দুপুর ১২টার পর থেকে দিনাজপুরের ছয়টি সংশোধনীয় আসনের ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জেলার প্রায় প্রতিটি কেন্দ্রে দুপুরের পর নারী ও পুরুষ ভোটারদের আলাদা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে দেখা গেছে।
সকালের তুলনায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের আনাগোনা বৃদ্ধি পায়। অনেক কেন্দ্রে নতুন ভোটারদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা গেছে। প্রথমবার ভোট দিতে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা।
দিনাজপুর শহরের কোহিনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা গৃহিণী রোকেয়া বেগম বলেন, “সকালে ঘরের কাজ শেষ করে দুপুরে ভোট দিতে এসেছি। পরিবেশ খুব ভালো, কোনো সমস্যা নেই। নারী-পুরুষের আলাদা লাইন থাকায় স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরেছি।
প্রথমবার ভোট দেওয়া কলেজছাত্রী তানজিলা আক্তার জানান, “নতুন ভোটার হিসেবে এটা আমার জন্য বিশেষ দিন। কেন্দ্রে এসে দেখলাম সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ। নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভালো লাগছে।
একই কেন্দ্রে ভোট দেওয়া ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, “দুপুরের পর ভোটারের চাপ কিছুটা বেড়েছে। তবে প্রশাসন সুন্দরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।
চিরিরবন্দর দুর্গাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আহসান হাবিব জানান, দুপুরের পর থেকে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে তারা আশা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি থাকায় ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে আসছেন।
দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, জানান এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
সার্বিকভাবে বলা যায়, দিনাজপুরের ছয়টি আসনে দুপুরের পর ভোটের আমেজ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণে নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সুলতান মাহমুদ/সুমন/