যশোরের অভয়নগর উপজেলায় লিমন শেখ (২৫) নামে এক প্রতিবন্ধী যুবককে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১২ আগস্ট) ওই উপজেলার শংকরপাশা ফারাজিপাড়া বিলের রাস্তার পাশ থেকে ওই প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত লিমন নওয়াপাড়া পৌর শহরের বুইকরা ওয়ার্ডের কাসেম শেখের ছেলে।
পুলিশ ধারণা করছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে লিমনকে নির্জন জায়গায় নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা বিলের পাশে মরদেহ ফেলে রেখে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার ভাই এর মধ্যে নিহত লিমন বড়। প্রায় ৫ বছর ধরে স্থানীয় জিল্লুর বস্তার দোকানে ভ্যানে বস্তা বহনের কাজ করতেন লিমন। প্রতিদিন কাজ শেষ করে তিনি বাড়িতে গেলেও সোমবার (১১ আগস্ট) রাতে বাড়িতে ফেরেননি। মঙ্গলবার সকালে পুলিশের কাছে খবর আসে শংকরপাশা ফারাজিপাড়ার বিলের ভিতরে একটি মরদেহ পড়ে রয়েছে। এর পর স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নিহতের পরিচয় মেলে। মরদেহ উদ্ধার করে এদিন দুপুরে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, 'নিহতের শরীরে কোন ক্ষত নাই। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার ভ্যানটি মিসিং রয়েছে। তাই ধারণা করছি ছিনতাইয়ের উদ্দেশ্য তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তুহিন/মেহেদী/