চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে মো. দিদারুল আলম (৫৬) নামের এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে তারই ঘনিষ্ঠ বন্ধু আবু তৈয়বের বিরুদ্ধে।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। দিদারুল আলম চট্টগ্রামের পটিয়া উপজেলা কালারপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার বাসিন্দা। নগরের রিয়াজউদ্দিন বাজারে দিদারুল আলমের মনিহারি দোকান ছিল।
জানা গেছে, কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় শুক্রবার রাতে ভুক্তভোগী ব্যবসায়ী দিদারুলের সঙ্গে অভিযুক্ত আবু তৈয়বের দেখা হয়। তারা এক সময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পূর্বের করা লেনদেন নিয়ে শুক্রবার রাতে তাদের দুজনের মধ্যে তর্ক হয় এবং একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। মারামারির একপর্যায়ে তৈয়ব ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে দিদারুলকে হত্যা করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে দিদারুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, লেনদেন নিয়ে তাদের দুজনের মধ্যে মারামারির একপর্যায়ে দিদারুল আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
নাঈম/