ। এ সময় কেক কেটে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের সহযোগী অধ্যাপক মো. আবু তালেব, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজির সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক জিএম সেলিম আহমেদ বক্তব্য রাখেন।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রাবিপ্রবিকে সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ের তোলার অঙ্গীকার করেন ভিসি।
তিনি বলেন, আমরা গত ১০টি বছর পার করে এসেছি। ফিরে দেখছি যে, ১০ বছরে আমরা কতটা উন্নতি করলাম, কী করার কথা ছিল, কোথায় যাওয়ার কথা ছিল, কতটা আমরা পথ পাড়ি দিয়েছি। আমাদের সীমাবদ্ধতা কী ছিল, ত্রুটি কী ছিল। তা দূর করবার জন্য সামনে কী করা প্রয়োজন।
ভিসি বলেন, আমরা দেখেছি এরমধ্যে সবচেয়ে নেতিবাচক ঘটনা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সেশনজট। সেকারণে এবারে আমাদের বিশ্ববিদ্যালয় দিবসের স্লোগান ঠিক করেছি 'বিশ্ববিদ্যালয় দিবসের অঙ্গীকার, সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয় আমার অধিকার'।
দিনব্যাপী এ আয়োজন পরে ফুড ফেস্টিভ্যাল, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের সমাপনী হয়।
২০০১ সালে ১ জুলাই রাবিপ্রবি স্থাপিত হলে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর চরম বিরোধীতায় পিছিয়ে পড়ে কার্যক্রম। পরে ২০১৪ সালে বাড়ি ভাড়া করে একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ২২৭ কোটি টাকা ব্যায়ে অবকাঠামো নির্মাণ করে সর্বশেষ ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর স্থায়ী ক্যাম্পাসে ক্লাস শুরু করে কর্তৃপক্ষ।
জিয়াউর রহমান/অমিয়/