প্রথম অধ্যায় : সমাজকর্ম: প্রকৃতি ও পরিধি
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: সামগ্রিক কল্যাণ বলতে কী বোঝায়?
উত্তর: মানবজীবনের সব ক্ষেত্রে সুষম উন্নয়ন ছাড়া সামাজিক সমস্যার সুষ্ঠু সমাধান নিশ্চিত করা যায় না। তাই সমাজকর্ম মানুষের আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, মানসিক, দৈহিক ও নৈতিক সব ক্ষেত্রের কল্যাণ সুনিশ্চিত করতে সদা তৎপর। সব ক্ষেত্রের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্য সমাজকর্ম যে বহুমুখী প্রক্রিয়া গ্রহণ করে, তাই সমাজকর্মের সামগ্রিক কল্যাণ হিসেবে খ্যাত।
প্রশ্ন: সমাজকর্মকে সক্ষমকারী প্রক্রিয়া বলা হয় কেন?
উত্তর: সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া। সমাজকর্ম সমাজের অসুবিধাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেদের সম্পদ ও সামর্থ্য সম্পর্কে সচেতন হয়ে সামাজিক ভূমিকা পালনের মাধ্যমে নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে। সমাজকর্মের সাহায্য মানে আর্থিক বা নগদ কোনো কিছু দেওয়া নয় বরং ব্যক্তি ও দলকে তার কর্মপ্রচেষ্টার উন্নয়ন, সমস্যার সমাধান বা কাজের ব্যাপারে স্বাবলম্বী করে তোলা হতো। অর্থাৎ সমাজকর্মে মানুষকে কাজে সক্ষম করে তোলা হয় বলেই একে সক্ষমকারী প্রক্রিয়া বলা হয়।
প্রশ্ন: সমাজকর্ম ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর: সমস্যা সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া হলো সমাজকর্ম। সহজভাবে বলা যায়, সমাজকর্ম এমন একটি সাহায্যকারী পেশা, যা মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে। শিল্পোত্তর সমাজের জটিল আর্থসামাজিক, মনস্তাত্ত্বিক ও পারিপার্শ্বিক সমস্যা সমাধানের প্রয়োজনে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা হিসেবে বিকাশ লাভ করেছে।
আরো পড়ুন : সমাজকর্ম: প্রকৃতি ও পরিধি অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব
প্রশ্ন: সমাজকর্মের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর: সমাজকর্ম স্বতন্ত্র বৈশিষ্ট্যসম্পন্ন পেশাকর্ম। এর দুটি বৈশিষ্ট্য হলো-
১. সমাজকর্ম একটি সাহায্যকারী কার্যক্রম।
২. এটি একটি সামাজিক কার্যক্রম, যা প্রতিষ্ঠিত হয়েছে জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করার জন্য, মুনাফা অর্জনের জন্য নয়।
প্রশ্ন: সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়?
উত্তর: সামাজিক জীব হিসেবে সমাজে বাস করতে হলে প্রত্যেক সদস্যকেই কিছু কিছু দায়িত্ব পালন করতে হয়। এসব দায়িত্ব পালন করার রীতিকেই সামাজিক দায়িত্ববোধ বলে। সামাজিক দায়িত্ব মূলত এক ধরনের শিষ্টাচার বা নীতি যা সমাজের প্রতি দায়িত্ব পালনকে নির্দেশ করে। সমাজকর্মে বিশ্বাস করা হয়, সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই মানুষ স্বীয় অধিকার ভোগ করতে পারে। তাই সামাজিক দায়িত্ববোধ সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ মূল্যবোধ।
প্রশ্ন: সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা-ব্যাখ্যা করো।
উত্তর: সমাজকর্ম সাহায্যার্থীর সামাজিক ভূমিকা পালন, উন্নয়ন, সংরক্ষণ ও আত্মবিশ্বাস পুনরুদ্ধারে ভূমিকা রাখে। যে কারণে একে সাহায্যের পেশা বলা হয়। সমাজকর্ম মূলত একটি বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা। যার মূল লক্ষ্য সামাজিক বিভিন্ন সমস্যায় আক্রান্ত সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করা, যাতে তারা নিজ ক্ষমতা ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমস্যার কার্যকর মোকাবিলায় সক্ষম হয়।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর