পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) কয়েকটি কোম্পানির শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলেছে। শনিবার (৩১ মে) আরও ৪০ জন নারী-পুরুষ শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় তাদের ইপিজেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজন শ্রমিক বেশি অসুস্থ হওয়ায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (৩০ মে) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক নারী চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে বেশি অসুস্থ কয়েকজনকে পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। ডায়রিয়ায় আক্রান্ত অসুস্থদের মধ্যে অধিকাংশই ইপিজেডের রেনেসাঁ, ডেনিম ভিনটেজ (এবা), নাকানো ইন্টারন্যাশনাল বিডি, স্টেলা হেয়ার কোম্পানির শ্রমিক বলে জানা গেছে।
তবে ইপিজেড কার্যালয় জানায়, শুক্রবার ডায়ারিয়ায় আক্রান্তদের মধ্যে ইপিজেডের শ্রমিক ছিল ২০ জন। শনিবার আক্রান্ত হয় ৪০ জন শ্রমিক। এদের ইপিজেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে একজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে কী কারণে শ্রমিকরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে তা তদন্ত করা হচ্ছে। খাবার খেয়ে নাকি পানি খেয়ে, অথবা বাইরের কোনো কারণে অসুস্থ হচ্ছেন কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে। পানিতে কোনো সমস্যা আছে কি না তা পরীক্ষার জন্য ল্যাবটরিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।।
শ্রমিকরা জানায়, প্রতিদিনের মত বৃহস্পতিবার দুপুরে ইপিজেডের পক্ষ থেকে শ্রমিকদের খাবার সরবরাহ করা হয়। এ খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তারা ছুটি নিয়ে বাড়ি চলে যায়। কিন্তু পরদিন শুক্রবারও অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা নাজনিন সুলতানা জানান, বৃহস্পতিবার থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ইপিজেডের ১০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে শনিবার সকাল ১০টা পর্যন্ত ইপিজেডের ২৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।
তিনি আরও জানান, এদের মধ্যে থেকে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। আবার কেউ কেউ কিছুটা সুস্থ হয়ে চলে গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোছা. উম্মে হাবিবা জানান, খাদ্যে ব্যাকটেরিয়াজনিত কারণে তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারে। বেশি অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক (ইডি) এবিএম শহিদুল ইসলাম বলেন, হঠাৎ কেন শ্রমিকরা ডায়রিয়ায় আক্রান্ত তা জানার চেষ্টা করা হচ্ছে। পানিতে কোনো সমস্যা আছে কি না তা ল্যাবটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তিনি জানান, শনিবার আরও ৪০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের ইপিজেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। একটু বেশি অসুস্থতার কারণে একজন শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, অসুস্থ শ্রমিকদের পাশে থাকতে এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে কোম্পানির কর্মকর্তাদের বলা হয়েছে। এক শ্রমিক মারা যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। ইপিজেডের কোনো শ্রমিক মারা যায়নি।
জাহাঙ্গীর হোসেন/মাহফুজ