কক্সবাজারের পেকুয়া উপজেলা জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২১ মার্চ) সকাল ১০টা ১০ মিনিটে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজে অংশ নেন।
নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করেন।
এ সময় তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করার আহ্বান জানান।
পাশাপাশি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন।
পরে পেকুয়া উপজেলার মাঠ ও স্টেডিয়ামের উন্নয়ন নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুবের সঙ্গে আলোচনা করেন।
তিনি ফুটবল মাঠের পাশাপাশি বাস্কেটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলার সুবিধা গড়ে তোলার নির্দেশনা দেন এবং জিমনেসিয়াম সংস্কার করে সেখানে বিভিন্ন ইভেন্টের পাশাপাশি টেনিস বলের সরঞ্জাম তৈরি করতে বলেন।
পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করছে এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এবং বলেন, সরকার রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে কাজ চালিয়ে যাচ্ছে।
এর পরে তিনি পেকুয়া সিকদারপাড়ায় তার বাবা-মায়ের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় তিনি কবরস্থানের পাশের এতিমখানার পুকুরসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমও পরিদর্শন করেন।
তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জারিন মুকুটসহ স্থানীয়রা।
রকিবুল হাসান/অমিয়/