মারমুখী অবস্থানে দুপক্ষ। ছবি: খবরের কাগজ
চট্টগ্রাম নগরীর খুলশী হিলভিউ ও ফয়’জ লেক-সংলগ্ন এলাকায় জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) রাতে দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়’জ লেক এলাকার একটি বিরোধপূর্ণ জমিতে দেয়াল নির্মাণ ও তা ভাঙা নিয়ে শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে খুলশী ও আকবর শাহ থানা পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠায়।
চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের শরীরে গুরুতর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম খবরের কাগজকে বলেন, ফয়’জ লেক ও এর আশপাশের কিছু বিরোধপূর্ণ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে খুলশী ও আকবর শাহ এলাকার দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
তিনি আরও জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ শক্ত অবস্থান নেয় এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনার পেছনে কারা নেতৃত্ব দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইফতেখারুল ইসলাম/থিও/