রাজধানীর ডেমরায় মরিয়ম বিবি (৩০) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) রাজাখালি এলাকার ড্রেজার মাঠসংলগ্ন বিউটির বাড়ির পেছন থেকে বালুচাপা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এ ঘটনায় বিউটি বেগম ও তার স্বামী জহির উদ্দিনকে আটক করেছে পুলিশ।
অভিযোগ রয়েছে, নিহত মরিয়ম রাজাখালি এলাকার বিউটিকে নন-জুডিশিয়াল একটি স্ট্যাম্পের মাধ্যমে মাসিক সুদে ২ লাখ টাকা ঋণ দেন। গত বৃহস্পতিবার রাতে ওই টাকা ফেরত চাইতে বিউটির বাড়িতে যান মরিয়ম। এ সময় বিউটি ও তার স্বামী জহির মরিয়মকে ঘরে আটক রাখেন। স্ট্যাম্প কোথায় রেখেছেন সে তথ্য জেনে পরদিন মানিকদিয়া এলাকায় মরিয়মের বাড়িতে যান। সেখানে গিয়ে মরিয়মের ৩ ছেলের সঙ্গে দেখা করেন। এ সময় বড় ছেলে মাহিন ও মেঝো ছেলে জুবায়ের মায়ের কথা বিউটি-জহির দম্পতির কাছে জিজ্ঞেস করে।
তারা বলেন, মরিয়ম রাজাখালিতে তাদের বাড়িতে আছেন। পরে বিউটি-জহিরকে নির্ধারিত জায়গা থেকে স্ট্যাম্প বের করে দেন মরিয়মের ছেলেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে রাজাখালি এলাকার সোহান, আবিদ ও সোহেলসহ মরিয়মের পরিবারের লোকজন তার খোঁজে বিউটির বাড়িতে যান। এ সময় সন্দেহবশত তারা ডিউটির বাড়ির পেছনের দিকে গিয়ে বালুর একটি স্তূপ দেখতে পান। তখন তারা বালু সরিয়ে মরিয়মের লাশ দেখতে পায়। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। এই ঘটনায় বিউটি ও তার স্বামী জহিরকে আটক করে পুলিশ। এর মধ্যেই এলাকাবাসী তাদের বেধড়ক মারধর করে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক মীর খবরের কাগজকে বলেন, পাওনা টাকা চাইতে গিয়ে মরিয়ম খুন হয়েছে। এ ঘটনায় বিউটি ও তার স্বামী জহিরকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।