নাটিকা : সুখী মানুষ
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: সুখী মানুষ খুঁজে পাওয়া কঠিন কেন?
উত্তর: খুব কম মানুষই সুখী হওয়ায় সুখী মানুষ খুঁজে পাওয়া কঠিন। মানুষ মাত্রই সুখী হতে চায়, এ কারণেই সুখের উপকরণ হিসেবে ধন, সম্পদ, অর্থ প্রভৃতির প্রতি তার চাহিদা দিনের পর দিন বাড়তে থাকে। এগুলো পেলে সে আরও চায়। এই আরও চাওয়ার ফলে সেই মানুষের মনে সৃষ্টি হয় অশান্তি। সুখ তার জীবন থেকে হারিয়ে যায়। আমাদের সমাজে এ ধরনের মানুষের সংখ্যাই বেশি। এ কারণে প্রকৃত সুখী মানুষ খুঁজে পাওয়া কঠিন।
প্রশ্ন: হাসু মোড়লের মৃত্যু কামনা করে কেন?
উত্তর: অন্যায়ভাবে হাসুর ও সুবর্ণপুর গ্রামের মানুষের কাছ থেকে সম্পদ লুট করে ধনী হওয়ার কারণে হাসু মোড়লের মৃত্যু কামনা করে। ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়ল চরিত্রটির কাজ হলো অন্যের জিনিস লুট করে ঠকানো, যেকোনো কিছু জোর করে ছিনিয়ে নেওয়া ইত্যাদি। সে অত্যাচারী মানুষের কান্না দেখে হাসে। আর হাসু চরিত্রটি সৎ ও সাহসী চরিত্র। অন্যায়কারীর শাস্তি হলে সে খুশি হয়। তাই সে অত্যাচারী মোড়লের মৃত্যু কামনা করে।
আরো পড়ুন : তৈলচিত্রের ভূত গল্পের ২টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
প্রশ্ন: ‘মানুষ এবং প্রাণী অমর নয়।’ কথাটি ব্যাখ্যা করো।
উত্তর: ‘মানুষ এবং প্রাণী অমর নয়।’ এ কথাটি কবিরাজ বলেছেন। জন্মের পর থেকেই মানুষ ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যায়। জীবনের সমাপ্তি ঘটে মৃত্যুর মাধ্যমে। পৃথিবীতে এমন কোনো প্রাণ নেই যে, অনন্তকাল বেঁচে থাকবে; বরং আয়ুভেদে প্রত্যেক মানুষ বা প্রাণীই একসময় মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মোড়ল বাঁচবে কি না রহমত এ কথা জানতে চাইলে কবিরাজ ওপরের কথাটি বলেন।
প্রশ্ন: কীভাবে মোড়লের হাড় মড়মড় রোগ ভালো হবে?
উত্তর: একজন সুখী মানুষের জামা গায়ে দিলে মোড়লের হাড় মড়মড় রোগ ভালো হবে।
মোড়ল একজন অত্যাচারী। অন্যের ধনসম্পদ সংগ্রহ করার মাঝেই সে সব সুখ লাভের চিন্তা করে। কিন্তু একসময় মোড়ল মানসিকভাবে প্রচণ্ড অসুখী হয়। তার হাড় মড়মড় রোগ হয়। সে অসহ্য যন্ত্রণায় কাতরায়। তখন কবিরাজ মোড়লের মানসিক ও শারীরিক অসুখ লাঘবের ওষুধ হিসেবে তাকে সুখী মানুষের জামা সংগ্রহ করতে বলেছেন। কবিরাজের মতে, সুখী মানুষের জামার মাধ্যমেই মোড়লের অসুখ ভালো হবে।
লেখক : সিনিয়র শিক্ষক, বাংলা
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর