অধ্যায় তিন : জীবনের জন্য পানি
(গত ৮ সেপ্টেম্বর প্রকাশের পর)
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়। কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়। ওই পানি কোথায় যায়?
উত্তর: বৃষ্টির পর ভূপৃষ্ঠে যে পানি জমা হয় তা সূর্যের তাপে জলীয়বাষ্পে পরিণত হয় এবং পরে তা বায়ুমণ্ডলে চলে যায়। এ ক্ষেত্রে পানি তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। অর্থাৎ পানির অবস্থার পরিবর্তন হয়।
প্রশ্ন: পানির তিনটি অবস্থা কী কী?
উত্তর: পানির তিনটি অবস্থা হলো- কঠিন, তরল ও গ্যাসীয়। পানির কঠিন অবস্থাকে বরফ, তরল অবস্থাকে পানি এবং গ্যাসীয় অবস্থাকে জলীয়বাষ্প বলা হয়।
প্রশ্ন: বৃষ্টি কী?
উত্তর: সূর্যের তাপ পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানিকে জলীয়বাষ্পে পরিণত করে। জলীয়বাষ্পের ক্ষুদ্র পানিকণা মিশে মেঘ সৃষ্টি করে। মেঘের পানিকণাগুলো একত্র হয়ে আরও বড় হয়ে বৃষ্টিরূপে মাটিতে পড়ে।
প্রশ্ন: ছাঁকন কী?
উত্তর: ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়াই হলো ছাঁকন।
আরো পড়ুন : জীবনের জন্য পানি অধ্যায়ের ২টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা, ৫ম পর্ব
প্রশ্ন: বিশুদ্ধ পানি কাকে বলে?
উত্তর: যে পানি স্বচ্ছ, বর্ণহীন, গন্ধহীন, যাতে কোনো ভাসমান জৈব কিংবা অজৈব পদার্থ থাকে না এবং যাতে কোনো রোগজীবাণু নেই তাকে বিশুদ্ধ পানি বলে।
প্রশ্ন: দূষিত পানি কাকে বলে?
উত্তর: যে পানিতে নানা প্রকার রোগজীবাণু, ময়লা-আবর্জনা ইত্যাদি থাকে এবং যে পানি পান করলে আমাদের রোগ হয় তাকে দূষিত পানি বলে।
প্রশ্ন: নদীর পানি প্রবাহিত হয়ে কোথায় মেশে?
উত্তর: নদীর পানি প্রবাহিত হয়ে সমুদ্রে মেশে।
প্রশ্ন: বায়ুর জলীয়বাষ্প ঠাণ্ডা হয়ে কীসে পরিণত হয়?
উত্তর: বায়ুর জলীয়বাষ্প ঠাণ্ডা হয়ে পানিকণায় পরিণত হয়।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর