ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুলে পারিবারিক বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতা ও সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ফরিদপুর-৪ আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী ডা. গোলাম কবির তার ছোট ভাই মিন্টুকে মাথায় একাধিক গুলি করে হত্যা করেছেন।
বুধবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তানভীর হোসেন।
এই ঘটনার পর পুলিশ তাকে আটক করে হেফাজতে নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা. গোলাম কবিরের সঙ্গে ভাই-বোনদের বিরোধ চলছিল। প্রশাসন বিষয়টি নিয়ে একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও সমাধান হয়নি। এর মধ্যে আজ সকালে গোলাম কবিরের সঙ্গে ভাইয়ের কথা কথা কাটাকাটির এক পর্যায়ে তার লাইসেন্স করা শর্টগান দিয়ে ভাইয়ের মাথায় একাধিক গুলি করেন।
এরপর স্থানীয়রা মিন্টুকে দ্রুত বোয়ালমারী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা গোলাম কবিরকে আটক করে পুলিশে দেন।
বোয়ালমারী থানার ওসি খবরের কাগজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় জড়িত ডা. গোলাম কবিরকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
সঞ্জিব দাস/অমিয়/