সারাংশ
১। জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ, ধনসম্পদশালী, উন্নত ও সুখী করতে হলে শিক্ষা ও জ্ঞান বর্ষার বারিধারার মতো...।
সারাংশ: দেশ ও জাতির উন্নতি এবং সমৃদ্ধির জন্য শিক্ষার ব্যাপক বিস্তৃতি ঘটাতে হবে। মহাপুরুষদের অমর রচনাবলি সাধারণের মধ্যে প্রচার করে জাতীয় উন্নতির বিকাশ ত্বরান্বিত করা সম্ভব। কেননা মনীষীদের চিন্তার সংস্পর্শে এসে মানুষ যাবতীয় সংস্কার ও সীমাবদ্ধতাকে অতিক্রম করে সুউচ্চ ও মহিমাময় জীবনের অধিকারী হয়। ফলে একটি মর্যাদাশীল জাতি প্রতিষ্ঠা লাভ সম্ভব হয়।
২। যারা নিজে নিজে চেষ্টা করেন, আল্লাহ তাদের ... জগতে উন্নতি করতে পারে না।
সারাংশ: প্রচেষ্টা ও পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন সম্ভব নয়। আর এ পরিশ্রম অবশ্যই নিজেকে করতে হবে। অতীতে যারা বড় হয়েছেন তারা নিজেদের চেষ্টাতেই হয়েছেন। পরিশ্রম ছাড়া রাজার ছেলেরও বিদ্যা অর্জন অসম্ভব। সুতরাং অন্যের ওপর নির্ভর করে উন্নতি লাভ করা যায় না।
৩। বাল্যকাল থেকেই আমাদের শিক্ষার সঙ্গে আনন্দ নাই ...।
সারাংশ: আমাদের শিক্ষাব্যবস্থা অত্যন্ত নিরস এবং এই শিক্ষার সঙ্গে আনন্দের কোনো সংযোগ নেই। খাদ্য হজম করার জন্য যেমন বাতাস প্রয়োজন, তেমনি পাঠ্যপুস্তকে গভীর মনোনিবেশের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হলে তার সঙ্গে আনন্দ থাকা বাঞ্ছনীয়। আনন্দের সঙ্গে শিক্ষালাভ করলে মানুষের জ্ঞান ও চিন্তাশক্তি স্বাভাবিক নিয়মে বিকশিত হয়।
৪। কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তোমার থাকে তাহলে তাদের সব বই ধ্বংস করো এবং সব পণ্ডিতকে হত্যা ...।
সারাংশ: লেখক ও পণ্ডিত ব্যক্তিরাই দেশ ও জাতির পথপ্রদর্শক। কোনো সভ্য জাতির সাহিত্য ধ্বংসের মাধ্যমে জাতিকে নিশ্চিহ্ন করা সম্ভব। জাতির পথ নির্দেশনা এই সাহিত্যে বিদ্যমান। তাই জাতির অগ্রগতিকে আরও গতিশীল করার জন্য সাহিত্যের মাধ্যমে জাতির মনে অনুপ্রেরণা দিতে হবে।
৫। মাতৃস্নেহের তুলনা নাই। কিন্তু অতি স্নেহ ...।
সারাংশ: মাতৃস্নেহ অতুলনীয় হলেও মায়ের মাত্রাতিরিক্ত প্রশ্রয়ে সন্তান পরনির্ভরশীল এবং আত্মশক্তিহীন হয়ে পড়ে। ফলে তা সন্তানের মনুষ্যত্ব বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। অন্ধ মাতৃস্নেহ শেষ পর্যন্ত সন্তানের অমঙ্গলের কারণ হয়ে উঠতে পারে।
৬। মানুষের মূল্য কোথায় ? ... চরিত্র মানে এই।
সারাংশ: মানবজীবনের অমূল্য সম্পদ হলো চরিত্র। চরিত্রের গুণে গুণান্বিত ব্যক্তিরাই অন্যের শ্রদ্ধালাভ করে থাকেন। জগতের সব মহাপুরুষের গৌরবের মূলে রয়েছে চরিত্রের মহিমাময় শক্তি। চরিত্রবান বলতে সত্যবাদী, বিনয়ী, ন্যায়নিষ্ঠ, জ্ঞানবান, পরদুঃখকাতর, স্বাধীনতাপ্রিয় ব্যক্তিকেই বোঝায়।
৭। অতীতকে ভুলে যাও ... দৈনিক জীবন নিয়ে বাঁচতে।
সারাংশ: মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান হলো বর্তমান সময়। অতীত এবং ভবিষ্যতের বোঝা বর্তমানকে শক্তিহীন, দুশ্চিন্তাগ্রস্ত ও স্নায়বিকভাবে দুর্বল করে ফেলে। বর্তমানের মধ্যেই রয়েছে মানুষের মুক্তি ও শক্তি। তাই অতীত ও ভবিষ্যতের কথা বাদ দিয়ে মানুষকে বর্তমান নিয়েই চিন্তা-ভাবনা করা উচিত।
৮। কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ? মহৎ আকাঙ্ক্ষা। ... মানুষকে তার অন্তরের পাখা মেলতে শিখতে হবে।
সারাংশ: আত্মলোকে আনন্দ সঞ্চার করাই হলো শিক্ষার একমাত্র উদ্দেশ্য। জীবিকা অর্জনের প্রয়োজনে অর্জিত শিক্ষা অসম্পূর্ণ। আত্মস্বার্থের চিন্তা না করে মানুষ হয়ে ওঠার সাধনার কথা মনে জাগ্রত করার নামই শিক্ষা, এই কাঙ্ক্ষিত লক্ষ্যই হলো শিক্ষা জীবনের পাথেয়।
৯। মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না ...।
সারাংশ: বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষকে নির্বাচন করা যায় না। বরং মানুষকে নির্বাচন করতে হয় সুন্দর স্বভাব দেখে। মানুষের স্বভাবের সৌন্দর্যকে সবাই ভালোবাসে। স্বভাব গঠন সাধনার ব্যাপার। আর এ সাধনা উপাসনারই নামান্তর।
১০। নীরব ভাষার বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায় ...।
সারাংশ: বৃক্ষলতা প্রাকৃতিক নিয়মেই বিকাশ লাভ করে। এ বৃদ্ধিতে তার নিজস্ব কোনো ভূমিকা নেই। কিন্তু মানুষের বিকাশ দৈহিকের সঙ্গে সঙ্গে আত্মিকও। সুখ-দুঃখ বেদনাবোধের মধ্য দিয়েই তার নিকষিত চৈতন্য আত্মা রূপ লাভ করে।