নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতা ও দাবি করা তিন লাখ টাকা না দেওয়ায় শামসুদ্দোহা নামের এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ ওঠেছে পৌর যুবদল নেতার বিরুদ্ধে।
সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শফিকুল ইসলাম তারাব পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের আমলে যুবদল নেতা শফিকুল ইসলামের ভাগ্নের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলার সাংগঠনিক সম্পাদক সাকিবের ঝগড়া হয় উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য রিপনের লোকজনের। তখন শফিকুল ইসলাম ভাগ্নের পক্ষে সংঘর্ষে জড়ান। এ সময় তিনি পায়ে গুরুতর জখম হন।
গত ৫ আগস্টের পর থেকে সেই সময়ের ক্ষতিপূরণ বাবদ রিপনের পরিবারের কাছে তিন লাখ টাকা চেয়ে আসছেন শফিকুল ইসলাম ও তার ভাগ্নে। এর জেরে গত সোমবার রাতে রিপনকে না পেয়ে তার মামা শামসুদ্দোহাকে গুলি করে শফিকুল ও তার ভাগ্নে সাকিব।
এ ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম খবরের কাগজকে বলেন, শামসুদ্দোহা নামের এক বৃদ্ধ গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
রুবেল শিকদার/অমিয়/