সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে ককটেল বিস্ফোরণ ও সড়কে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রাতভর থমথমে পরিস্থিতি বিরাজ করে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ২টার দিকে কয়েকটি বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। এ সময় বংশীপুর বাসস্ট্যান্ডে ডিউটিরত নাইট গার্ড ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে দেখা যায়, সড়কের ওপর টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে এবং পাশে কয়েকটি বাঁশের লাঠি ও একটা আওয়ামী লীগের ব্যানার পড়ে রয়েছে। ঘটনাস্থলের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে ঘর থেকে বের হতে সাহস পাননি।
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল, বাংলাদেশ আওয়ামী লীগের একটি ব্যানার এবং কয়েকটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। ব্যানারে লেখা ছিল- ‘ড. ইউনুস ও জামাত বিএনপির অবৈধ্য পাতানো নির্বাচন বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। বাংলাদেশ আওয়ামীলীগ, ঈশ্বরীপুর ইউনিয়ন, শ্যামনগর, সাতক্ষীরা।’
স্থানীয় আয়জুল, আব্দুল হান্নান আব্দুল হান্নান, শহিদুল ও শফিকুলসহ কয়েকজন বাসিন্দা জানান, রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে এটি পরিকল্পিত নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে। ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ভবিষ্যতে সহিংসতা বা প্রতিশোধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ কিছু আলামত উদ্ধার করে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
সিরাজ/রিফাত/